দীর্ঘদিন সফটওয়্যার আপডেট পাবে যেসব ওয়াই-ফাই মেশ রাউটার, তালিকায় ৫ ব্র্যান্ড
বর্তমানে বাড়ি বা অফিসে নির্ভরযোগ্য ও দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে ওয়াই-ফাই মেশ সিস্টেম বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। তবে একটি মেশ রাউটার কেনার সময় শুধু গতি, কভারেজ বা ফিচার দেখলেই হয় না; ডিভাইসটি কত বছর পর্যন্ত সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট পাবে, সেটিও গুরুত্বপূর্ণ। কারণ হার্ডওয়্যার ঠিকঠাক থাকলেও সফটওয়্যার সাপোর্ট বন্ধ হয়ে গেলে নতুন নিরাপত্তা আপডেট ও বিভিন্ন ফিচার থেকে বঞ্চিত হতে পারেন ব্যবহারকারীরা।
তবে কোনও প্রতিষ্ঠানের ঘোষিত সফটওয়্যার সাপোর্টের সময়সীমা শেষ হলেই যে ডিভাইসটি সঙ্গে সঙ্গে অচল হয়ে যায়, বিষয়টি এমন নয়। বাস্তবে অ্যামাজন, গুগল, আসুস, টিপি-লিঙ্ক ও নেটগিয়ার-এর মতো প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রেই ঘোষিত সময়ের পরও পুরোনও মেশ রাউটারে আপডেট দিয়ে থাকে। তাই নতুন মেশ সিস্টেম কেনার ক্ষেত্রে অফিসিয়াল সাপোর্ট নীতির পাশাপাশি বাস্তব সাপোর্ট ইতিহাসও বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
১. অ্যামাজন ইরো
দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের ক্ষেত্রে অ্যামাজন-এর ইরো মেশ সিস্টেম উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটি এই ডিভাইসের জন্য কমপক্ষে পাঁচ বছর সফটওয়্যার আপডেট দেয়ার কথা বলে। বিশেষ বিষয় হলো, এই পাঁচ বছরের হিসাব ডিভাইসটি নতুন অবস্থায় বিক্রি হওয়ার সময় থেকে শুরু হয়, মডেল ঘোষণার সময় থেকে নয়।
ফলে অ্যামাজন একই সময়ে ইরো-এর একাধিক প্রজন্মের ডিভাইস বিক্রি করলেও নতুন করে কেনা কোনও পুরোনও প্রজন্মের মডেলের ক্ষেত্রে পাঁচ বছরের সাপোর্টের সময়সীমা ক্রয়ের সময় থেকেই গণনা করা হয়। বাস্তব ব্যবহারে ইরো রাউটারগুলো প্রায় ৮ থেকে ১০ বছর পর্যন্ত সাপোর্ট পাওয়ার নজির রয়েছে। আরও একটি সুবিধা হলো, ইরো-এর বিভিন্ন প্রজন্মের ডিভাইস একই মেশ নেটওয়ার্কে ব্যবহার করা যায়। তবে ইরো প্লাস সাবস্ক্রিপশনের জন্য বছরে ১০০ ডলার পর্যন্ত খরচ হতে পারে।
২. গুগল নেস্ট ওয়াই-ফাই
গুগল-এর নেস্ট ওয়াই-ফাই মেশ রাউটারেও রয়েছে পাঁচ বছরের অফিসিয়াল সফটওয়্যার সাপোর্ট। গুগল-এর ক্ষেত্রে পাঁচ বছরের সময়সীমা শুরু হয় পণ্য বাজারে আসার সময় থেকে। অর্থাৎ কোনও পুরোনও নেস্ট ওয়াই-ফাই মডেল বাজারে আসার দুই বছর পর কিনলে ঘোষিত সাপোর্টের মেয়াদ থেকে প্রায় দুই বছর ইতোমধ্যেই চলে যেতে পারে। তাই দীর্ঘমেয়াদি সাপোর্টের জন্য তুলনামূলক নতুন মডেল কেনা বেশি কার্যকর হতে পারে।
তবে বাস্তবে গুগল অনেক সময় ঘোষিত সময়সীমা পেরিয়েও পুরোনও ডিভাইসে নিরাপত্তা আপডেট দিয়ে থাকে। এ কারণে নেস্ট ওয়াই-ফাই-এর বাস্তব সাপোর্ট লাইফ প্রায় ৭ থেকে ৮ বছর পর্যন্ত দেখা যায়। গুগলের সর্বশেষ নেস্ট ওয়াই-ফাই প্রো-এর সঙ্গে আগের প্রজন্মের ডিভাইস মেশ নেটওয়ার্কে মিশিয়ে ব্যবহার করা যায় না। তবে নতুন মডেলগুলোতে ইথারনেটভিত্তিক ব্যাকহল সুবিধা থাকায় নেটওয়ার্কের পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা বাড়তে পারে।
৩. আসুস জেনওয়াই-ফাই
দীর্ঘদিন সফটওয়্যার সাপোর্টের ইতিহাসের দিক থেকে আসুস-এর জেনওয়াই-ফাই সিরিজও গুরুত্বপূর্ণ। তবে অ্যামাজন বা গুগলের মতো আসুস নির্দিষ্ট ও একীভূত সাপোর্ট সময়সীমা প্রকাশ করে না। ফলে কোনও নির্দিষ্ট জেনওয়াই-ফাই মডেল কত বছর পর্যন্ত নিশ্চিতভাবে আপডেট পাবে, তা আগে থেকে বলা কঠিন। তবে প্রতিষ্ঠানটির অতীত রেকর্ড অনুযায়ী, জেনওয়াই-ফাই ডিভাইসগুলো বাস্তবে প্রায় ৫ থেকে ৮ বছর পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট পেতে পারে। বাজেট এক্সডি সিরিজের তুলনায় উচ্চমানের এক্সটি সিরিজের ডিভাইসের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সাপোর্ট পাওয়ার সম্ভাবনা বেশি।
পুরোনও আসুস রাউটার পুরোপুরি অচল হয়ে গেলেও আইমেশ ব্যবহার করে সেটিকে সমর্থিত আসুস রাউটারের সঙ্গে নোড হিসেবে ব্যবহার করা সম্ভব। ফলে পুরোনও হার্ডওয়্যারও পরবর্তীতে অন্য কাজে ব্যবহার করা যায়। এ ছাড়া আসুসের মেশ ডিভাইসের জন্য আলাদা সাবস্ক্রিপশন ফি নেই। ফলে উন্নত নিরাপত্তা ও প্যারেন্টাল কন্ট্রোলের মতো সুবিধার জন্য নিয়মিত অতিরিক্ত খরচের প্রয়োজন হয় না।
৪. টিপি-লিঙ্ক ডেকো
টিপি-লিঙ্ক এর ডেকো মেশ রাউটারের অফিসিয়াল সফটওয়্যার সাপোর্টের মেয়াদ তিন বছর। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই তিন বছরের হিসাব কোনও মডেল বাজার থেকে প্রত্যাহার হওয়ার পর শুরু হয়। টিপি-লিঙ্ক একই মডেলের বিভিন্ন হার্ডওয়্যার সংস্করণ ভি১, ভি২ বা ভি৩ নামে বাজারে আনতে পারে। ফলে একটি পুরোনও সংস্করণের সাপোর্ট শেষ হওয়ার সময় নতুন সংস্করণটি তখনও বাজারে থাকতে পারে।
এই নীতির কারণে বাজারে আসার সময় থেকে হিসাব করলে ডেকো মেশ রাউটারের মোট কার্যকর সাপোর্ট লাইফ প্রায় ৫ থেকে ৮ বছর পর্যন্ত হতে পারে। জনপ্রিয় মডেলগুলো ঘোষিত সময়ের পরও বাড়তি সাপোর্ট পাওয়ার সুযোগ রাখে। তবে টিপি-লিঙ্ক এর কিছু উন্নত নিরাপত্তা ও প্যারেন্টাল কন্ট্রোল সুবিধার জন্য সাবস্ক্রিপশন প্রয়োজন হতে পারে। এসব প্ল্যানের খরচ বছরে প্রায় ১৮ থেকে ১৩০ ডলার পর্যন্ত হতে পারে। অন্যদিকে ভিপিএন সার্ভার সাপোর্ট ও কোয়ালিটি অব সার্ভিস-এর মতো কিছু সুবিধা বিনামূল্যেই পাওয়া যায়।
৫. নেটগিয়ার অরবি
নেটগিয়ার-এর অরবি মেশ রাউটারেও সফটওয়্যার সাপোর্টের নীতি টিপি-লিঙ্ক এর কাছাকাছি। কোনও মডেল বাজার থেকে প্রত্যাহার বা ইন্ড অব সার্ভিস পর্যায়ে যাওয়ার পর তিন বছরের সফটওয়্যার সাপোর্ট দেয়া হয়। বাস্তবে অরবি মেশ রাউটারগুলোর কার্যকর সাপোর্ট লাইফ প্রায় ৫ থেকে ৭ বছর পর্যন্ত হতে পারে। ফলে দীর্ঘদিন ব্যবহারের কথা বিবেচনা করলে এই সিরিজও উল্লেখযোগ্য একটি বিকল্প।
তবে অরবি তুলনামূলক উচ্চমূল্যের মেশ সিস্টেম। ক্রয়ের পর নেটগিয়ার ৯০ দিন পর্যন্ত ফোন ও চ্যাট সাপোর্ট দেয়। এর পর আরও দীর্ঘ সময়ের গ্রাহক সহায়তার জন্য প্রো সাপোর্ট ফর হোম সাবস্ক্রিপশন প্রয়োজন হতে পারে, যার খরচ বছরে ১০০ ডলার। এ ছাড়া নেটগিয়ার আর্মার-এর মতো উন্নত নিরাপত্তা সুবিধাও সাবস্ক্রিপশনের আওতায় পড়ে। এর দুটি স্তরের খরচ বছরে ১০০ ও ১৫০ ডলার। তবে এসব অতিরিক্ত সুবিধার প্রয়োজন না থাকলে অরবি-এর বেসিক সফটওয়্যার সাপোর্টই দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য যথেষ্ট হতে পারে।
দীর্ঘদিনের জন্য ওয়াই-ফাই মেশ সিস্টেম কেনার ক্ষেত্রে শুধু ঘোষিত সফটওয়্যার সাপোর্টের সময়সীমা দেখলে হবে না। কোন কোম্পানি কখন থেকে সাপোর্টের সময় গণনা শুরু করছে, পুরোনো মডেল কতদিন পর্যন্ত আপডেট পাচ্ছে, ডিভাইসের হার্ডওয়্যার সংস্করণ পরিবর্তন হচ্ছে কি না এবং অতিরিক্ত সাবস্ক্রিপশন খরচ আছে কি না, এসব বিষয়ও বিবেচনায় রাখা জরুরি।
বিশেষ করে বর্তমান সময়ে মেশ রাউটারের মূল্য বাড়ার কারণে দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট ক্রয়ের সিদ্ধান্তে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। একই মূল্যের দুটি ডিভাইসের মধ্যে যেটি বেশি সময় নিরাপত্তা ও সফটওয়্যার আপডেট পাবে, সেটি দীর্ঘমেয়াদে ব্যবহারকারীর জন্য ভিন্ন ধরনের মূল্য তৈরি করতে পারে।





