আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

৪৩ থেকে ৭৫ ইঞ্চি পর্দার নতুন মিনি এলইডি টিভি আনল শাওমি, থাকছে ৪কে ডিসপ্লে

ক.বি.ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন দুটি টেলিভিশন সিরিজ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। সিরিজ দুটি হলো শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৬ এবং শাওমি টিভি এক্স মিনি এলইডি ২০২৬। উন্নত ডিসপ্লে প্রযুক্তি, ৪কে রেজ্যুলেশন, উন্নত অডিও এবং স্মার্ট টিভি সুবিধার সমন্বয়ে তৈরি এসব টেলিভিশন চলচ্চিত্র দেখা, খেলাধুলা উপভোগ ও গেমিংয়ের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বাজারে আনা হয়েছে।

শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৬
শাওমির নতুন লাইনআপের প্রিমিয়াম সিরিজ এস প্রো মিনি এলইডি ২০২৬। এটি ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চি এই তিনটি পর্দার আকারে পাওয়া যাচ্ছে। সিরিজটিতে রয়েছে ৪কে রেজ্যুলেশন, সর্বোচ্চ ১,৭০০ নিট পিক ব্রাইটনেস এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। ফলে দ্রুতগতির দৃশ্য, খেলাধুলা ও গেমিংয়ে মসৃণ ছবি প্রদর্শনের সুবিধা মিলবে। গেম বুস্ট মোড চালু করলে টেলিভিশনটিতে ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২৮৮ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

এ ছাড়া ডলবি ভিশন, ডলবি অ্যাটমস এবং হারমান অডিওইএফএক্স সাউন্ড টিউনিং রয়েছে। উন্নত লোকাল ডিমিং প্রযুক্তি দৃশ্য অনুযায়ী উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করে গাঢ় কালো রং, উজ্জ্বল হাইলাইট ও ছবির সূক্ষ্ম বিবরণ ফুটিয়ে তুলতে সহায়তা করে। ৫৫ ইঞ্চি টিভির মূল্য ১,২৩,৯৯৯ টাকা; ৬৫ ইঞ্চি টিভির মূল্য ১,৬৪,৯৯৯ টাকা এবং ৭৫ ইঞ্চি টিভির মূল্য ২,৩৪,৯৯৯ টাকা।

শাওমি টিভি এক্স মিনি এলইডি ২০২৬
বিভিন্ন আকারের পর্দায় মিনি এলইডি প্রযুক্তির সুবিধা দিতে শাওমি এনেছে টিভি এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ। এটি ৪৩, ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চি চারটি সংস্করণে পাওয়া যাচ্ছে। সিরিজটিতে রয়েছে ৪কে রেজ্যুলেশন, কিউডি-মিনি এলইডি ডিসপ্লে প্রযুক্তি এবং এইচডিআর১০+ সমর্থন। এসব প্রযুক্তি ছবির রং, উজ্জ্বলতা ও কনট্রাস্ট উন্নত করতে সহায়তা করে।

সিরিজটির ৪৩ ইঞ্চি মডেলটি বাংলাদেশের বাজারে একমাত্র ৪৩ ইঞ্চি মিনি এলইডি টিভি। ছোট ও মাঝারি আকারের ঘরে উন্নত ডিসপ্লের টেলিভিশন খুঁজছেন, এমন ক্রেতাদের জন্য মডেলটি বিশেষ আগ্রহের হতে পারে। ৪৩ ইঞ্চি টিভির মূল্য ৬৩,৯৯৯ টাকা; ৫৫ ইঞ্চি টিভির মূল্য ৯৮,৯৯৯ টাকা; ৬৫ ইঞ্চি টিভির মূল্য ১,২৬,৯৯৯ টাকা এবং ৭৫ ইঞ্চি ইঞ্চি টিভির মূল্য ১,৭১,৯৯৯ টাকা।

নতুন টেলিভিশন সিরিজ দুটি উন্মোচন প্রসঙ্গে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের দৈনন্দিন অভিজ্ঞতা সমৃদ্ধ করাই শাওমির লক্ষ্য। এস প্রো মিনি এলইডি ও এক্স মিনি এলইডি সিরিজে উন্নত ছবির মান, মসৃণ দৃশ্য, প্রিমিয়াম অডিও এবং স্মার্ট সুবিধার সমন্বয় করা হয়েছে। পরিবার, চলচ্চিত্রপ্রেমী, খেলাধুলার দর্শক ও গেমারদের বিনোদনের অভিজ্ঞতা উন্নত করতেই নতুন টেলিভিশনগুলো বাজারে আনা হয়েছে।”

শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৬ ও শাওমি টিভি এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজের টেলিভিশনগুলো এখন দেশের বিভিন্ন শাওমি অনুমোদিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। পর্দার আকার ও মডেল অনুযায়ী মূল্য ভিন্ন। কেনার আগে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র থেকে মজুত, মূল্য ও বিক্রয়-শর্ত যাচাই করে নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *