একটি ফাঁকা ওয়েবপেজও চুরি করতে পারে আপনার তথ্য: ক্যাসপারস্কি
ক.বি.ডেস্ক: ফাঁকা বা অসম্পূর্ণ ওয়েবপেজও ব্যবহারকারীদের জন্য সাইবার ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে গ্লোবাল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির মতে, বাইরে থেকে নিরীহ মনে হলেও অনেক পার্কড ডোমেইন ব্যবহারকারীর অজান্তেই বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে বা আরও বিপজ্জনক ওয়েবসাইটে নিয়ে যেতে পারে।
ক্যাসপারস্কি জানিয়েছে, পার্কড ডোমেইন হলো এমন একটি নিবন্ধিত ওয়েব ঠিকানা, যেখানে এখনও পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা হয়নি। এসব সাইটে সাধারণত ফাঁকা পেজ, ‘কামিং সুন’ বা ‘ ডোমেইন ফর সেল’ ধরনের বার্তা দেখা যায়। তবে অনেক ক্ষেত্রে এসব পেজে থাকা গোপন স্ক্রিপ্ট ব্যবহারকারীর আইপি ঠিকানা, অবস্থান সংক্রান্ত তথ্য, ব্রাউজারের তথ্য, কুকি শনাক্তকারী এবং ব্রাউজারের বিশেষ বৈশিষ্ট্য সংগ্রহ করতে পারে। পরে এসব তথ্য বিজ্ঞাপন নেটওয়ার্ক ব্যবহারকারীর সম্মতি ছাড়াই তার অনলাইন কার্যক্রমের বিস্তারিত প্রোফাইল তৈরিতে ব্যবহার করতে পারে।
এ ধরনের ডোমেইন আরও বড় ধরনের সাইবার ঝুঁকির কারণও হতে পারে। সাইবার অপরাধীরা এগুলো ব্যবহার করে ভিজিটরদের ফিশিং ওয়েবসাইট, অনলাইন প্রতারণার পেজ, অ্যাডাল্ট কনটেন্ট বা ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোডের সাইটে পাঠাতে পারে। বিশেষ করে টাইপোস্কোয়াটিং-এর ক্ষেত্রে ঝুঁকি বেশি। এতে কোনও পরিচিত ওয়েবসাইটের ঠিকানার সঙ্গে মিল রেখে এক বা দুটি অক্ষর পরিবর্তন করে ভুয়া ওয়েবসাইট তৈরি করা হয়। ব্যবহারকারী ভুল করে সেই সাইটে প্রবেশ করলে তার লগইন তথ্য বা আর্থিক তথ্য চুরি হতে পারে, এমনকি ডিভাইসেও ম্যালওয়্যার সংক্রমিত হতে পারে।
এ বিষয়ে ক্যাসপারস্কির এক বিশেষজ্ঞ বলেন, “অনেকেই মনে করেন ফাঁকা ওয়েবপেজ সম্পূর্ণ নিরাপদ। কিন্তু এটি একটি ভুল ধারণা। একটি সাধারণ ‘ডোমেইন ফর সেল’ বা ফাঁকা পেজও ব্যবহারকারীর ডিভাইস থেকে বিভিন্ন ডিজিটাল তথ্য সংগ্রহ করতে পারে। পাশাপাশি এসব ডোমেইনের মাধ্যমে ব্যবহারকারী ফিশিং বা ম্যালওয়্যার ছড়ানো ওয়েবসাইটে পৌঁছে যেতে পারেন, যা ব্যক্তিগত তথ্য, আর্থিক নিরাপত্তা এবং করপোরেট অ্যাকাউন্টের জন্যও ঝুঁকিপূর্ণ।”
নিরাপদ থাকতে ক্যাসপারস্কি ব্যবহারকারীদের সন্দেহজনক লিংকে ক্লিক না করা, ওয়েবসাইটের ঠিকানা ভালোভাবে যাচাই করা, অ্যান্টি-ট্র্যাকিং ও অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্টিং সুবিধাযুক্ত নির্ভরযোগ্য সিকিউরিটি সলিউশন ব্যবহার করা এবং কোনও সন্দেহজনক বা ফাঁকা ওয়েবপেজে প্রবেশ করলে সেখানে থাকা ব্যানারে ক্লিক না করে বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করে দ্রুত পেজটি বন্ধ করে দেয়ার পরামর্শ দিয়েছে।





