বিআইজেএফ সদস্যের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ
ক.বি.ডেস্ক: বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)-এর সদস্য মাজহারুল ইসলাম মিচেলের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সহায়ক কমিটির সদস্য ও এটোভা টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আলমের অশোভন আচরণ এবং সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির অভিযোগে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআইজেএফ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিআইজেএফ-এর সভাপতি হিটলার এ হালিম এবং সাধারণ সম্পাদক সাব্বিন হাসান- এর স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ও পেশাদার আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবাদলিপিতে জানানো হয়, বিআইজেএফ-এর কাছে দেয়া লিখিত আবেদনে বিআইজেএফ সদস্য মাজহারুল ইসলাম মিচেল উল্লেখ করেন, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেসিসের কার্যালয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলন চলাকালে তিনি (মাজহারুল ইসলাম মিচেল) আয়োজকদের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন করেন। এ সময় বেসিসের সহায়ক কমিটির সদস্য ফেরদৌস আলম তার সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলন শেষে তার পেশাগত দায়িত্ব পালনে আক্রমণাত্মক মন্তব্য ও আচরণ করা হয়েছে বলেও লিখিত আবেদনে উল্লেখ করেন তিনি। বিষয়টিকে একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হিসেবে দেখছে বিআইজেএফ।
বিআইজেএফ জানায়, কোনও পেশাগত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্ন করা তাদের স্বাভাবিক ও মৌলিক দায়িত্বের অংশ। কোনও প্রশ্নের উত্তর দিতে অসুবিধা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আয়োজকরা তার ব্যাখ্যা দিতে পারেন। তবে কোনও প্রশ্নের কারণে সাংবাদিককে বাধা দেয়া, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা কিংবা অশোভন আচরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিআইজেএফ স্পষ্টভাবে মনে করে, সাংবাদিকদের প্রশ্ন করার অধিকারকে নিরুৎসাহিত করা কিংবা তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা সাংবাদিকতার স্বাধীন পরিবেশের জন্য ইতিবাচক নয়। একই সঙ্গে অভিযোগে সংবাদ সম্মেলন আয়োজনের বিষয় এবং প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতি ও ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠেছে। অভিযোগের বিষয়টি সত্য হয়ে থাকলে সংশ্লিষ্ট আয়োজক ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকেও এ বিষয়ে ব্যাখ্যা দেয়া প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।
প্রতিবাদলিপিতে বিআইজেএফ আরও জানায়, কোনও পক্ষের একপেশে বক্তব্যের ভিত্তিতে নয়, বরং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও ব্যাখ্যা বিবেচনার মাধ্যমে ঘটনার বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে যেকোনও ধরনের পেশাগত যোগাযোগে দায়িত্বশীল, সৌজন্যমূলক ও পারস্পরিক সম্মানজনক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিআইজেএফ-এর মতে, সাংবাদিক ও প্রযুক্তি খাতের বিভিন্ন বাণিজ্য সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিআইজেএফের সদস্যদের পেশাগত সংবাদ সংগ্রহ, সংশ্লিষ্টদের প্রশ্ন করার অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশের বিষয়টি সংগঠনটি গুরুত্বের সঙ্গে দেখে।





