ডিজিটাল ব্যাংক চালুর প্রাথমিক অনুমোদন পেল ভিওন ও স্কয়ার গ্রুপ
ক.বি.ডেস্ক: বাংলাদেশে ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেয়েছে নাসডাকে তালিকাভুক্ত বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন ও দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের যৌথ উদ্যোগ। ‘নোভা ডিজিটাল ব্যাংক’ নামে প্রস্তাবিত এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সেবায় প্রবেশের পথে এগিয়ে গেল ভিওন।
ভিওন জানিয়েছে, প্রতিষ্ঠানটির ডিজিটাল ফাইন্যান্সিয়াল গ্রুপ ও স্কয়ার গ্রুপের যৌথ উদ্যোগটি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে। এর আগে ভিওনের বাংলাদেশি অপারেটর বাংলালিংক ‘মুক্ত পে’ ডিজিটাল পেমেন্ট সেবা চালুর জন্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স পেয়েছিল। ভিওনের ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও’ কাঠামোর আওতায় ডিজিটাল ব্যাংকের অনুমোদনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে মোট ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্যের অংশ হিসেবে ভিওন প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এই বিনিয়োগের আওতায় কানেক্টিভিটি, ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল আর্থিক সেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাত এগিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে।
কানেক্টিভিটিকে ভিত্তি করে প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটি বাংলালিংকের মোবাইল ইকোসিস্টেমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে দেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা দেয়ার পরিকল্পনা করছে। ভিওনের বৈশ্বিক প্রযুক্তিগত অভিজ্ঞতার সঙ্গে স্কয়ার গ্রুপের দীর্ঘদিনের দেশীয় উৎপাদন, বিতরণ ও খুচরা নেটওয়ার্ককে সমন্বয় করে প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে আধুনিক আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
ভিওনের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু বলেন, “আর্থিক অন্তর্ভুক্তি দারিদ্র্য বিমোচনের অন্যতম উপায় হতে পারে। স্কয়ার গ্রুপের মতো প্রতিষ্ঠিত অংশীদারের সঙ্গে কাজ করে ব্যাংকিং সেবার বাইরে থাকা আরও মানুষকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ এগিয়ে নেয়া সম্ভব হবে।”
স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, “বাংলাদেশ ব্যাংকের আস্থা ও বিশ্বাসের জন্য তারা সম্মানিত। ভিওনের প্রযুক্তিগত দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতার সঙ্গে স্কয়ার গ্রুপের ৬৮ বছরের দেশীয় ব্যবসায়িক অভিজ্ঞতার সমন্বয় ডিজিটাল ব্যাংকটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি।”
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, “‘মুক্ত পে’ চালুর পর ডিজিটাল ব্যাংকিংয়ের অনুমোদন তাদের আর্থিক সেবা সম্প্রসারণের সুযোগ তৈরি করেছে। বাংলালিংকের দেশব্যাপী টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও বিতরণব্যবস্থার সঙ্গে ডিজিটাল আর্থিক সেবা যুক্ত করে বিশেষ করে প্রচলিত ব্যাংকিংয়ের বাইরে থাকা মানুষের কাছে সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য রয়েছে।”
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সিদ্ধান্তে মোট পাঁচটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক প্রাথমিক অনুমোদন পেয়েছে বা সংশ্লিষ্টভাবে লেটার অব ইনটেন্ট পাওয়ার পথে রয়েছে। এর মধ্যে ভিওন ও স্কয়ার গ্রুপ-সমর্থিত নোভা ডিজিটাল ব্যাংক অন্যতম। প্রাথমিক অনুমোদনের পর নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে চূড়ান্ত লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া এগোবে।





