সাম্প্রতিক সংবাদ

বাক্কোর নতুন নেতৃত্বে ফয়সল আলিম, দায়িত্ব গ্রহণ করল নবনির্বাচিত ইসি

ক.বি.ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (ইসি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সল আলিম, সিনিয়র সহসভাপতি হয়েছেন সৈয়দ সোহায়েল রেজা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ হোসেন।

বাক্কোর ২০২৬-২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত এবং অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান। পাঁচ জন পরিচালক হলেন- মোস্তফা জামাল ইউসুফ, আশিকুর রহমান, এস এম মসিউর রহমান, ফয়সাল সালাম, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মো. একরামুল হায়দার।

গত ১২ নভেম্বর রাজধানীর একটি স্থানীয় হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। ২০২৪-২৬ মেয়াদের বিদায়ী কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর সভাপতি তানভীর ইব্রাহীম নবনির্বাচিত সভাপতি ফয়সল আলিমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর পক্ষে তা গ্রহণ করেন ফয়সল আলিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক, সাবেক সহসভাপতি মো. তানজিরুল বাসার, নির্বাহী সমন্বয়ক সেলিম সরকার, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নাজিহা সুলতানা সহ বিদায়ী ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর সদস্যবৃন্দ। এ সময় বিগত মেয়াদের কার্যক্রম, অর্জন, চলমান উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাক্কোর প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও আইটি এনাবলড সার্ভিসেস (আইটিইএস) খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সভাপতি তানভীর ইব্রাহীম তার মেয়াদে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা ও সমর্থন দেয়ায় বাক্কোর সদস্য প্রতিষ্ঠান, কার্যনির্বাহী কমিটির সদস্য, সচিবালয়, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্পের সব অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতাই বাক্কোর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংগঠনের ধারাবাহিক উন্নয়ন ও দেশের বিপিও ও আইটিইএস শিল্পের বিকাশে নতুন নেতৃত্বের সাফল্য কামনা করছি”।

নবনির্বাচিত সভাপতি ফয়সল আলিম বলেন, “বাক্কোর নেতৃত্ব গ্রহণ করা আমার জন্য অত্যন্ত সম্মানের, একই সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পূর্ববর্তী নেতৃত্বের অভিজ্ঞতা ও অর্জনকে সঙ্গে নিয়ে আমরা দেশের বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনাকে আরও বিকশিত করতে এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ ও প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পকে আরও শক্তিশালী, টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে পারব।”

অনুষ্ঠানে বাক্কোর নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ডের সদস্যদের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় নির্বাচন প্রক্রিয়ায় তাদের অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।

সংশ্লিষ্টদের আশা, কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নতুন নেতৃত্ব দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করা এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য কার্যকর ও সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে বাক্কো আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পূর্ববর্তী নেতৃত্বের অর্জন ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কমিটি দেশের বিপিও ও আইটিইএস শিল্পের টেকসই উন্নয়ন, সম্প্রসারণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *