আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

পোর্টেবল এসএসডি-তে নতুন উদ্ভাবন, তাইওয়ানে দুটি পেটেন্ট পেল টিমগ্রুপ

ক.বি.ডেস্ক: বিশ্বব্যাপী মেমোরি ও স্টোরেজ পণ্য নির্মাতা প্রতিষ্ঠান টিমগ্রুপ তাইওয়ানে দুটি নতুন উদ্ভাবনী পেটেন্ট অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পিডি২০এম ম্যাগ পোর্টেবল এসএসডি এবং টি-ক্রিঢেট এক্সপার্ট পি৩৪এফ ফাইন্ড মাই এক্সটার্নাল এসএসডি-তে ব্যবহৃত দুটি বিশেষ প্রযুক্তির স্বীকৃতি হিসেবে এ পেটেন্ট দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাগনেটিক সংযোগ প্রযুক্তি এবং ডিভাইসের অবস্থান শনাক্ত করার প্রযুক্তি। এর আগে বিভিন্ন দেশেও পণ্য দুটির সংশ্লিষ্ট প্রযুক্তির জন্য পেটেন্ট পেয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এই স্বীকৃতি পোর্টেবল স্টোরেজ প্রযুক্তিতে টিমগ্রুপের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রমের সক্ষমতাকে তুলে ধরেছে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য স্টোরেজ ব্যবহারে বাড়তি সুবিধা এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

ম্যাগনেটিক প্রযুক্তিতে আরও সুবিধাজনক পিডি২০এম ম্যাগ পোর্টেবল এসএসডি
টিমগ্রুপের এই এসএসডির বিশেষ ম্যাগনেটিক সংযোগ প্রযুক্তির জন্য তাইওয়ানে উদ্ভাবনী পেটেন্ট পেয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে একই প্রযুক্তির জন্য যুক্তরাষ্ট্রে উদ্ভাবনী পেটেন্ট এবং জাপানে ইউটিলিটি মডেল পেটেন্ট অর্জন করে টিমগ্রুপ। প্রতিষ্ঠানটির প্রথম ম্যাগসেফ সামঞ্জস্যপূর্ণ এক্সটার্নাল এসএসডি হিসেবে পিডি২০এম-এ রয়েছে মাত্র ৮ দশমিক ২ মিলিমিটার পুরুত্বের স্লিম ডিজাইন। এর ওজন মাত্র ৪০ গ্রাম। ফলে সহজেই বহন করা যায় এবং সমর্থিত ডিভাইসের সঙ্গে ম্যাগনেটিক পদ্ধতিতে যুক্ত করে ব্যবহার করা সম্ভব।

বিশেষ করে আইফোন ১৫ প্রো সিরিজ এবং পরবর্তী সামঞ্জস্যপূর্ণ আইফোন মডেলের সঙ্গে ব্যবহার করলে এই এসএসডি-তে সরাসরি উচ্চমানের অ্যাপল প্রোরেস ভিডিও রেকর্ড করা যায়। এতে স্মার্টফোনের অভ্যন্তরীণ স্টোরেজের ওপর চাপ কমানোর পাশাপাশি দীর্ঘ সময়ের ভিডিও ধারণ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত সংরক্ষণ করা সহজ হবে।

ফাই্ন্ড মাই প্রযুক্তিতে এসএসডি খুঁজে দেবে টি-ক্রিয়েট এক্সপার্ট পি৩৪এফ
পোর্টেবল স্টোরেজ ব্যবহারে নতুন সুবিধা যোগ করেছে টিমগ্রুপের টি-ক্রিয়েট এক্সপার্ট পি৩৪এফ ফাইন্ড মাই এক্সটার্নাল এসএসডি। এটি প্রতিষ্ঠানটির প্রথম বিল্ট-ইন লোকেশন ট্র্যাকিং সুবিধাযুক্ত এক্সটার্নাল এসএসডি। এই প্রযুক্তির জন্য সম্প্রতি তাইওয়ানে উদ্ভাবনী পেটেন্ট পেয়েছে টিমগ্রুপ। এর আগে তাইওয়ান ও চীনে একই প্রযুক্তির জন্য ইউটিলিটি মডেল পেটেন্ট অর্জন করেছিল প্রতিষ্ঠানটি।

এসএসডিটি সরাসরি সামঞ্জস্যপূর্ণ অ্যাপল ডিভাইসের সঙ্গে যুক্ত করা যায়। ফলে অ্যাপল ফাইন্ড মাই অ্যাপ ব্যবহার করে সহজেই ড্রাইভটির অবস্থান শনাক্ত করা সম্ভব। শুধু তা-ই নয়, ড্রাইভটি কাছাকাছি কোথাও থাকলে এর বিল্ট-ইন স্পিকারের মাধ্যমে অ্যালার্ট সাউন্ড বাজিয়ে সেটি খুঁজে বের করা যায়।

কমপ্যাক্ট ও আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি এতে রয়েছে ল্যানিয়ার্ড সংযুক্ত করার জন্য বিশেষ ছিদ্র। ফলে সহজে বহন করা যায়। বিশেষ করে যাঁরা নিয়মিত বিভিন্ন স্থানে যাতায়াত করেন এবং গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণে এক্সটার্নাল এসএসডি ব্যবহার করেন, তাঁদের জন্য এই সুবিধা বেশ কার্যকর হতে পারে।

টিমগ্রুপ জানিয়েছে, নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতার ভিত্তিতে প্রতিষ্ঠানটি পেটেন্ট পাওয়া উদ্ভাবনগুলোকে বাণিজ্যিকভাবে উৎপাদিত পণ্যে যুক্ত করছে। এর লক্ষ্য ব্যবহারকারীদের বাস্তব চাহিদা পূরণ এবং পোর্টেবল স্টোরেজ ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করা। ভবিষ্যতেও গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিনিয়োগ অব্যাহত রাখার পাশাপাশি পেটেন্টের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এর মাধ্যমে স্টোরেজ প্রযুক্তির বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনে কাজ করবে টিমগ্রুপ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *