সাম্প্রতিক সংবাদ

আন্তর্জাতিক সিভিই নেটওয়ার্কে যুক্ত হলো বাংলাদেশ, স্বীকৃতি পেল নাইট স্কোয়াড একাডেমি

ক.বি.ডেস্ক: বাংলাদেশের প্রথম সিভিই নাম্বারিং অথরিটি (সিএনএ) হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে নাইট স্কোয়াড একাডেমি। গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক সিভিই প্রোগ্রামের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সাইবার নিরাপত্তার দুর্বলতা শনাক্তকরণ, নথিভুক্তকরণ ও প্রকাশের প্রক্রিয়ায় বাংলাদেশের প্রাতিষ্ঠানিক অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হলো।

কমন ভালনারেবিলিটিজ অ্যান্ড এক্সপোজার (সিভিই) হলো সাইবার নিরাপত্তার দুর্বলতা শনাক্ত ও নথিভুক্ত করার আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ব্যবস্থা। এর আওতায় সফটওয়্যার ও প্রযুক্তিগত ব্যবস্থায় শনাক্ত হওয়া নিরাপত্তা দুর্বলতার জন্য নির্দিষ্ট পরিচিতি নম্বর বা সিভিই আইডি দেয়া হয়। এসব নম্বরের মাধ্যমে নিরাপত্তা গবেষক, সফটওয়্যার নির্মাতা ও বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বলতা সম্পর্কে তথ্য আদান-প্রদান, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারে।

সিভিই নাম্বারিং অথরিটি হিসেবে নাইট স্কোয়াড একাডেমি এখন থেকে নিজস্ব গবেষণায় শনাক্ত করা কিংবা প্রতিষ্ঠানের কাছে জমা পড়া নিরাপত্তা দুর্বলতার জন্য সিভিই নম্বর বরাদ্দ ও সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করতে পারবে। তবে এ কার্যক্রম সিভিই প্রোগ্রামের নির্ধারিত নীতিমালা এবং প্রতিষ্ঠানটির অনুমোদিত আওতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রতিষ্ঠানটি সিভিই প্রোগ্রামের মিটরি টপ-লেভেল রুটের অধীনে এ কার্যক্রম পরিচালনা করবে।

এই স্বীকৃতির ফলে আন্তর্জাতিক সিভিই নাম্বারিং অথরিটি নেটওয়ার্কে প্রথমবারের মতো যুক্ত হলো বাংলাদেশের কোনও প্রতিষ্ঠান। এর মাধ্যমে দেশের সাইবার নিরাপত্তা গবেষকেরা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নিরাপত্তা দুর্বলতা শনাক্ত, নথিভুক্ত এবং সমন্বিতভাবে প্রকাশের সুযোগ পাবেন।

এ স্বীকৃতির পাশাপাশি নাইট স্কোয়াড একাডেমি চালু করেছে ‘নাইট স্কোয়াড ভালনারেবিলিটি রিসার্চ ইনিশিয়েটিভ’ (কেএসভিআরআই)। এ উদ্যোগের মূল লক্ষ্য সাইবার নিরাপত্তার দুর্বলতা নিয়ে গবেষণা এবং সেগুলোর তথ্য দায়িত্বশীল ও সমন্বিত উপায়ে প্রকাশে সহায়তা করা। এর মাধ্যমে স্বাধীন নিরাপত্তা গবেষকেরা তাদের শনাক্ত করা দুর্বলতার তথ্য জমা দিতে পারবেন।

জমা পড়া প্রতিবেদন যাচাই-বাছাইয়ের পর অনুমোদিত আওতার মধ্যে প্রযোজ্য ক্ষেত্রে সিভিই নম্বর দেয়া হবে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিনা মূল্যে ভালনারেবিলিটি ডিসক্লোজার প্রোগ্রাম (ভিডিপি) পরিচালনার সুযোগ রাখা হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা দুর্বলতা সম্পর্কে গবেষকদের কাছ থেকে দায়িত্বশীলভাবে তথ্য গ্রহণ ও সমন্বয়ের একটি নির্দিষ্ট ব্যবস্থা গড়ে তুলতে পারবে।

নাইট স্কোয়াড একাডেমির পেছনে থাকা সাইবার নিরাপত্তা গবেষক দলটির যাত্রা হয় ২০২০ সালে। সে সময় ‘নাইট স্কোয়াড’ নামে একটি সাইবার নিরাপত্তাভিত্তিক কমিউনিটি গড়ে ওঠে। গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি ২০২২ সালে দলটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্যাপচার দ্য ফ্ল্যাগ (সিটিএফ) সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘নাইটসিটিএফ’ আয়োজন করে। প্রতিযোগিতাটি আন্তর্জাতিক সিটিএফ প্ল্যাটফর্ম সিটিএফটাইমে তালিকাভুক্ত হয়।

পরবর্তী সময়ে ২০২৬ সালে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, সনদায়ন ও গবেষণার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় নাইট স্কোয়াড একাডেমি। প্রতিষ্ঠানটির মূল দলের গবেষকেরা বিভিন্ন সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও দায়িত্বশীলভাবে প্রকাশের কাজে যুক্ত রয়েছেন।

সিভিই নাম্বারিং অথরিটি হিসেবে নতুন এ স্বীকৃতির মাধ্যমে নাইট স্কোয়াড একাডেমি আন্তর্জাতিক সিভিই প্রোগ্রামের নীতিমালা অনুসরণ করে নিরাপত্তা দুর্বলতা শনাক্তকরণ, নথিভুক্তকরণ এবং সমন্বিত প্রকাশ কার্যক্রমে ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা গবেষণায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *