আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক, চালু হচ্ছে ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম

ক.বি.ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি খাতে নতুন প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ নিয়ে এসেছে বৈশ্বিক নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক। ওয়্যারলেস কানেক্টিভিটির পরবর্তী প্রজন্মের প্রযুক্তি ‘ওয়াই-ফাই ৮’ দেশে উন্মোচন করেছে টিপি-লিংক। পাশাপাশি নেটওয়ার্কিং পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম’ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার একটি স্থানীয় হোটেলে টিপি-লিংকের জাতীয় পরিবেশক প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে এসব উদ্যোগ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকর্পোরেটেডের এশিয়া প্যাসিফিক (এপিএসি) অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠানের তিন শতাধিক স্বত্বাধিকারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্রায়ান ডং বলেন, ‘‘বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগে আমাদের আগ্রহ রয়েছে। এ প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের বাজারে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আসতে কাজ করছে প্রতিষ্ঠানটি।’’

গৌতম সাহা বলেন, ‘‘এক্সেল টেকনোলজিস স্থানীয় বাজারে আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তি পৌঁছে দেয়া এবং প্রযুক্তি অংশীদারদের সক্ষমতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। প্রযুক্তিগত উদ্ভাবনকে ত্বরান্বিত করা, নেটওয়ার্কিং পেশাজীবীদের দক্ষ করে তোলা এবং দেশের কানেক্টিভিটি অবকাঠামোর উন্নয়নে ভূমিকা রাখাই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের অন্যতম লক্ষ্য।’’

অনুষ্ঠানে টিপি-লিংকের নতুন প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচনকে ওয়্যারলেস কানেক্টিভিটির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়। আল্ট্রা-হাই রিলায়েবিলিটি ধারণার ওপর ভিত্তি করে তৈরি এই প্রযুক্তির মূল লক্ষ্য হলো নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা, স্থিতিশীলতা ও ধারাবাহিক পারফরম্যান্স উন্নত করা। ক্রমবর্ধমান ডিজিটাল নির্ভরতা, একাধিক ডিভাইসের সংযোগ এবং আধুনিক কর্মপরিবেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের চাহিদা বাড়ছে। এমন পরিস্থিতিতে ওয়াই-ফাই ৮ আরও স্থিতিশীল সংযোগ, উন্নত নেটওয়ার্ক কভারেজ এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের ওপর গুরুত্ব দিবে।

টিপি-লিংকের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম’ তুলে ধরা হয়। সিস্টেম ইন্টিগ্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তি খাতের অংশীদারদের পেশাগত ও কারিগরি দক্ষতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। এই প্রোগ্রামের আওতায় বিশেষায়িত কারিগরি প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় সেশন এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন সুযোগ তৈরি করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং খাতে দক্ষ জনবল ও পেশাদার নেটওয়ার্কিং ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে ‘ওমাডা এক্সপার্ট একাডেমি’ কারিগরি শিক্ষা, পেশাগত উন্নয়ন এবং উন্নত নেটওয়ার্কিং সক্ষমতা অর্জনের একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’-এর মধ্য দিয়ে নতুন প্রযুক্তি উন্মোচনের পাশাপাশি বাংলাদেশের নেটওয়ার্কিং খাতে দক্ষতা উন্নয়ন ও ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণের বার্তাও দিয়েছে প্রতিষ্ঠান দুটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *