সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন
ক.বি.ডেস্ক: সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ বিনিময়ের ক্ষেত্রে দ্বিপাক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। সাইবার অপরাধ মোকাবিলা, আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট জনবলের দক্ষতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সমঝোতা হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা, সাইবার অপরাধ মোকাবিলা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং আধুনিক ডিজিটাল ফরেনসিক অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়।
বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘‘গত দুই বছরে চীন বাংলাদেশের শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এসব প্রশিক্ষণের মধ্যে সাইবার ক্রাইম, পাবলিক সিকিউরিটি ম্যানেজমেন্ট, ট্রাফিক ও ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট, ইমিগ্রেশন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসংক্রান্ত প্রশিক্ষণ রয়েছে।’’
তিনি সাইবার অপরাধ প্রতিরোধে চীনা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সাইবার ল্যাব পরিদর্শনের পাশাপাশি প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল পাঠানোরও পরামর্শ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর জন্য একটি বিশেষায়িত ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে। সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ফরেনসিক সক্ষমতা আরও বাড়াতে সিআইডির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনে পাঠানো হবে।’’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘প্রতিনিধি দলে একজন অতিরিক্ত আইজিপি, একজন অতিরিক্ত ডিআইজি এবং সাইবার ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা থাকবেন। প্রতিনিধি দলটি চীনের সাইবার ল্যাব, প্রযুক্তি ও সংশ্লিষ্ট অবকাঠামো পরিদর্শন করবে। একই সঙ্গে সাইবার অপরাধ তদন্ত ও ডিজিটাল ফরেনসিক কার্যক্রমে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবে। দেশে ফিরে দলটি বাংলাদেশে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব প্রস্তুত করবে।’’





