সাম্প্রতিক সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা: ২০২৬-২৮ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন বোর্ড গঠন

ক.বি.ডেস্ক: দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনটির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ (ইসি) নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় টিএমজিবির ২০২৩–২৪ মেয়াদ এবং বর্ধিত ২০২৫ মেয়াদের সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পরে কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল আর্থিক বিবরণী উপস্থাপন করেন। উপস্থিত সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে টিএমজিবির কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর সদস্যসংখ্যা ১১ থেকে কমিয়ে ৯ করার প্রস্তাব সভায় উত্থাপন করা হয়। পরে উপস্থিত সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদিত হয়।

সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা মতামত দেন। এ সময় বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সহসভাপতি (গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট রিলেশন) কুমার বিশ্বজিৎ রায়, সহসভাপতি মইদুল ইসলাম (আন্তর্জাতিক সম্পর্ক), সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম দাস্তগীর তৌহিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী বক্তব্য রাখেন।

টিএমজিবির ২০২৬–২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ (ইসি) গঠনের লক্ষ্যে সভায় নির্বাচন বোর্ড গঠন করা হয়। নির্বাচন বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর সভাপতি তানভীর ইব্রাহিম এবং টিএমজিবি ট্রাস্টি বোর্ডের সদস্য সুমন আফসার।

সভায় জানানো হয়, নতুন কার্যনির্বাহী পরিষদ (ইসি) নির্বাচনের মাধ্যমে সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনা হবে। এ লক্ষ্যে আগামী অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *