গ্যালাক্সি এস২৭ সিরিজের জন্য এক্সিনস ২৭০০ চিপের উৎপাদন শুরু করল স্যামসাং
ক.বি.ডেস্ক: স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য এক্সিনস ২৭০০ চিপসেটের ব্যাপক উৎপাদন শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম দ্য ইলেক-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন এই চিপের উৎপাদন লক্ষ্যমাত্রা এক্সিনস ২৬০০-এর তুলনায় ১০ শতাংশের বেশি বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি এস২৭ সিরিজে নতুন গ্যালাক্সি এস২৭ প্রো মডেল যুক্ত হওয়ার বিষয়টি মাথায় রেখেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে গ্যালাক্সি এস২৭ আর্ট্রা-তে এক্সিনস ২৭০০ ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি স্যামসাং।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের বাজারে গ্যালাক্সি এস২৭, গ্যালাক্সি এস২৭+ এবং গ্যালাক্সি এস২৭ প্রো মডেলে এক্সিনস ২৭০০ চিপসেট ব্যবহার করা হতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের বাজারে এসব ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ চিপসেট।
গ্যালাক্সি এস২৭ আর্ট্রা-তে এক্সিনস ব্যবহারের বিষয়ে স্যামসাংয়ের চিপ ডিজাইন বিভাগ সিস্টেম এলএসআই আগ্রহী। এতে বিভাগের আয় বাড়ার পাশাপাশি আল্ট্রা শ্রেণির ফ্ল্যাগশিপ ফোনের জন্য এক্সিনসের সক্ষমতাও প্রমাণ করা সম্ভব হবে। তবে ফোন তৈরির দায়িত্বে থাকা স্যামসাং এমএক্স বিভাগই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে চিপের পারফরম্যান্স, তাপ নিয়ন্ত্রণ, উৎপাদন সক্ষমতা এবং কোয়ালকমের চিপের মূল্য বিবেচনা করা হচ্ছে। আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, অভ্যন্তরীণ পরীক্ষায় গিকবেঞ্চ-এর মাল্টি-কোর পরীক্ষায় এক্সিনস ২৭০০, স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬-এর তুলনায় ৯.৫ শতাংশ বেশি স্কোর করেছে। তবে সিঙ্গেল-কোর পরীক্ষায় স্ন্যাপড্রাগন এখনও এগিয়ে রয়েছে বলে জানা গেছে।
এক্সিনস ২৭০০ তৈরিতে স্যামসাংয়ের দ্বিতীয় প্রজন্মের ২ ন্যানোমিটার গেট-অল-অ্যারাউন্ড (জিএএ) প্রযুক্তি, অর্থাৎ এসএফটুপি নোড ব্যবহার করা হবে। আগের এক্সিনস ২৬০০ তৈরি হয়েছিল প্রথম প্রজন্মের এসএফটু নোডে। নতুন উৎপাদন প্রযুক্তিতে আগের তুলনায় পারফরম্যান্স ১২ শতাংশ বাড়বে, বিদ্যুৎ খরচ ২৫ শতাংশ কমবে এবং চিপের আয়তন ৮ শতাংশ হ্রাস পাবে বলে জানানো হয়েছে। এ ছাড়া এক্সিনস ২৭০০-তে আর্মের সি২ সিরিজের সিপিইউ কোর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। আগের মডেলে ছিল সি১ সিরিজের কোর।
সাধারণত চিপসেটের ব্যাপক উৎপাদন শুরুর পর চূড়ান্ত পণ্য প্রস্তুত হতে তিন থেকে চার মাস সময় লাগে। সে হিসাবে গ্যালাক্সি এস২৭ সিরিজ সিরিজ ২০২৭ সালের ফেব্রুয়ারি বা মার্চে উন্মোচিত হতে পারে। তবে স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে উন্মোচনের তারিখ জানায়নি। নতুন চিপের উৎপাদন শুরু হলেও গ্যালাক্সি এস২৭ আল্ট্রা-তে এক্সিনস ২৭০০ নাকি স্ন্যাপড্রাগন ব্যবহার করা হবে, তা জানতে স্যামসাংয়ের চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।





