দক্ষ জনশক্তি তৈরি ও ফ্রিল্যান্সারদের সক্ষমতা বাড়াতে একসঙ্গে বাক্কো ও ব্র্যাক
ক.বি.ডেস্ক: বিপিও, আইটিইএস ও ফ্রিল্যান্সিং খাতের দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ও ব্র্যাক। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময়, গবেষণা ও উন্নয়ন এবং কর্মসংস্থানের সম্ভাবনা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার একটি কাঠামো তৈরি হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম এবং ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর। এ সময় উপস্থিত ছিলেন বাক্কোর পরিচালক আব্দুল কাদের, সিসিপ-বাক্কো প্রোগ্রামের প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মাহতাবুল হক, বাক্কো সচিবালয়ের নির্বাহী সমন্বয়ক সেলিম সরকার। ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের হেড অব প্রোগ্রাম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক, হেড অব অপারেশনস মো. আল-ইমরান এবং প্রোগ্রাম ম্যানেজার (অপারেশনস) মনছুর হাসান খন্দকার।
সমঝোতা স্মারকের আওতায় আইটিইএস, বিপিও ও ফ্রিল্যান্সিং খাতের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। পাশাপাশি ফ্রিল্যান্সারদের ডিজিটাল ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়েও গুরুত্ব দেয়া হবে। এ ছাড়া শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ জোরদার, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে যৌথ উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও রয়েছে। এ সহযোগিতা আগামী তিন বছর কার্যকর থাকবে।
উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের বিপিও ও আউটসোর্সিং শিল্পে ৩ লাখ টেকসই মধ্যম আয়ের কর্মসংস্থান সৃষ্টি এবং ৫ বিলিয়ন মার্কিন ডলারের শিল্প-রাজস্ব অর্জনের লক্ষ্যমাত্রা রয়েছে। বাক্কো ও ব্র্যাকের এ অংশীদারত্ব সেই লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি তরুণদের জন্য পেশাগত সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগের মাধ্যমে দেশের আইটি-এনাবলড সার্ভিসেস খাতের দক্ষ জনশক্তি তৈরি, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক শিল্পের টেকসই বিকাশ ত্বরান্বিত হবে।





