সাম্প্রতিক সংবাদ

উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’

ক.বি.ডেস্ক: বাংলাদেশের রাইডশেয়ারিং অ্যাপ উবার তাদের নতুন ডেলিভারি সার্ভিস ‘উবার পার্সেল’ চালু করেছে। ব্যবহারকারীরা এখন উবার অ্যাপ ব্যবহার করেই প্রয়োজনীয় ফাইলপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিস সহ সহজে যেকোনও পার্সেল পাঠাতে পারবেন। দৈনন্দিন জীবনের পার্সেল আদান-প্রদানকে আরও সহজ করতে এই ফিচারটি যুক্ত করা হয়েছে।

উবার পার্সেলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সুবিধামতো ডেলিভারি নেয়ার পাশাপাশি আগে থেকে সময় নির্ধারণ করেও পার্সেল পিকআপের অনুরোধ পাঠাতে পারবেন। পার্সেল পাঠানোর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি ট্র্যাকিংয়ের জন্য উবার পার্সেলে থাকছে বিশেষ কিছু ফিচার। জিপিএস-এর সাহায্যে রিয়েল-টাইমে পার্সেলের লোকেশন দেখা যাবে। আর সঠিক মানুষের হাতেই যেন পার্সেল পৌঁছায়, তা নিশ্চিত করতে থাকছে ‘পিন ভেরিফিকেশন’ সিস্টেম। এ ছাড়া ডেলিভারির জন্য বিশেষ কোনও ইনস্ট্রাকশন থাকলে সেটিও অ্যাপে লিখে দেয়া যাবে।

অফিসের দরকারি ফাইলপত্র পাঠানো থেকে শুরু করে অনলাইন সেলারদের প্রডাক্ট, কাস্টমার অর্ডার, গিফট কিংবা ব্যক্তিগত যেকোনও জিনিস পাঠানোর কাজে উবার পার্সেল ব্যবহার করা যাবে। একইভাবে উবার পার্সেল দিয়ে অন্যের কাছ থেকে কোনও জিনিস নিজের কাছে আনিয়ে নেয়ার অপশনও থাকছে।

এ প্রসঙ্গে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, ‘উবার সবসময় চেষ্টা করে মানুষের যাতায়াত ও লাইফস্টাইলকে আরও সহজ করতে। উবার পার্সেলের মাধ্যমে আমরা শুধু যাত্রী পরিবহন নয়, মানুষের দরকারি জিনিসপত্র পৌঁছে দেয়ার ক্ষেত্রেও পাশে থাকতে চাই। গুরুত্বপূর্ণ কাগজপত্র, কাস্টমারের পার্সেল কিংবা ফ্যামিলির কারও জরুরি জিনিস; যেকোনও কিছু উবার অ্যাপের মাধ্যমে পাঠানো বা রিসিভ করা এখন অনেক বেশি সহজ ও ভরসাযোগ্য হবে। একই সঙ্গে এটি আমাদের ড্রাইভারদের জন্যও বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে।’

উবার পার্সেলের এই বাইক-বেসড ডেলিভারি সার্ভিস ড্রাইভারদের আয় বাড়ানোর পাশাপাশি পুরো শহরে পার্সেল আদান-প্রদান অনেক সহজ করে তুলবে। উবার পার্সেল পাঠাবেন যেভাবে- উবার অ্যাপে ‘Parcel’ অপশনে যান। আপনার প্রয়োজন অনুযায়ী ‘Send items’ বা ‘Receive items’ অপশন বেছে নিন।

Pickup এবং Drop-off লোকেশন দিন। পার্সেল ও রিসিভারের ডিটেইলস দিন। ডেলিভারির জন্য কোনও ইনস্ট্রাকশন থাকলে তা লিখে পিকআপ টাইম সিলেক্ট করুন (চাইলে শিডিউলও করতে পারেন)। সব তথ্য ঠিক আছে কি না দেখে রিকোয়েস্ট কনফার্ম করুন। রিয়েল-টাইমে পার্সেল ট্র্যাক করুন এবং পার্সেল বুঝিয়ে দেয়ার জন্য রিসিভারের সঙ্গে ‘পিন’ (PIN) শেয়ার করুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *