সাম্প্রতিক সংবাদ

ইন্দোনেশিয়ায় ২৩তম আইএমএসও ২০২৬, বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা

ক.বি.ডেস্ক: গতবার মালয়েশিয়ায় প্রথমবার অংশ নিয়েই শতভাগ সাফল্যের পর এবারও পদকের লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড ((আইএমএসও ২০২৬)-এ অংশ নিচ্ছে বাংলাদেশের ১৬ খুদে শিক্ষার্থী। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার দিপক শহরে আগামী ২-৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (আইএমএসও ২০২৬)। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ১৬ সদস্যের পূর্ণাঙ্গ জাতীয় দল ঘোষণা করা হয়েছে।

আইএমএসও ২০২৬-এর বাংলাদেশ গণিত দলে রয়েছে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অরিজিৎ সাহা, মো. নবীহ হোসাইন, ইহান আবরাদ রহমান, মো. সামিন সাইফ, ইরতিশ জায়েদ লিয়াম, শারাফ বিন আনোয়ার, আলী ওমর এবং মো. শাহিদ মোরসালিন।

বিজ্ঞান দলে রয়েছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের তাহমিদ হাসান; এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অভিজ্ঞান রায় গল্প; সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের রাইয়ান আফরাদ; সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাহাবী ইবনে কাব্য; সিরাজগঞ্জের বনওয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের রাফসান শফিক তালুকদার; বাসিরাহ ইন্টারন্যাশনাল স্কুলের আরহাম আবিদ; ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের মো. মিফতাহুল ইসলাম এবং এ জি চার্চ স্কুলের মোহাম্মদ মুশরিফ আলম।

দলের সদস্যদের মধ্যে অরিজিৎ সাহা ও তাহমিদ হাসান গত বছর মালয়েশিয়ায় রৌপ্যপদকজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন। এবারও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়ে তারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

আইএমএসও ২০২৬-এর জন্য বাংলাদেশ দল বাছাই করা হয়েছে বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও ২০২৬)-এর মাধ্যমে। গণিত ও বিজ্ঞান দুই বিভাগে আটজন করে মোট ১৬ জন শিক্ষার্থীকে নিয়ে গঠন করা হয়েছে চূড়ান্ত বাংলাদেশ দল। বাংলাদেশ দল আগামী ১ অক্টোবর ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রতিযোগিতা শেষে ৯ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে দলটির।

আইএমএসও ২০২৬-এ বাংলাদেশ দলের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বিডিওএসএনের সভাপতি ও আইএমএসও বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর মুনির হাসান। সহকারী দলনেতা মো. তানভীরুল ইসলাম, বিজ্ঞান মেন্টর হিসেবে রয়েছেন নাজ রহমান এবং গণিত মেন্টর সামিরা সুমাইয়া।

বিডিএমএসও ২০২৬ যৌথভাবে আয়োজন করছে এসপিএসবি, বিডিওএসএন ও ম্যাসল্যাব। আর ইন্দোনেশিয়ায় ২৩তম আইএমএসও আয়োজন করছে ম্যাথমেটিক্স এডুকেশন ক্লিনিক এবং ইন্দোনেশিয়ার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আয়োজিত আইএমএসওতে বিশ্বের বিভিন্ন দেশের খুদে শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞানে নিজেদের দক্ষতা তুলে ধরে। গত আসরে বাংলাদেশের শিক্ষার্থীদের শতভাগ পদক অর্জনের সাফল্যের পর এবারও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফলাফলের প্রত্যাশা করছে বাংলাদেশ দল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *