সাম্প্রতিক সংবাদ

এসএমবি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তায় নতুন মডিউল যুক্ত করল ক্যাসপারস্কি

ক.বি.ডেস্ক: ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের (এসএমবি) পরিবর্তনশীল সাইবার ঝুঁকি মোকাবিলা এবং নিরাপত্তা ব্যবস্থাপনা সহজ করতে ক্যাসপারস্কি নেক্সট অপ্টিমাম-এ নতুন সিকিউরিটি মডিউল যুক্ত করেছে ক্যাসপারস্কি। এসব মডিউলের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করতে পারবে। এ জন্য বিদ্যমান প্রযুক্তি অবকাঠামো পরিবর্তনেরও প্রয়োজন হবে না।

ক্যাসপারস্কির অভ্যন্তরীণ গবেষণা কেন্দ্রের এক জরিপে দেখা গেছে, গত এক বছরে ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ফিশিং (২০ শতাংশ) এবং সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে চালানো সাইবার হামলার (১৭ শতাংশ) শিকার হয়েছে। অন্যদিকে, সাইবার নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান পরিবর্তনের প্রধান কারণ ছিল বিভিন্ন প্রযুক্তির মধ্যে সামঞ্জস্য ও সমন্বয়ের সমস্যা (২৬ শতাংশ) এবং একাধিক নিরাপত্তা পণ্যকে এক ব্যবস্থার আওতায় আনার প্রয়োজনীয়তা (২৩ শতাংশ)।

নতুন মডিউলগুলোর মধ্যে রয়েছে সিকিউরিটি অ্যাওয়ারনেস, ইমেইল সিকিউরিটি, ওয়ার্কলোড সিকিউরিটি, থ্রেট লুকআপ অ্যান্ড অ্যানালাইসিস এবং ভালনাবেরিলিটি ম্যানেজমেন্ট। সিকিউরিটি অ্যাওয়ারনেস কর্মীদের সচেতনতা বাড়িয়ে ফিশিং ও মানুষের ভুলের কারণে তৈরি নিরাপত্তা ঝুঁকি কমাতে সহায়তা করবে। ইমেইল সিকিউরিটি ইমেইলভিত্তিক হুমকি থেকে যোগাযোগ সুরক্ষিত রাখবে। হাইব্রিড ক্লাউড পরিবেশের নিরাপত্তায় কাজ করবে ওয়ার্কলোড সিকিউরিটি। থ্রেট লুকআপ অ্যান্ড অ্যানালাইসিস সাইবার হামলার তদন্ত ও তা মোকাবিলায় সহায়তা করবে। আর ভালনাবেরিলিটি ম্যানেজমেন্ট সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানের সুযোগ দেবে।

ক্যাসপারস্কি নেক্সট-এর অন্যান্য সুবিধাও বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে ফিশিং সিমুলেশন ক্যাম্পেইন এবং চুরি বা ফাঁস হওয়া অ্যাকাউন্টের লগইন তথ্য শনাক্তের সুবিধা। আগে শুধু উন্নত সংস্করণের সলিউশনে থাকা ফিশিং সিমুলেশন এখন ক্যাসপারস্কি নেক্সট ইডিআর ফাউন্ডেশনস-এও যুক্ত হয়েছে। এর মাধ্যমে কর্মীরা ফিশিং ইমেইল শনাক্ত করতে কতটা সক্ষম, তা যাচাই করা এবং প্রতিষ্ঠানের নিরাপত্তার দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা যাবে। এদিকে, ক্যাসপারস্কি নেক্সট এমএক্সডিআর অপটিমাম-এ ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্স-ভিত্তিক বিশেষজ্ঞ পরিচালিত থ্রেট হান্টিং সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে কোনও অ্যাকাউন্টের লগইন তথ্য চুরি বা ফাঁস হয়েছে কি না, তা আগেভাগে শনাক্ত করতে সহায়তা করবে এই ব্যবস্থা।

এ ছাড়া, মোবাইল ফোন ও ট্যাবলেটে নিরাপত্তা ব্যবস্থাপনার সুবিধা উন্নত করা হয়েছে এবং টেলিগ্রাম-এর মাধ্যমে নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার নোটিফিকেশন আরও কার্যকর করা হয়েছে। নতুন প্রো ভিউ কনসোল-এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সহজ ব্যবস্থাপনা সুবিধা দিয়ে নিরাপত্তা কার্যক্রম শুরু করতে পারবে। পরবর্তী সময়ে প্রয়োজন বাড়লে আরও উন্নত ব্যবস্থাপনার জন্য এক্সপার্ট ভিউ কনসোল ব্যবহার করতে পারবে।

ক্যাসপারস্কির ইউনিফায়েড প্ল্যাটফর্ম প্রোডাক্ট লাইন বিভাগের প্রধান ইলিয়া মারকেলভ বলেন, “ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সাইবার হামলার ঝুঁকিও বাড়ছে। কিন্তু নিরাপত্তা খাতে বাজেট ও জনবল সব সময় একই হারে বাড়ানো সম্ভব হয় না। ক্যাসপারস্কি নেক্সট অপ্টিমাম-এর সিকিউরিটি মডিউলগুলো প্রতিষ্ঠানকে তাদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ঝুঁকির জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করার সুযোগ দেয়। সেটি ফিশিং সম্পর্কে কর্মীদের সচেতনতা বাড়ানো হোক কিংবা ইমেইল সুরক্ষা বিদ্যমান প্রযুক্তি অবকাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা বা দৈনন্দিন কার্যক্রম ব্যাহত না করেই এসব সুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তুলনামূলক সহজে ও সাশ্রয়ীভাবে নির্ভরযোগ্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *