সাম্প্রতিক সংবাদ

খেলাধুলা সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: মন্ত্রী ফকির মাহবুব আনাম

ক.বি.ডেস্ক: তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। খেলাধুলা ও শরীরচর্চা সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

শনিবার (২৮ নভেম্বর) টাঙ্গাইলের ধনবাড়ী ন‌ওয়াব ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ১০ ও ২১ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।

অনুষ্ঠানে ম্যারাথনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ন‌ওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক এম আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, ধনবাড়ী সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক এবং ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন।

আয়োজকরা জানান, স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ধনবাড়ী, টাঙ্গাইলের উদ্যোগে সংগঠনটির ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬, সিজন-৪ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। এতে ১০ ও ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *