উদ্যোগ

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ উদ্বোধন

ক.বি.ডেস্ক: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। অনারের ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে শুরু করে বাজেট-বান্ধব সব ধরণের স্মার্টফোন পাওয়া যাবে নতুন এই ব্র্যান্ডশপে। পাশাপাশি অনারের বিভিন্ন আইওটি ডিভাইসও কিনতে পারবেন ক্রেতারা।

বুধবার (১৫ জুলাই) চট্টগ্রামের আগ্রাবাদ কমার্শিয়াল এলাকার আখতারুজ্জামান সেন্টারে নতুন এ ব্র্যান্ডশপের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল অনারের হিউম্যানয়েড (মানবসদৃশ) রোবট। অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে, হাত মিলিয়ে এবং ছবি তুলে সবার দৃষ্টি কাড়ে রোবটটি। অনারের বিভিন্ন স্মার্ট প্রযুক্তি সম্পর্কে তথ্য দেয়ার পাশাপাশি কেনাকাটায়ও সহায়তা করে এটি।

মো. আশরাফুল আমিন বলেন, “ক্রেতাদের জন্য মানসম্মত পণ্য এবং সহজ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে নেয়া এমন যেকোনও উদ্যোগই ইতিবাচক। আশা করি, এই ব্র্যান্ডশপ চট্টগ্রামের প্রযুক্তিপ্রেমী মানুষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।”

আব্দুল্লাহ আল মামুন বলেন, “চট্টগ্রাম আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। নতুন এই ব্র্যান্ডশপের মাধ্যমে গ্রাহকেরা অনারের সকল অফিশিয়াল ডিভাইস ও সেবা আরও সহজে পাবেন। একই সঙ্গে তারা অনারের নতুন প্রযুক্তি ও এআই–নির্ভর উদ্ভাবনের অভিজ্ঞতাও নিতে পারবেন।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *