প্রতিবেদন

ছবি, জুম, পোর্ট্রেইট ও ভিডিওর জন্য সেরা ক্যামেরা ফোন

বি এম ইমরাদ তুষার: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের ডিভাইস নয়; অনেকের কাছেই এটি হয়ে ওঠেছে প্রধান ক্যামেরা। ভ্রমণ, পারিবারিক মুহূর্ত, পোর্ট্রেইট, দূরের দৃশ্য কিংবা ভিডিও সবকিছুর জন্য একটি ভালো ক্যামেরা ফোনই হতে পারে সবচেয়ে সুবিধাজনক সমাধান। ‘সেরা ক্যামেরা ফোন’ বলতে একটি নির্দিষ্ট মডেলকে সবার জন্য সেরা বলা কঠিন। আপনি কী ধরনের ছবি বা ভিডিও করেন, তার ওপরই নির্ভর করবে কোন ফোনটি আপনার জন্য উপযুক্ত।

বর্তমান ল্যাবরেটরি স্কোর, স্বাধীন ক্যামেরা রিভিউ, নির্মাতার স্পেসিফিকেশন এবং বাজারে উন্মোচন মূল্য বিবেচনায় ৮টি শীর্ষ ক্যামেরা ফোনকে বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়েছে। ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি এই তালিকায় ছবি, জুম, পোর্ট্রেইট, ভিডিও ও ম্যানুয়াল কন্ট্রোল প্রতিটি ক্ষেত্রে আলাদা বিজয়ী রয়েছে।

এক নজরে সেরা ক্যামেরা ফোন
ছবির জন্য হুয়াওয়ে পুরা ৮০ আল্ট্রা, জুমের জন্য অপো ফাইন্ড এক্স৯ আল্ট্রা, পোর্ট্রেইটের জন্য ভিভো এক্স৩০০ আল্ট্রা, পয়েন্ট-অ্যান্ড-শুট ব্যবহারে গুগল পিক্সেল ১১ প্রো এক্সএল এবং ভিডিওর জন্য অ্যাপল আইফোন ১৭ প্রো ম্যাক্স এগিয়ে রয়েছে। ম্যানুয়াল ক্যামেরা নিয়ন্ত্রণে শাওমী ১৭ আল্ট্রা, স্যামসাংয়ের সেরা ক্যামেরা ফোন হিসেবে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, টেলিফটো ক্যামেরায় মূল্যের তুলনায় ভালো বিকল্প অনার ম্যাজিক৮ প্রো।

ছবি তোলার জন্য সেরা: হুয়াওয়ে পুরা ৮০ আল্ট্রা
স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে তালিকার শীর্ষে রয়েছে হুয়াওয়ে পুরা ৮০ আল্ট্রা। ফোনটির সবচেয়ে বড় শক্তি হলো এর ক্যামেরা সেটআপের সামগ্রিক ভারসাম্য। মূল ক্যামেরার পাশাপাশি টেলিফটো ক্যামেরাগুলোও বিভিন্ন আলো ও দূরত্বে কার্যকর। এর ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি প্রধান সেন্সরে রয়েছে এফ/১.৬ থেকে এফ/৪.০ পর্যন্ত পরিবর্তনযোগ্য অ্যাপারচার। ফলে রাতে বেশি আলো নেয়া কিংবা গ্রুপ ছবিতে তুলনামূলক বেশি অংশ ফোকাসে রাখার মতো পরিস্থিতিতে ব্যবহারকারী বাড়তি নিয়ন্ত্রণ পান।

দূরের ছবি তোলার ক্ষেত্রেও ফোনটি ব্যতিক্রমী। এর টেলিফটো সিস্টেম ৩.৭x ও ৯.৪x অপটিক্যাল ভিউ দিতে পারে। ড্রোমার্ক ক্যামেরা স্কোর ১৭৫, যেখানে ফটোগ্রাফির স্কোর ১৮০ এবং মূল ক্যামেরার স্কোর ১৮৪। তবে গুগলের অ্যাপ ও সার্ভিস নির্ভর ব্যবহারকারীদের জন্য হুয়াওয়ের সফটওয়্যার ইকোসিস্টেম বিবেচনায় রাখা জরুরি।

জুমে সেরা: অপো ফাইন্ড এক্স৯ আল্ট্রা
দূরের দৃশ্য, কনসার্ট, স্টেডিয়াম কিংবা বন্যপ্রাণীর ছবি তুলতে চাইলে অপো ফাইন্ড এক্স৯ আল্ট্রা এগিয়ে। ফোনটিতে দুটি ডেডিকেটেড টেলিফটো ক্যামেরা রয়েছে। একটি ২০০ মেগাপিক্সেলের ৭০ মিমি ক্যামেরা, যা পোর্ট্রেইট ও মাঝারি দূরত্বের জন্য কার্যকর। অন্যটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, যার ফোকাল লেন্থ ২৩০ মিমি বা প্রায় ১০x। ফলে ডিজিটাল ক্রপের ওপর অতিরিক্ত নির্ভরতা ছাড়াই দূরের বিষয়কে ফ্রেমে বড় করে আনা যায়। টেলিফটো পরীক্ষায় ফোনটির স্কোর ১৭৩ এবং বোকেহ স্কোর ১৮৫।

পোর্ট্রেইটের জন্য সেরা: ভিভো এক্স৩০০ আল্ট্রা
পোর্ট্রেইট ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো এক্স৩০০ আল্ট্রা-র পদ্ধতিই একে আলাদা করেছে। ফোনটির প্রধান ক্যামেরায় রয়েছে ৩৫ মিমি সমতুল্য ফোকাল লেন্থ, যা প্রচলিত ২৩ বা ২৪ মিমি ওয়াইড লেন্সের তুলনায় মুখের আকৃতি আরও স্বাভাবিকভাবে তুলে ধরতে পারে। এর ২০০ মেগাপিক্সেলের ৮৫ মিমি টেলিফটো ক্যামেরা পোর্ট্রেইটের কম্পোজিশন আরও টাইট করার সুযোগ দেয়। বোকেহ পরীক্ষায় ফোনটির স্কোর ১৮০। একই সঙ্গে ৫০ মেগাপিক্সেলের ১৪ মিমি আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে।

পয়েন্ট-অ্যান্ড-শুটে সেরা: গুগল পিক্সেল ১১ প্রো এক্সএল
যারা ক্যামেরার সেটিং নিয়ে বেশি ভাবতে চান না, তাদের জন্য গুগল পিক্সেল ১১ প্রো এক্সএল অন্যতম সেরা বিকল্প। শিশু, পোষা প্রাণী কিংবা কঠিন আলোয় দ্রুত ছবি তোলার ক্ষেত্রে ফোনটির প্রসেসিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর স্কোর ১৬৮, যা গুগলের ভিডিও বুস্ট ক্লাউড প্রসেসিংয়ের পর ১৭৫-এ পৌঁছায়। তবে এই উন্নত ফল পেতে ভিডিও আপলোড ও প্রসেসিংয়ের প্রয়োজন হয়।

ভিডিওর জন্য সেরা: আইফোন ১৭ প্রো ম্যাক্স
ভিডিও নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অ্যাপলের আইফোন ১৭ প্রো ম্যাক্স সবচেয়ে নিরাপদ পছন্দগুলোর একটি। ফোকাস স্থির রাখা, আলো পরিবর্তনের সঙ্গে এক্সপোজার মসৃণভাবে সামঞ্জস্য করা এবং বিভিন্ন ক্যামেরার ফুটেজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে ফোনটি এগিয়ে। এর ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ও ৫x টেলিফটো ক্যামেরা রয়েছে। ভিডিওতে ৪কে ডলবি ভিশন ১২০এফপিএস, প্রোরেস র, অ্যাপল লগ ২, জেনলক ও এক্সটার্নাল রেকর্ডিংয়ের মতো সুবিধা রয়েছে। ভিডিও স্কোর ১৭২, যা এই তুলনায় সর্বোচ্চ।

ম্যানুয়াল কন্ট্রোলে সেরা: শাওমী ১৭ আল্ট্রা
যারা স্মার্টফোন ক্যামেরায় নিজের মতো করে শাটার, এক্সপোজার ও ফোকাল লেন্থ নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্য শাওমী ১৭ আল্ট্রা আকর্ষণীয়। এর ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ৭৫ থেকে ১০০ মিমি পর্যন্ত পরিবর্তনযোগ্য ফোকাল লেন্থ ব্যবহার করে। ১-ইঞ্চি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা কম আলোয় ভালো পারফরম্যান্স দেয়। লাইকা-অনুপ্রাণিত রঙ ও বড় সেন্সরের কারণে ছবিতে আলাদা চরিত্র পাওয়া যায়। তবে কিছু পরিস্থিতিতে রঙ অতিরিক্ত উষ্ণ বা স্যাচুরেটেড হতে পারে।

স্যামসাংয়ের সেরা: গ্যালাক্সি এস২৬ আল্ট্রা
এক ফোনে বিভিন্ন ধরনের ছবি তোলার ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা সবচেয়ে বড় শক্তি এর বহুমুখিতা। ২০০ মেগাপিক্সেলের এফ/১.৪ প্রধান ক্যামেরার সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং ৩x ও ৫x টেলিফটো ক্যামেরা। ভিডিওতে ৮কে৩০ ও ৪কে১২০ এবং এক্সপার্ট র-এর মতো সুবিধা থাকায় এটি ভ্রমণ, পরিবার, ডকুমেন্টেশন ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টের জন্য একটি পূর্ণাঙ্গ প্যাকেজ।

মূল্যের তুলনায় টেলিফটোতে সেরা: অনার ম্যাজিক৮ প্রো
টেলিফটো ক্যামেরার সুবিধা কম মূল্যে পেতে চাইলে অনার ম্যাজিক৮ প্রো নজরে রাখতে পারেন। এর ২০০ মেগাপিক্সেলের ৩.৭x টেলিফটো ক্যামেরা কাছ থেকে খাবার, ফুল কিংবা ছোট পণ্যের ছবি তোলার ক্ষেত্রেও কার্যকর। ফোনটির সামগ্রিক ক্যামেরা স্কোর ১৬৪; ফটোতে ১৭০ এবং টেলিফটোতে ১৬৮। তবে ভিডিও স্কোর ১৫৪ হওয়ায় ভিডিওকেন্দ্রিক ব্যবহারকারীদের জন্য এটি তুলনামূলক কম আকর্ষণীয়।

ক্যামেরা ফোনের বাজারে ‘এক নম্বর’ ফোন খোঁজার চেয়ে নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক ফোন বেছে নেয়াই বুদ্ধিমানের কাজ। সেরা ক্যামেরা ফোন আসলে একটিই নয়, আপনি কী ছবি তুলছেন, সেটিই ঠিক করে দেবে কোন ফোনটি আপনার জন্য সেরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *