স্টার টেকের সহযোগিতায় শেষ হলো তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান কার্নিভাল ২০২৬
ক.বি.ডেস্ক: বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গেমিংয়ের সমন্বয়ে রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ক্যাম্পাসে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৬’’। ‘প্রশ্ন থেকে অনুসন্ধান, অনুসন্ধান থেকে আবিষ্কার, আবিষ্কারের শক্তিতে আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কার্নিভালের পাওয়ার্ড বাই পার্টনার ছিল দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক।
‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্টার টেকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আয়োজিত তিন দিনব্যাপী ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বর্ডার গার্ড বাংলাদেশ-এর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান উপস্থিত ছিলেন।

তিন দিনের এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীল চিন্তাভাবনা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার সুযোগ পায়। বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর পাশাপাশি নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে ওঠে এ আয়োজন।
কার্নিভালে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমীদের জন্য স্টার টেকের পক্ষ থেকে স্থাপন করা হয়েছিল বিশেষ প্যাভিলিয়ন। সেখানে দর্শনার্থীরা আধুনিক প্রযুক্তিপণ্য ও গ্যাজেট সম্পর্কে জানার পাশাপাশি নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার এবং সেগুলোর অভিজ্ঞতা নেয়ার সুযোগ পান।
বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি গেমিংপ্রেমীদের জন্যও ছিল বিশেষ আয়োজন। স্টার টেকের সহযোগিতায় অনুষ্ঠিত ‘ব্যাটল ফর গ্লোরি ২.০’ গেমিং প্রতিযোগিতায় ভ্যালোরেন্ট ও ফিফা গেমে অংশ নেন বিভিন্ন দলের প্রতিযোগীরা। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার শেষ দিনে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড। প্রতিযোগিতার ভ্যালোরেন্ট বিভাগে চ্যাম্পিয়ন হয় ‘রেড ভাইপারজ’। বিজয়ী দল পুরস্কার হিসেবে পায় ২০ হাজার টাকা এবং স্টার টেকের পক্ষ থেকে একটি ল্যাপটপ।

দেশের গেমিং ও প্রযুক্তিপণ্য কমিউনিটির বিকাশেও দীর্ঘদিন ধরে কাজ করছে স্টার টেক। গেমিং পিসি, ল্যাপটপ, কমপিউটার যন্ত্রাংশ ও আনুষঙ্গিক পণ্যের পাশাপাশি হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তিপণ্যের সমাধান দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এ ধরনের আয়োজনের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে তরুণ প্রজন্মের প্রযুক্তিচর্চা, গেমিং এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার সুযোগ তৈরি হচ্ছে।
আয়োজকদের মতে, তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞান, প্রযুক্তি, সৃজনশীলতা ও গেমিংয়ের সমন্বয়ে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।





