উদ্যোগ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ইডব্লিউবিআই ও ডিআইইউ যৌথ কর্মশালা

ক.বি.ডেস্ক: সমসাময়িক বিশ্বে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাদান, গবেষণা দক্ষতা এবং একাডেমিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে “এসেনশিয়ালস অব ইউনিভার্সিটি একাডেমিকস ইন কনটেম্পোরারি ওয়ার্ল্ড: বিল্ডিং টিচিং ক্যাপাবিলিটি অ্যান্ড ডেভেলপিং রিসার্চ স্কিলস” শীর্ষক দুই দিনব্যাপী (১৮-১৯ মে) আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেনেভাভিত্তিক এডুকেটরস উইদাউট বর্ডারস ইন্টারন্যাশনাল (ইডব্লিউবিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই)-এর যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

ঢাকায় ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন ইডব্লিউবিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মাউজা আল জাবি। সভাপতিত্ব করেন ডিআইইউর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন এইচআরডিআই-এর পরিচালক তাহসিনা ইয়াসমিন।

কর্মশালায় ঢাকা ও চট্টগ্রামের ১৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮২ জন শিক্ষক ও একাডেমিশিয়ান অংশগ্রহণ করেন। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা বিভিন্ন সেশনে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন।

কর্মশালায় আধুনিক শিক্ষণ পদ্ধতি, কারিকুলাম উন্নয়ন, গবেষণা নকশা, একাডেমিক রাইটিং, প্রকাশনা কৌশল এবং বৈশ্বিক গবেষণা সহযোগিতা সহ উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান এবং নিজেদের একাডেমিক ও গবেষণাকাজে প্রয়োগযোগ্য বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।

কর্মশালায় বক্তা ছিলেন অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল (ওএএম) প্রাপ্ত এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান; ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর দাতো’ ড. মোহাম্মাদ ফাউজান নূরদিন; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়ারুল কবির এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. শামসুদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, দ্র্রুত পরিবর্তনশীল বিশ্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শুধু পাঠদান নয়, গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দেয়ার সক্ষমতা অর্জন জরুরি। কর্মশালায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তোলা এবং শিক্ষার্থীকেন্দ্রিক, ফলাফলভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষণ পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন ডিআইইউর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *