আকিজ রিসোর্সের ইনোভারের এক বছর পূর্তি, পণ্যসম্ভারে যুক্ত ৪০০টির বেশি পণ্য
ক.বি.ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এক বছর পূর্ণ করেছে। ২০২৫ সালে ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে যাত্রা করা ব্র্যান্ডটি মাত্র এক বছরের মধ্যে ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, পাম্প ও টুলস এই চারটি ক্যাটাগরিতে ৪০০টিরও বেশি পণ্যের সম্ভার গড়ে তুলেছে। পাশাপাশি দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান ও বিতরণ সক্ষমতা সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি।
রবিবার (৮ নভেম্বর) প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আকিজ লাইট ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ আল আমিন রাজিব।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিংয়ের চিফ ফিন্যান্সিয়াল অফিসার গোলাম কিবরিয়া সরকার, হেড অব মার্কেটিং মো. সাজ্জাদুল ইসলাম এবং হেড অব অপারেশন মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সাল সহ আকিজ রিসোর্সের বিভিন্ন বিজনেস ইউনিটের কর্মকর্তাবৃন্দ।
শেখ জসিম উদ্দিন বলেন, “ইনোভার-এর এক বছরের যাত্রা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অল্প সময়ের মধ্যে পণ্যের গুণগতমানের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা। অংশীদারদের কথা মাথায় রেখে আমরা রুচিশীল পণ্য তৈরিতে গুরুত্ব দিচ্ছি। এ জন্য আমাদের কারখানায় উন্নত প্রযুক্তি, রোবোটিক আর্ম এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় উৎপাদন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আমরা মনে করি, আধুনিক প্রযুক্তি, মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবার সমন্বয়ে ইনোভার মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। আমাদের প্রত্যাশা, ইনোভার-এর পণ্য দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে পৌঁছে যাবে।”

মাসুদ আল আমিন রাজিব বলেন, “ইনোভার-এর প্রথম বছরটি আমাদের জন্য অগ্রগতি, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। আধুনিক নকশা, প্রযুক্তি, গুণগতমান ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে গ্রাহকের দৈনন্দিন প্রয়োজনের উপযোগী পণ্য সরবরাহ করাই আমাদের লক্ষ্য। অল্প সময়ের মধ্যে ৪০০টিরও বেশি পণ্যের সম্ভার গড়ে তোলা এবং দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠা আমাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।”
গ্রাহকসেবার প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, সেই পণ্যের বিক্রয়োত্তর সেবাও নিশ্চিত করা। এ জন্য রয়েছে দক্ষ সার্ভিস টিম, যারা দেশের যেকোনো প্রান্তে ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী সেবা দিয়ে থাকে। গ্রাহকের আস্থা অর্জন, পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা এবং মানসম্মত গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে ইনোভারকে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।”
‘ডিজাইনড ফর নাউ’ মূলমন্ত্র নিয়ে যাত্রা করা ইনোভারের পণ্যসম্ভারে বর্তমানে রয়েছে সুইচ, সকেট, এলইডি লাইট, ইলেকট্রিক কুকার, গ্যাস স্টোভ, রাইস কুকার, গিজার, ওয়াটার পাম্প, হার্ডওয়্যার ও পাওয়ার টুলস সহ বিভিন্ন ধরনের পণ্য। বাড়ি নির্মাণ ও বৈদ্যুতিক সংযোগ থেকে শুরু করে রান্নাঘর এবং দৈনন্দিন গৃহস্থালি ব্যবহারের প্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে ক্রমাগত নিজেদের পণ্যের পরিসর বাড়াচ্ছে ব্র্যান্ডটি।





