রাইজেন ৯০০০ সিরিজের গেমিং পিসির সেরা ৫ মাদারবোর্ড
বি এম ইমরাদ তুষার: এএমডির রাইজেন ৯০০০ সিরিজের প্রসেসর বাজারে আসার পর গেমিং পিসি তৈরিতে এএম৫ প্ল্যাটফর্মের গুরুত্ব আরও বেড়েছে। তবে শক্তিশালী প্রসেসর কিনলেই ভালো গেমিং পিসি তৈরি হয় না। এর সঙ্গে প্রয়োজন উপযুক্ত মাদারবোর্ড। কারণ মাদারবোর্ডই নির্ধারণ করে কমপিউটারে কী ধরনের মেমোরি, স্টোরেজ, গ্রাফিকস কার্ড, নেটওয়ার্ক ব্যবস্থা ও অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করা যাবে।
রাইজেন ৯০০০ সিরিজের জন্য এএমডির বি৮৫০ চিপসেটভিত্তিক মাদারবোর্ডগুলো বিশেষভাবে নজর কাড়ছে। এতে আধুনিক সংযোগব্যবস্থা, পিসিআই এক্সপ্রেস ৫.০ এবং দ্রুতগতির ডিডিআর৫ মেমোরির সুবিধা পাওয়া যায়। একই সঙ্গে সবচেয়ে উচ্চমূল্যের মাদারবোর্ডের মতো অপ্রয়োজনীয় বাড়তি খরচও করতে হয় না। গেমিং পিসির জন্য বাজারে থাকা এমন পাঁচটি মাদারবোর্ড নিয়ে এই আয়োজন।
১. আরওজি স্ট্রিক্স বি৮৫০-এফ গেমিং ওয়াই-ফাই ৭ নিও
যারা রাইজেন ৯০০০ সিরিজের উচ্চক্ষমতার প্রসেসর দিয়ে শক্তিশালী গেমিং পিসি তৈরি করতে চান, তাদের জন্য এই মাদারবোর্ডটি বেশ আকর্ষণীয়। এটি রাইজেন ৯০০০, ৮০০০ ও ৭০০০ সিরিজের প্রসেসর সমর্থন করে। এতে ১৬+২+২ ধাপের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং ৮০ অ্যাম্পিয়ারের পাওয়ার স্টেজ রয়েছে। ফলে শক্তিশালী প্রসেসরের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহে পর্যাপ্ত সক্ষমতা পাওয়া যায়।
মেমোরির ক্ষেত্রে ডিডিআর৫ ৯০০০+ এমটি/সেকেন্ড পর্যন্ত গতি সমর্থন করে। স্টোরেজের জন্য রয়েছে চারটি এম.২ সংযোগ, এর মধ্যে দুটি পিসিআই এক্সপ্রেস ৫.০ এবং দুটি পিসিআই এক্সপ্রেস ৪.০। গ্রাফিকস কার্ডের জন্যও রয়েছে পিসিআই এক্সপ্রেস ৫.০ এক্স১৬ সংযোগ। মাদারবোর্ডটির অন্যতম বৈশিষ্ট্য হলো এআই ক্যাশ বুস্ট। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, নির্দিষ্ট এআই কমিপউটার-ভিশন পরীক্ষায় এতে ১৪.২৩ শতাংশ পর্যন্ত এবং স্থানীয় ভাষা মডেল ব্যবহারে প্রতি সেকেন্ডে টোকেন তৈরির হার ২৬.৪৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
এ ছাড়া প্রসেসরের গতি নিয়ন্ত্রণে আরও স্বাধীনতা দিতে এতে আলাদা অ্যাসিনক্রোনাস ক্লক জেনারেটর রয়েছে। কমপিউটার তৈরি ও রক্ষণাবেক্ষণ সহজ করতে পিসিআই কিউ-রিলিজ, এম.২ কিউ-রিলিজ, কিউ-ল্যাচ, কিউ-স্লাইড, কিউ-এলইডি, স্টার্ট বাটন, ক্লিয়ার সিএমওএস এবং বায়োস ফ্ল্যাশব্যাকের মতো সুবিধাও রয়েছে। সংযোগের ক্ষেত্রে ৫ গিগাবিট ইথারনেট, ওয়াই-ফাই ৭, ২০ গিগাবিট/সেকেন্ড ইউএসবি-সি এবং উন্নতমানের সুপ্রিমএফএক্স অডিও পাওয়া যায়।
২. আরওজি স্ট্রিক্স বি৮৫০-এ গেমিং ওয়াই-ফাই ৭ নিও
সাদা বা রুপালি রঙের আকর্ষণীয় গেমিং পিসি তৈরির পরিকল্পনা থাকলে এই মডেলটি নজরে রাখা যায়। ১৪+২+২ ধাপের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও ৮০ অ্যাম্পিয়ারের পাওয়ার স্টেজ শক্তিশালী রাইজেন প্রসেসর পরিচালনার জন্য যথেষ্ট সক্ষমতা দেয়। ডিডিআর৫ মেমোরি ৯০০০+ এমটি/সেকেন্ড পর্যন্ত গতি সমর্থন করে।
গ্রাফিকস কার্ডের জন্য রয়েছে পিসিআই এক্সপ্রেস ৫.০ এক্স১৬। স্টোরেজের জন্য চারটি এম.২ সংযোগের মধ্যে একটি পিসিআই এক্সপ্রেস ৫.০ এবং তিনটি পিসিআই এক্সপ্রেস ৪.০। সংযোগ ব্যবস্থাতেও ঘাটতি নেই। রয়েছে ৫ গিগাবিট ইথারনেট, ওয়াই-ফাই ৭, ২০ গিগাবিট/সেকেন্ড ইউএসবি-সি, চারটি ১০ গিগাবিট/সেকেন্ড ইউএসবি এবং ছয়টি ৫ গিগাবিট/সেকেন্ড ইউএসবি পোর্ট।
অপটিক্যাল এস/পিডিআইএফ ও সুপ্রিমএফএক্স অডিও রয়েছে। এর সঙ্গে এআই ক্যাশ বুস্ট, এআই নেটওয়ার্কিং ২, এআই কুলিং ২, অরা সিঙ্ক, ৬৪ মেগাবাইটের বায়োস এবং আগে থেকেই ইনস্টল করা ওয়াই-ফাই চালক যুক্ত হয়েছে। ফলে দেখতে যেমন আকর্ষণীয়, সক্ষমতার দিক থেকেও এটি শক্তিশালী।
৩. এমএসআই ম্যাগ বি৮৫০ টমাহক ম্যাক্স ওয়াই-ফাই
যারা বাড়তি জটিলতা ছাড়াই শক্তিশালী ও ব্যবহারিক মাদারবোর্ড চান, তাদের জন্য এমএসআইয়ের এই মডেলটি উপযোগী। এতে শক্তিশালী বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, ডিডিআর৫ মেমোরি এবং গ্রাফিকস কার্ডের জন্য পিসিআই এক্সপ্রেস ৫.০ রয়েছে। চারটি এম.২ সংযোগের মধ্যে দুটি পিসিআই এক্সপ্রেস ৫.০ হওয়ায় একাধিক দ্রুতগতির এসএসডি ব্যবহারের সুযোগ রয়েছে। নেটওয়ার্কের জন্য ৫ গিগাবিট ইথারনেট ও ওয়াই-ফাই ৭ রয়েছে। পর্যাপ্ত ইউএসবি পোর্টের পাশাপাশি রিয়েলটেক এএলসি৪০৮০ অডিও ব্যবস্থাও রয়েছে।
আরওজি স্ট্রিক্সের মডেলগুলোর তুলনায় এই মাদারবোর্ডে এআই বা অতিরিক্ত উন্মুক্তকরণ সুবিধার ওপর কম গুরুত্ব দেয়া হয়েছে। বরং দ্রুত স্টোরেজ, পিসিআই এক্সপ্রেস ৫.০, ডিডিআর৫, দ্রুতগতির নেটওয়ার্ক এবং প্রয়োজনীয় সম্প্রসারণ সুবিধাকে গুরুত্ব দেয়া হয়েছে।
৪. গিগাবাইট বি৮৫০ অরস এলিট ওয়াই-ফাই ৭
রাইজেন ৯০০০ সিরিজের জন্য শক্তিশালী মাদারবোর্ডের পাশাপাশি যুক্তিসংগত খরচে আধুনিক সুবিধা চান এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এই মডেলটি তৈরি। এতে ১৪+২+২ ধাপের ডিজিটাল ভিআরএম, ডিডিআর৫ ৮২০০ এমটি/সেকেন্ড পর্যন্ত মেমোরি এবং গ্রাফিকস কার্ডের জন্য পিসিআই এক্সপ্রেস ৫.০ এক্স১৬ রয়েছে। স্টোরেজের জন্য তিনটি এম.২ সংযোগ রয়েছে। ফলে সাধারণ গেমিং পিসিতে একাধিক দ্রুতগতির এনভিএমই এসএসডি ব্যবহারের যথেষ্ট সুযোগ পাওয়া যায়।
নামের সঙ্গে মিল রেখে এতে ওয়াই-ফাই ৭ রয়েছে। দ্রুতগতির তারযুক্ত নেটওয়ার্ক ব্যবস্থার পাশাপাশি তারবিহীন সংযোগের সুবিধাও থাকছে। যারা আধুনিক সংযোগ, দ্রুত মেমোরি, পিসিআই এক্সপ্রেস ৫.০ এবং পর্যাপ্ত স্টোরেজ সুবিধা চান, তাদের জন্য এটি ভারসাম্যপূর্ণ একটি পছন্দ।
৫. এএসরক বি৮৫০ স্টিল লেজেন্ড ওয়াই-ফাই
বাজেটের মধ্যে রাইজেন ৯০০০ সিরিজের গেমিং পিসি তৈরি করতে চান এমন ব্যবহারকারীদের জন্য এএসরকের এই মাদারবোর্ডটি গুরুত্বপূর্ণ বিকল্প। এতে ১৪+২+১ ধাপের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং ৮০ অ্যাম্পিয়ারের পাওয়ার স্টেজ রয়েছে। গ্রাফিকস কার্ডের জন্য পিসিআই এক্সপ্রেস ৫.০ এবং স্টোরেজের জন্য চারটি এম.২ সংযোগ রয়েছে। ফলে ভবিষ্যতে একাধিক এনভিএমই এসএসডি যুক্ত করার সুযোগ থাকছে।
সংযোগ ব্যবস্থায় ওয়াই-ফাই ৭, ২.৫ গিগাবিট ইথারনেট, আধুনিক ইউএসবি পোর্ট এবং বায়োস ফ্ল্যাশব্যাক রয়েছে। অন্যদিকে স্টিল লেজেন্ড সিরিজের স্বতন্ত্র নকশা মাদারবোর্ডটিকে সাধারণ মডেলের চেয়ে আলাদা করে তুলেছে। ৫ গিগাবিট নেটওয়ার্কের তুলনায় ২.৫ গিগাবিট ইথারনেট কিছুটা ধীর হলেও অধিকাংশ গেমিং পিসির জন্য তা যথেষ্ট। বরং সাশ্রয়ী বাজেটে পিসিআই এক্সপ্রেস ৫.০, ওয়াই-ফাই ৭, চারটি এম.২ এবং সক্ষম বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পাওয়াটাই এই মাদারবোর্ডের বড় সুবিধা।
রাইজেন ৯০০০ সিরিজের গেমিং পিসি তৈরির ক্ষেত্রে মাদারবোর্ড বাছাই শুধু প্রসেসরকে সমর্থন করার বিষয় নয়। ভবিষ্যতে দ্রুতগতির এসএসডি, উন্নত গ্রাফিকস কার্ড, বেশি গতির মেমোরি কিংবা দ্রুত নেটওয়ার্ক ব্যবহারের প্রয়োজন হতে পারে। তাই বাজেট ও প্রয়োজন অনুযায়ী মাদারবোর্ড নির্বাচন করলে একই পিসি দীর্ঘদিন ব্যবহার করা সহজ হবে।
উচ্চক্ষমতার প্রসেসর ও সর্বোচ্চ সংযোগ সুবিধা চাইলে আরওজি স্ট্রিক্স বি৮৫০-এফ গেমিং ওয়াই-ফাই ৭ নিও বা বি৮৫০-এ গেমিং ওয়াই-ফাই ৭ নিও বিবেচনায় রাখা যায়। ব্যবহারিক সুবিধাকে গুরুত্ব দিলে এমএসআই ম্যাগ বি৮৫০ টমাহক ম্যাক্স ওয়াই-ফাই কিংবা গিগাবাইট বি৮৫০ অরস এলিট ওয়াই-ফাই ৭ নজরে রাখা যায়। আর তুলনামূলক কম বাজেটে আধুনিক সুবিধা পেতে চাইলে এএসরক বি৮৫০ স্টিল লেজেন্ড ওয়াই-ফাই হতে পারে উপযুক্ত বিকল্প।





