টিকটকে ট্রাভেল ক্রিয়েটরের গল্পে চেনা-অচেনা বাংলাদেশ
পৃথিবীতে হয়তো এমন লোক খুঁজে পাওয়া যাবেনা যিনি ঘুরতে ভালোবাসেন না। বর্তমান সময়ে ভ্রমণ আর শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াতে সীমাবদ্ধ নয়। একটি নতুন জায়গা দেখা, সেখানকার মানুষ ও সংস্কৃতিকে জানা এবং সেই অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেয়াও ভ্রমণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ভ্রমণের সেই গল্প পৌঁছে যাচ্ছে হাজারও মানুষের কাছে।
টিকটকে #beautifulbangladesh হ্যাশট্যাগে প্রায় ৫৩ হাজারেরও বেশি কনটেন্ট ওঠে এসেছে যেখানে খুঁজে পাবেন বাংলাদেশ ভ্রমণের দারুণ সব টিপস অ্যান্ড ট্রিক্স। বাংলাদেশেও তৈরি হচ্ছে এমন সব ট্রাভেল কনটেন্ট। বর্তমান ব্যস্ত জীবনে, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মত প্ল্যাটফর্মে ট্রাভেল ভিডিও দেশের লাখ-লাখ মানুষ দেখছেন এবং ভিডিও দেখে সেই সব সব জায়গায় ভ্রমণও করছেন।
বিশ্বজুড়ে ভ্রমণকারীরা #traveltok হ্যাশট্যাগে প্রায় ৫০ লাখেরও বেশি কনটেন্ট পোস্ট করেছে টিকটকে। অন্যদিকে, #travelbangladesh হ্যাশট্যাগে এই প্ল্যাটফর্মে দেখা যায় প্রায় ২৭ হাজারেরও বেশি কনটেন্ট। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসেও দেখা গেছে অনেক ট্র্যাভেলার শেয়ার করেছে তাদের অভিজ্ঞতা। আজ জানবো এমন তিনজন ট্রাভেল ক্রিয়েটরের কথা।
দৃশ্যেই গল্প বলেন বাদশা
ক্রিয়েটর বাদশা (@badshaa.storyteller) ভ্রমণের গল্প বলার ক্ষেত্রে সিনেমাটিক দৃশ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ক্যামেরাই যেন হয়ে ওঠে গল্প বলার প্রধান মাধ্যম। পাহাড়, ঝর্ণা, রাস্তা, ব্যস্ত বাজার অথবা কোনও গ্রামের মানুষের দৈনন্দিন জীবন এসবের মধ্য দিয়েই তিনি গল্প তৈরি করার চেষ্টা করেন। তার ভিডিও দেখলে মনে হতে পারে, দর্শকও যেন সেই পথ ধরে হাঁটছেন। বাদশার কাজের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো স্থানীয় সংস্কৃতির প্রতি তার আগ্রহ। কোনও জায়গার শুধু দর্শনীয় স্থান দেখানোর পরিবর্তে সেখানকার মানুষ, জীবনযাপন ও সংস্কৃতিকে দৃশ্যের মাধ্যমে তুলে ধরেন তিনি।
পথের পুরো হিসাব দেন রাফি
ক্রিয়েটর রাফির (@rafithelittletraveler) ভ্রমণ ভিডিওর ধরন কিছুটা আলাদা। তিনি শুধু কোথায় গেছেন, সেটি দেখিয়েই থেমে থাকেন না; কীভাবে সেখানে যেতে হবে, কোথায় থাকা যায়, কীভাবে পুরো যাত্রাটি পরিকল্পনা করা যায়, এসব বিষয়ও বিস্তারিতভাবে তুলে ধরেন। তার ভিডিওতে থাকে যাত্রাপথের বর্ণনা এবং প্রয়োজনীয় নির্দেশনা। একজন নতুন ভ্রমণকারী কোনও জায়গায় যেতে চাইলে তার ভিডিও থেকে প্রাথমিক ধারণা পেতে পারেন। ভ্রমণের সম্ভাব্য খরচও তিনি আলাদা করে তুলে ধরেন।
সৌন্দর্য আর অনুভূতির গল্প আফিফের
ক্রিয়েটর আফিফ সাগরের (@afif_sagor) ভ্রমণ ভিডিও আবার অন্য ধরনের অনুভূতি তৈরি করে। কোনও সুন্দর জায়গায় গিয়ে তিনি শুধু সেই জায়গার দৃশ্য দেখান না; বরং সেই পরিবেশকে ঘিরে নিজের ভাবনাও প্রকাশ করেন। প্রকৃতির কোনও নির্জন দৃশ্য, পাহাড়ের পথ, নদী কিংবা সবুজে ঘেরা কোনও স্থান তার ভিডিওতে শুধু একটি পর্যটনস্থল হিসেবে ওঠে আসে না। দারুণ সব দৃশ্যের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করে তিনি এমন এক আবহ তৈরি করেন, যা দর্শককে কিছু সময়ের জন্য নিয়ে যায় সেই জায়গায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণবিষয়ক ভিডিওর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের ক্রিয়েটরদের কাজও নতুন প্রজন্মের ভ্রমণ ভাবনায় প্রভাব ফেলছে। টিকটকে তাদের ভিডিও দেখে কেউ হয়তো নতুন কোনও জায়গায় যাওয়ার পরিকল্পনা করছেন, কেউ ভ্রমণের বাজেট হিসাব করছেন, আবার কেউ নিজের দেশের অজানা সৌন্দর্য নতুন করে আবিষ্কার করছেন।





