চলচ্চিত্র ও টিভি সম্প্রচারের জন্য ক্যাননের চার নতুন ক্যামেরা আনল স্মার্ট টেকনোলজিস
ক.বি.ডেস্ক: বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও ধারণ খাতের জন্য ক্যানন-এর চারটি নতুন ইমেজিং পণ্য উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস। ‘ইমেজারি ইন মোশন’ অনুষ্ঠানের মাধ্যমে ক্যানন-এর নতুন উন্মোচিত পণ্যগুলো হলো ইওএস সি৫০, এক্সএ৬৫, এক্সএফ৬০৫ এবং পিটিজেড সিআর-এন১০০। অনুষ্ঠানে সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ, স্টুডিও পরিচালনা ও পেশাদার ভিডিও ধারণের ক্ষেত্রে ক্যাননের আধুনিক প্রযুক্তি এবং ব্যবহারিক সমাধান তুলে ধরা হয়।
সোমবার (১২ অক্টোবর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘ইমেজারি ইন মোশন’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে ক্যামেরাগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আবদুর রহমান, ক্যাননের হেড অব বিজনেস নূর মো. শাহরিয়ার, ক্যানন সিঙ্গাপুরের মার্কেটিং ম্যানেজার জনি এনজি।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্প্রচারকর্মী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রগ্রাহক এবং সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। তারা পেশাদার ক্যামেরা প্রযুক্তি, আধুনিক সম্প্রচারব্যবস্থা এবং ভিডিও নির্মাণের বিভিন্ন কর্মপ্রবাহ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উন্মোচিত চারটি পণ্যের মাধ্যমে পেশাদার ইমেজিংয়ের বিভিন্ন চাহিদা ও নির্মাণ পরিবেশের উপযোগী প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়। টেলিভিশন সম্প্রচার, স্টুডিওতে অনুষ্ঠান ধারণ, চলচ্চিত্র নির্মাণ এবং বিভিন্ন ধরনের ভিডিও প্রযোজনায় এসব ক্যামেরার ব্যবহার নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
এ ছাড়া ক্যাননের সিনেমা ক্যামেরা ও পেশাদার ভিডিও ক্যামেরা প্রযুক্তি নিয়ে পৃথক আলোচনা করা হয়। প্যান-টিল্ট-জুম (পিটিজেড) ক্যামেরার ব্যবহার, পরিচালনা এবং নির্মাণকাজে এর কার্যকারিতা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ক্যাননের ক্যামেরার পাশাপাশি পেশাদার ক্যামেরা সহায়ক সরঞ্জাম নির্মাতা ব্র্যান্ড টেরিসের ট্রাইপড এবং পেশাদার আলোকসজ্জা ব্র্যান্ড অ্যাপারচারের বাতিও প্রদর্শন করা হয়।
সম্প্রচার, স্টুডিও পরিচালনা, চলচ্চিত্র নির্মাণ, বিজ্ঞাপনচিত্র, প্রামাণ্যচিত্র এবং অন্যান্য ভিডিও প্রযোজনার সঙ্গে যুক্ত পেশাজীবীদের জন্য এসব সরঞ্জাম উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা পণ্যগুলো সরাসরি দেখার, প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে জানার এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের প্রযুক্তি খাতে পণ্য বিতরণ, সেবা, প্রযুক্তিগত সমাধান ও উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বাজারে আধুনিক প্রযুক্তি ও পেশাদার সরঞ্জাম পৌঁছে দিতে কাজ করছে।
‘ইমেজারি ইন মোশন’ আয়োজনের মাধ্যমে ক্যানন ও স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের সম্প্রচার ও চলচ্চিত্র নির্মাণ খাতের পেশাজীবীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, আধুনিক ইমেজিং সমাধানের পরিচিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে।





