আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

৭২০ হার্টজ রিফ্রেশ রেটের ওলেড প্যানেল আনল এলজি ডিসেপ্ল, গেমিংয়ে নতুন গতি

ক.বি.ডেস্ক: ই-স্পোর্টস ও হাই-স্পিড গেমিং মনিটরের বাজারে নতুন মাত্রা যোগ করতে ২৪.৫ ইঞ্চির ৭২০ হার্টজ গেমিং ওলেড প্যানেল উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার ডিসপ্লে প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি ডিসপ্লে। প্রতিষ্ঠানটির দাবি, ই-স্পোর্টসের জন্য বিশেষভাবে তৈরি এটিই বিশ্বের প্রথম ২৪.৫ ইঞ্চির ৭২০ হার্টজ ওলেড প্যানেল।

ই-স্পোর্টসে সাধারণত ২৪ ইঞ্চি শ্রেণির মনিটর বেশি ব্যবহৃত হয়। এর অন্যতম কারণ, এই আকারের স্ক্রিনে খেলোয়াড়রা পুরো ডিসপ্লে এক নজরে দেখতে পারেন। এই বাজারে ওলেড প্রযুক্তিকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই ২৪.৫ ইঞ্চির নতুন প্যানেলটির ব্যাপক উৎপাদন শুরু করেছে এলজি ডিসপ্লে।

নতুন প্যানেলটির সবচেয়ে বড় আকর্ষণ এর ৭২০ হার্টজ রিফ্রেশ রেট এবং মাত্র ০.০২ মিলিসেকেন্ড রেসপন্স টাইম। এলজি ডিসপ্লে-এর দাবি, গেমিং ওলেড ডিসপ্লের মধ্যে ৭২০ হার্টজ রিফ্রেশ রেট বর্তমানে সর্বোচ্চ। রিফ্রেশ রেট বলতে প্রতি সেকেন্ডে স্ক্রিন কতবার নতুন ছবি প্রদর্শন করতে পারে, তা বোঝায়। ৭২০ হার্টজ অর্থ হলো ডিসপ্লেটি প্রতি সেকেন্ডে ৭২০ বার স্ক্রিন আপডেট করতে সক্ষম। দ্রুতগতির গেমে এই উচ্চ রিফ্রেশ রেট স্ক্রিনের মুভমেন্টকে আরও মসৃণভাবে উপস্থাপনে সহায়তা করে।

তবে শুধু উচ্চ রিফ্রেশ রেট নয়, এই প্রযুক্তি স্থিতিশীলভাবে পরিচালনার জন্য নিজস্ব ড্রাইভিং অ্যালগরিদম তৈরি করেছে এলজি ডিসপ্লে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফুল এইচডি বা ১৯২০×১০৮০ রেজ্যুলেশনেও ৭২০ হার্টজ রিফ্রেশ রেট স্থিতিশীল রাখতে বিশেষ অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। প্যানেল ডিজাইন থেকে শুরু করে ড্রাইভিং সিস্টেম পর্যন্ত সমন্বিত প্রযুক্তির মাধ্যমে এই সমাধান তৈরি করা হয়েছে।

৭২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ০.০২ মিলিসেকেন্ড রেসপন্স টাইমের কারণে দ্রুতগতির গেমে মোশন ব্লার ও ঘোস্টিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে জানিয়েছে এলজি ডিসপ্লে। বিশেষ করে ফার্স্ট-পার্সন শুটার (এফপিএস) এবং রেসিং গেমে এর সুবিধা বেশি পাওয়া যাবে। দ্রুতগতির গেমে বন্দুকের গুলির ঝলক, প্রতিপক্ষের দ্রুত নড়াচড়া কিংবা রেসিং ট্র্যাকে ছুটে চলা গাড়ির মতো দৃশ্যগুলো আরও পরিষ্কার ও মসৃণভাবে দেখা যাবে। ফলে প্রতিযোগিতামূলক গেমিংয়ে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে খেলোয়াড়রা বাড়তি সুবিধা পেতে পারেন।

ওলেড প্রযুক্তির আরেকটি সুবিধা হলো, এলসিডি-এর মতো আলাদা ব্যাকলাইটের প্রয়োজন হয় না। ওলেড-এর প্রতিটি পিক্সেল নিজে থেকে আলো তৈরি করতে পারে। এর ফলে উজ্জ্বল রঙ, গভীর কালো এবং উচ্চমানের ছবির মাধ্যমে গেমে আরও বেশি নিমগ্নতার সুযোগ তৈরি হয়।

এলজি ডিসপ্লে-এর নতুন ২৪.৫ ইঞ্চির ৭২০ হার্টজ ওলেড প্যানেলটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে আসুস-এর নতুন গেমিং মনিটর আরওজি সুইফট ওলেড পিজি২৫৯কিউডব্লিউএস এসিই-তে। মনিটরটি ২০২৬ সালের অন্যতম বড় কাউন্টার স্ট্রাইক ২ প্রতিযোগিতা পিজিএল সিএস২ মেজর সিঙ্গাপুর ২০২৬-এর অফিসিয়াল ই-স্পোর্টস মনিটর হিসেবে নির্বাচিত হয়েছে। ফলে পেশাদার প্রতিযোগিতামূলক গেমিংয়ের বাস্তব পরিবেশেই এলজি ডিসপ্লে-এর নতুন প্যানেলের সক্ষমতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে।

৭২০ হার্টজ ওলেড প্যানেল উন্মোচনের মাধ্যমে ই-স্পোর্টস বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে এলজি ডিসপ্লে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০ থেকে ৪০ ইঞ্চি শ্রেণি পর্যন্ত বিস্তৃত গেমিং ডিসপ্লে প্যানেলের পূর্ণাঙ্গ লাইনআপের মাধ্যমে বাজারে নেতৃত্ব দেয়ার কৌশল নেয়া হয়েছে।

লাইনআপের কিছু পণ্যে এলজি ডিসপ্লে-এর নিজস্ব ডাইনামিক ফ্রিকোয়েন্সি অ্যান্ড রেজ্যুলেশ (ডিএফআর) প্রযুক্তিও রয়েছে। গেমিং ডিসপ্লে উন্নয়নের বিভিন্ন পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি বা এআই ট্রান্সফরমেশন (এএক্স) ব্যবহারের মাধ্যমেও প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ২৪.৫ ইঞ্চির ৭২০ হার্টজ ওলেড প্যানেলের মাধ্যমে ই-স্পোর্টস মনিটরের মূলধারায় ওলেড প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে বলে প্রত্যাশা করছে এলজি ডিসপ্লে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *