ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে চুক্তি করল ক্যাসপারস্কি
ক.বি.ডেস্ক: ভিয়েতনামে দ্রুত ডিজিটাল রূপান্তরের সঙ্গে বাড়ছে সাইবার ঝুঁকির পরিমাণ ও জটিলতা। এ পরিস্থিতিতে সাইবার অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় সক্ষমতা বাড়াতে দেশটির সাইবার সিকিউরিটি অ্যান্ড হাই-টেক ক্রাইম প্রিভেনশন ডিপার্টমেন্ট-এর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ক্যাসপারস্কি। সাইবার অপরাধ ও উচ্চপ্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধ, শনাক্ত এবং মোকাবিলায় সক্ষমতা বাড়াতে উভয় পক্ষ জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সমাধান বিনিময় করবে। এর মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত সাইবার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে।
গত প্রায় ২০ বছর ধরে ভিয়েতনামের সরকারি সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সাইবার হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে কাজ করছে ক্যাসপারস্কি। ২০২৫ সালে হো চি মিন সিটিতে নিজস্ব কার্যালয় চালুর মাধ্যমে দেশটিতে কার্যক্রম আরও সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ক্যাসপারস্কির গর্ভামেন্ট রিলেশন্স-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেনিস দাভিদভ এবং ভিয়েতনামের সাইবার সিকিউরিটি অ্যান্ড হাই-টেক ক্রাইম প্রিভেনশন ডিপার্টমেন্ট-এর উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল ট্রিউ ম্যানহ তুং চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানরে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেনিস দাভিদভ বলেন, “সাইবার হুমকি ক্রমেই জটিল হয়ে ওঠছে। এ অবস্থায় সাইবার হামলা মোকাবিলায় সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়াতে বিভিন্ন পক্ষের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশীদারত্ব সাইবার সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং নতুন নতুন সাইবার হুমকি মোকাবিলা ও ভিয়েতনামের সাইবার নিরাপত্তা জোরদারে আমাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।”
ট্রিউ ম্যানহ তুং বলেন, “ভিয়েতনাম দ্রুত ডিজিটাল রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে। এর পাশাপাশি সাইবার নিরাপত্তা ও তথ্যের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি। এই সহযোগিতার মাধ্যমে আমরা আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাব। এর ফলে ক্রমবর্ধমান জটিল সাইবার হুমকি মোকাবিলায় আমাদের আগাম প্রস্তুতি ও সক্ষমতা আরও বাড়বে।”
এই সমঝোতা স্মারক সই ভিয়েতনামের জাতীয় সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে নিরাপদ, সুরক্ষিত ও টেকসই ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষের অঙ্গীকারও এতে পুনর্ব্যক্ত হয়েছে।





