স্মার্টফোনে নিজেই কাজ করবে এআই, নতুন ‘এলা ক্ল’ আনল টেকনো
ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মার্ট, বাস্তবসম্মত ও পার্সোনালাইজড করতে টেকনো নিয়ে এসেছে পরীক্ষামূলক এজেন্টিক এআই অ্যাসিস্ট্যান্ট ‘এলা ক্ল’। টেকনোর ‘এলা’ অ্যাসিস্ট্যান্ট এবং ‘ওপেনক্ল’ ফ্রেমওয়ার্কের কম্বিনেশনে তৈরি এই প্রযুক্তি শুধু প্রশ্নের উত্তর দেয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ব্যবহারকারীদের বিভিন্ন দৈনন্দিন কাজ আরও সহজে ও অটোমেটিকভাবে সম্পন্ন করতেও সাহায্য করে।
সাধারণ চ্যাটবটের মতো শুধু প্রশ্নের উত্তর দেয়ার বদলে, ‘এলা ক্ল’ এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে এটি ব্যবহারকারীদের পছন্দ বুঝে স্মার্টফোনে তাদের অনুমতি দেয়া বিভিন্ন কাজ করতে পারে। ৪০টিরও বেশি স্মার্ট স্কিলের মাধ্যমে চালিত এই এআই অ্যাসিস্ট্যান্ট অতিরিক্ত ব্যাটারি বা ডেটা ব্যবহার করা অ্যাপ ডিটেক্ট করা, র্যাম ও সিপিইউ রিসোর্স অপটিমাইজ করা, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অপ্রয়োজনীয় অ্যাক্টিভিটি কমানো এবং ডিভাইসের পারফরম্যান্স আরও ভালো রাখতে সাহায্য করে।
তবে বড় কোনও কিছু পরিবর্তন করার আগে ব্যবহারকারীর অনুমতি নেয়া হয়, যাতে ডিভাইসের কন্ট্রোল সবসময় তাদের হাতেই থাকে। ব্যবহারকারীদের আরও ব্যক্তিগত অভিজ্ঞতা দিতে ‘এলা ক্ল’ লং-টার্ম মেমোরি ব্যবহার করতে পারে। এর মাধ্যমে এটি ক্যালেন্ডার, আবহাওয়া ও ট্রাভেল সম্পর্কিত তথ্য সব একসঙ্গে নিয়ে দিনের শুরুতে ছোট আপডেট দিয়ে, ট্রাভেল রিমাইন্ডার সেট ও যাতায়াতের প্ল্যানিং করে দিতে পারে।
এ ছাড়া, ব্যবহারকারীর অনুমতি নিয়ে অনলাইন শপিং, ট্রান্সপোর্ট, খাবার অর্ডার এবং স্মার্ট হোম অ্যাপ কন্ট্রোল করার মতো বিভিন্ন কাজও ধাপে ধাপে করতে পারে। এসব কাজ সম্ভব হয় ‘ক্রস-অ্যাপ অটোমেশন’ ফিচারের মাধ্যমে, যা ‘এলা ক্ল’-কে একাধিক অ্যাপের মধ্যে কোঅর্ডিনেশন করে কাজ করতে সাহায্য করে।
যেমন, ব্যবহারকারী শুধু ডিরেকশন দিলেই এটি রাইড-শেয়ারিং অ্যাপে গাড়ি বুক করা, অনলাইনে খাবার অর্ডার দেয়া, কোনও পণ্য কেনা বা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপের মাল্টিটাস্কিং করতে সাহায্য করতে পারে। পুরো প্রসেসটি যেহেতু ব্যবহারকারীর সামনে দেখানো হয়, ফলে তারা প্রতিটি ধাপই সহজে মনিটর ও কন্ট্রোল করতে পারেন।
বিভিন্ন টেক বেস প্রকাশনা ‘এলা ক্ল’-কে এমন একটি এআই প্রযুক্তি হিসেবে তুলে ধরেছে, যা শুধু কনভারসেশন এর মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবের বিভিন্ন কাজও করতে পারে। অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছেন, ওপেনক্ল-চালিত এই এআই অ্যাসিস্ট্যান্ট স্মার্টফোন ব্যবহারকারীদের দৈনন্দিন কাজগুলো অটোমেটিকভাবে করতে এবং মাল্টিটাস্কিং করতে সক্ষম।
অন্যদিকে গ্যাজেটম্যাচ জানিয়েছে, এটি ফোনের পারফরম্যান্স ভালো রাখা এবং ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী দৈনিক রুটিন ম্যানেজ করা এবং ক্রস-অ্যাপ সাপোর্ট দেয়ার ওপর গুরুত্ব দেয়। মার্কেট রিসার্চ ইনস্টিটিউট ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’ এর মতে ‘এলা ক্ল’-কে নতুন প্রজন্মের ‘এজেন্ট ফোন’ হিসেবে বলা হয়েছে। তাদের মতে, স্মার্টফোনের এআই এখন শুধু তথ্য দেয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ব্যবহারকারীর প্রয়োজন বুঝে ধাপে ধাপে বিভিন্ন কাজ করার দিকেও এগিয়ে যাচ্ছে। টেকনো এমন এআই প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে, যা শুধু প্রিমিয়াম ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারে।
বাংলাদেশের মতো দেশে, যেখানে স্মার্টফোন এখন কাজ, পড়াশোনা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও দৈনিক নানা সেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠছে, সেখানে ‘এলা ক্ল’-এর মতো প্রযুক্তি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলতে পারে। এই সুবিধা যেন ভবিষ্যতে শুধু প্রিমিয়াম ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ না থেকে সব ধরনের ব্যবহারকারীর কাছে পৌঁছায়, সে লক্ষ্যেই টেকনো বর্তমানে কাজ করে যাচ্ছে। বর্তমানে ‘এলা ক্ল’ ডেভেলপমেন্ট ও টেস্টিং পর্যায়ে রয়েছে।





