সাম্প্রতিক সংবাদ

বিপিও ভিলেজ প্রতিষ্ঠার প্রস্তাব বাক্কোর, পাশে থাকার আশ্বাস আইসিটিমন্ত্রীর

ক.বি.ডেস্ক: দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও আইটি-এনাবলড সার্ভিসেস (আইটিইএস) শিল্পের বিকাশ, রপ্তানি সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।

সংগঠনের সভাপতি ফয়সল আলিমের নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শিল্পের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও পরিকল্পনা তুলে ধরা হয়। সাক্ষাৎকালে বিপিও ভিলেজ প্রতিষ্ঠা, আইটিইএস খাতের রপ্তানিতে নগদ প্রণোদনা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাক্কোর কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি সৈয়দ সোহায়েল রেজা, সহসভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত, অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান এবং পরিচালক এস এম মসিউর রহমান ও মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে বাক্কো সভাপতি ফয়সল আলিম বিপিও ভিলেজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সমন্বিত বিপিও ভিলেজ গড়ে তোলা হলে এ শিল্পের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল ও ব্যবসায়িক সেবার সমন্বয়ে কার্যকর ইকোসিস্টেম তৈরি করা সম্ভব হবে। এতে দেশের বিপিও শিল্পের সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও সুদৃঢ় হবে।

বাক্কো সভাপতি ফয়সল আলিম বিপিও ও আইটিইএস খাতের রপ্তানিতে বিদ্যমান ৬ শতাংশ নগদ প্রণোদনা বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দেন। তার মতে, রপ্তানি প্রণোদনা বৃদ্ধি করা হলে দেশীয় প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। একই সঙ্গে রপ্তানি আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি আসন্ন ফ্রিল্যান্সার সামিট আয়োজনের প্রস্তুতি এবং বাক্কোর চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন। এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও নীতিগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বাক্কোর পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, দেশের বিপিও ও আইটিইএস শিল্পের বিকাশ, সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সংরক্ষণ, রপ্তানি আয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে কাজ করছে বাক্কো। সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে সংগঠনটি। মন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ দেশের বিপিও ও আইটিইএস শিল্পের উন্নয়নে চলমান উদ্যোগগুলো এগিয়ে নেয়া এবং সরকার ও শিল্পসংশ্লিষ্টদের মধ্যে সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাক্কো।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *