স্যামসাং ব্যবহারকারীদের জন্য ইউগ্রিনের সেরা আনুষঙ্গিক পণ্য
বি এম ইমরাদ তুষার: স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ থেকে শুরু করে নানা ধরনের প্রযুক্তিপণ্যে এখন ইউএসবি-সি সংযোগ প্রায় সর্বজনীন। ফলে কোনও চার্জার শুধু নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যের জন্য তৈরি এমন ধারণার দিন অনেকটাই শেষ। ইউএসবি-সি থাকলেই একই চার্জার দিয়ে বিভিন্ন ধরনের ডিভাইস চার্জ করা সম্ভব। বিশেষ করে স্যামসাংয়ের স্মার্টফোন, গ্যালাক্সি ট্যাব, গ্যালাক্সি বুক ও অন্যান্য পণ্য ব্যবহারকারীদের জন্য সঠিক চার্জার, ক্যাবল ও বহনযোগ্য ব্যাটারি বেশ কাজে আসে।
এ ক্ষেত্রে ইউগ্রিন-এর বিভিন্ন আনুষঙ্গিক পণ্য নজর কেড়েছে। দ্রুত চার্জিং, একাধিক ডিভাইস একসঙ্গে চার্জ করার সুবিধা, উচ্চগতির তথ্য স্থানান্তর এবং নিরাপত্তাব্যবস্থার সমন্বয়ে প্রতিষ্ঠানটির বেশ কিছু পণ্য স্যামসাং ব্যবহারকারীদের জন্য কার্যকর হতে পারে। মূল্যেও একই ধরনের পণ্যের তুলনায় ইউগ্রিন অনেক ক্ষেত্রে তুলনামূলক সাশ্রয়ী। চলুন দেখে নেয়া যাক স্যামসাং ব্যবহারকারীদের জন্য ইউগ্রিনের উল্লেখযোগ্য আনুষঙ্গিক পণ্য।
ইউগ্রিন ‘হোঙ্কাই: স্টার রেল’
অন্যতম আকর্ষণ ৪৫ ওয়াটের বিশেষ নকশার বহনযোগ্য ব্যাটারি। এতে সর্বোচ্চ ৫৫ ওয়াট ইউএসবি-সি শক্তি সরবরাহের সুবিধা রয়েছে, ফলে স্যামসাংয়ের ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোন চার্জ করা যায়। এতে থাকা ক্যাবলটি একই সঙ্গে বহনের ফিতার কাজও করে। রয়েছে স্মার্ট পর্দা এবং অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। প্রায় দুই ঘণ্টায় এটি ৪৫ ওয়াট গতিতে নিজেই পূর্ণ চার্জ হতে পারে।
এ ছাড়া সংগ্রহে রয়েছে ম্যাগফ্লো এয়ার বহনযোগ্য ব্যাটারি। ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ক্ষমতার এই পণ্যে কিউআই২ প্রযুক্তির ১৫ ওয়াট চৌম্বকীয় তারবিহীন চার্জিং এবং ৩০ ওয়াট ইউএসবি-সি সংযোগ রয়েছে। একই সময়ে তিনটি স্যামসাং ডিভাইস চার্জ করার সুবিধাও পাওয়া যায়। অন্য পণ্যগুলোর মধ্যে রয়েছে ১০০ ওয়াটের গুটিয়ে রাখা যায় এমন ক্যাবল, ৬৫ ওয়াটের গ্যান চার্জার, ফাইনট্র্যাক স্কয়ার অবস্থান-নির্ণায়ক এবং ‘হোঙ্কাই: স্টার রেল’ নকশার ব্যাগ।
ইউগ্রিনের ইউএসবি-সি ক্যাবল
স্যামসাং ফোন ও ইয়ারবাডের জন্য খুব বেশি খরচ না করেও ভালো মানের ইউএসবি-সি ক্যাবল পাওয়া যায়। ইউগ্রিনের ১০০ ওয়াটের দুই ক্যাবলের প্যাকেজটির মূল্য ১২.৯৯ ডলার। ২৪০ ওয়াট ক্ষমতার পিডি৩.১ ইউএসবি-সি ক্যাবলটির মূল্য ১৫.৯৯ ডলার। গ্যালাক্সি ট্যাব ও গ্যালাক্সি বুকের মতো তুলনামূলক বেশি শক্তি প্রয়োজন এমন যন্ত্রের জন্য এটি কার্যকর।
আরও উন্নত সুবিধা চাইলে নেক্সোড ২৪০ ওয়াটের পর্দাযুক্ত ক্যাবলটি বিবেচনা করা যায়। ২৪.৯৯ ডলারের এই ক্যাবলে ডিভাইসে কত ভোল্ট, অ্যাম্পিয়ার ও ওয়াট শক্তি যাচ্ছে, তা তাৎক্ষণিকভাবে দেখা যায়। তথ্য স্থানান্তরের গতি সর্বোচ্চ ৪৮০ মেগাবিট/সেকেন্ড। সংযোগস্থলে অ্যালুমিনিয়ামের আবরণ এবং বাইরে শক্ত অথচ নমনীয় নাইলনের বুনন রয়েছে। এটি ১০ হাজারবার সংযোগ ও বিচ্ছিন্ন করার পরীক্ষাতেও উত্তীর্ণ।
যারা একটি ক্যাবল দিয়েই চার্জিং, তথ্য স্থানান্তর ও পর্দায় ছবি পাঠানোর মতো কাজ করতে চান, তাদের জন্য ইউগ্রিন ইউএসবি৪ জেন৪ ২৪০ ওয়াট ক্যাবলটি আরও উন্নত বিকল্প। এতে পিডি৩.১, সর্বোচ্চ ৮০ গিগাবিট/সেকেন্ড তথ্য স্থানান্তর এবং ডিসপ্লেপোর্ট ২.১ সমর্থন রয়েছে। এমনকি ১৬কে রেজ্যুলেশনে ৬০ হার্টজ পর্যন্ত ছবি পাঠানো সম্ভব।
নেক্সোড ২০০ ওয়াট ছয়-পোর্ট ডেস্কটপ চার্জার
যাদের কাছে গ্যালাক্সি বুক, গ্যালাক্সি ট্যাব, গ্যালাক্সি ফোন সহ একাধিক স্যামসাং ডিভাইস রয়েছে, তাদের জন্য একসঙ্গে সবগুলো চার্জ করার সুবিধা বেশ গুরুত্বপূর্ণ। এ ধরনের ব্যবহারকারীদের জন্য ইউগ্রিনের নেক্সোড ২০০ ওয়াট ডেস্কটপ চার্জার কার্যকর সমাধান হতে পারে। চার্জারটিতে মোট ছয়টি পোর্ট রয়েছে- পাঁচটি ইউএসবি-সি এবং একটি ইউএসবি-এ। সবগুলো পোর্ট একই সময়ে ব্যবহার করা যায়। ফলে আলাদা আলাদা চার্জার ব্যবহারের প্রয়োজন কমে যায়।
পণ্যটিতে পিডি৩.১ ও কিউসি৩.০সহ বিভিন্ন দ্রুত চার্জিং প্রযুক্তি সমর্থিত। একই সঙ্গে ইউগ্রিনের ১১ স্তরের নিরাপত্তাব্যবস্থা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এনটিসি সেন্সর রয়েছে। এটি ভ্রমণের জন্য সবচেয়ে ছোট সমাধান না হলেও ডেস্ক বা বিছানার পাশে একাধিক ডিভাইস চার্জ করার জন্য বেশ সুবিধাজনক। একটি পরিবারে একাধিক প্রযুক্তিপণ্য থাকলেও একই চার্জার দিয়ে সেগুলো সামলানো সম্ভব।
নেক্সোড প্রো ১৬০ ওয়াট
গ্যালাক্সি বুক বা ম্যাকবুক প্রোর মতো ল্যাপটপ দ্রুত চার্জ করতে চান এমন ব্যবহারকারীদের জন্য নেক্সোড প্রো ১৬০ ওয়াট চার্জারটি তৈরি। চার্জারটি মোট ১৬০ ওয়াট শক্তি সরবরাহ করতে পারে। এর নিজস্ব গুটিয়ে রাখা যায় এমন ইউএসবি-সি ক্যাবল দিয়ে সর্বোচ্চ ১৪০ ওয়াট শক্তি দেয়া সম্ভব। পাশাপাশি রয়েছে দুটি ইউএসবি-সি ও একটি ইউএসবি-এ পোর্ট। চাইলে একই সময়ে দুটি ল্যাপটপেও ৮০ ওয়াট করে শক্তি দেয়া যায়।
এর সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হলো গুটিয়ে রাখা যায় এমন সংযুক্ত ক্যাবল। ফলে আলাদা ক্যাবল বহনের প্রয়োজন হয় না। ক্যাবলটি ১০ হাজারবার টানার পরীক্ষায় সক্ষম বলে উল্লেখ করা হয়েছে। ভাঁজ করা যায় এমন বৈদ্যুতিক সংযোগ এবং গ্যান প্রযুক্তিনির্ভর নয় স্তরের নিরাপত্তাব্যবস্থাও রয়েছে। চার্জারের স্মার্ট স্পর্শ পর্দায় শক্তি, ভোল্টেজ ও তাপমাত্রার তথ্য দেখা যায়। অ্যাপের মাধ্যমে এর বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ এবং যন্ত্রের সফটওয়্যার হালনাগাদ করাও সম্ভব।
নেক্সোড ২৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ২০০ ওয়াট বহনযোগ্য ব্যাটারি
দীর্ঘ ভ্রমণ বা বাইরে কাজের সময় স্যামসাং ডিভাইসের চার্জ শেষ হয়ে গেলে একটি বড় ধারণক্ষমতার বহনযোগ্য ব্যাটারি অত্যন্ত কার্যকর। ইউগ্রিনের নেক্সোড ২০০ ওয়াট মডেলটিতে রয়েছে ২৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার বা ৯০ ওয়াট-আওয়ার ক্ষমতা। এতে সর্বোচ্চ ১৪০ ওয়াট পিডি৩.১ শক্তি সরবরাহ করা যায়। ফলে একই সময়ে গ্যালাক্সি বুক ও গ্যালাক্সি ট্যাবের মতো যন্ত্র চার্জ করা সম্ভব।
ছোট স্মার্ট পর্দায় ব্যাটারির অবশিষ্ট শক্তি, ভোল্টেজ, বিদ্যুৎ প্রবাহ, প্রবেশ ও বের হওয়া শক্তির পরিমাণসহ বিভিন্ন তথ্য দেখা যায়। তুলনামূলক সরু ও খাড়া নকশার কারণে ব্যাগে বহন করাও সহজ। গ্যালাক্সি ফোন, গ্যালাক্সি বাডস কিংবা স্মার্টওয়াচ সহ বিভিন্ন ডিভাইস একাধিকবার চার্জ করার মতো সক্ষমতা থাকায় দীর্ঘ ভ্রমণে এটি বেশ কার্যকর হতে পারে। বিশেষ করে যেখানে বৈদ্যুতিক সংযোগ পাওয়া কঠিন, সেখানে এমন একটি বড় ধারণক্ষমতার বহনযোগ্য ব্যাটারি পুরো স্যামসাং যন্ত্রসম্ভার সচল রাখতে সহায়তা করতে পারে।
স্যামসাং ব্যবহারকারীদের জন্য ইউগ্রিনের পণ্যগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো ইউএসবি-সি-নির্ভর ব্যাপক সামঞ্জস্য। একই চার্জার বা ক্যাবল দিয়ে ফোন, ট্যাব, ইয়ারবাড ও ল্যাপটপ চালানোর সুযোগ পাওয়া যায়। পাশাপাশি দ্রুত চার্জিং, একাধিক পোর্ট, তথ্য স্থানান্তর এবং তাপ নিয়ন্ত্রণের মতো সুবিধাও রয়েছে। পণ্য বাছাইয়ের ক্ষেত্রে মূল্য ও সুবিধার ভারসাম্য, নিরাপত্তা এবং দীর্ঘস্থায়িত্ব গুরুত্বপূর্ণ বিষয়। ইউগ্রিনের বিভিন্ন চার্জার ও ক্যাবলে গ্যান প্রযুক্তি, তাপ নিয়ন্ত্রণ, একাধিক স্তরের নিরাপত্তা, নাইলনের বুনন এবং অ্যালুমিনিয়ামের আবরণের মতো বৈশিষ্ট্য রয়েছে।
তবে সব স্যামসাং ব্যবহারকারীর জন্য সব পণ্য প্রয়োজনীয় নয়। শুধু একটি স্মার্টফোন ব্যবহার করলে বড় ক্ষমতার ডেস্কটপ চার্জার বা ২০০ ওয়াট বহনযোগ্য ব্যাটারি প্রয়োজন নাও হতে পারে। বিপরীতে, গ্যালাক্সি ফোনের পাশাপাশি ট্যাব ও গ্যালাক্সি বুক ব্যবহার করলে একাধিক ডিভাইস একসঙ্গে চার্জ করতে পারে এমন চার্জার বা বড় ধারণক্ষমতার বহনযোগ্য ব্যাটারি বেশি কাজে আসবে। তাই প্রয়োজন অনুযায়ী সঠিক পণ্য বেছে নেয়াই গুরুত্বপূর্ণ। ইউএসবি-সি সংযোগের বিস্তারের কারণে এসব আনুষঙ্গিক পণ্য ভবিষ্যতে স্যামসাংয়ের পাশাপাশি অন্যান্য ব্র্যান্ডের যন্ত্রের সঙ্গেও ব্যবহার করা সম্ভব হবে।





