১১-১২ সেপ্টেম্বর বসছে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর জাতীয় পর্ব
ক.বি.ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম ‘আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড’-এ বাংলাদেশের প্রতিনিধিত্বের লক্ষ্যে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬’-এর জাতীয় পর্ব। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে অনলাইন বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবে।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য রোবোটিকস, প্রোগ্রামিং ও প্রযুক্তিনির্ভর সৃজনশীলতা প্রদর্শনের অন্যতম সম্মানজনক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। নবম বারের মত এই প্রতিযোগিতায় বাংলাদেশ অংশগ্রহণ করবে। এবারের আইআরও প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ‘কালচারাল হেরিটেজ সার্ভিস রোবটস’। সাংস্কৃতিক ঐতিহ্যকে মানুষের কাছে তুলে ধরা, তা বোঝার সুযোগ তৈরি করা এবং সংরক্ষণে সহায়তা করতে পারে এমন রোবট ও প্রযুক্তিগত সমাধান তৈরির ধারণাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের আয়োজনে।
জাতীয় পর্বের প্রথম দিন ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং প্রতিযোগিতা। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মিশন চ্যালেঞ্জ ও রোবটিকস কুইজ প্রতিযোগিতা। শেষ দিনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
দুই দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন আইসিটি সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি থাকবেন ইউএপি-এর উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ আহমেদ ভূঁইয়া, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সাদিয়া শারমিন ও উলকাসেমির অ্যানালগ লেআউট ডিজাইন ডিপার্টমেন্টের ডিরেক্টর মুন সাদিয়া দিপ্তী।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর জাতীয় পর্বের হোস্ট ইউএপি। গোল্ড স্পন্সর উলকাসেমি; সিলভার স্পন্সর ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পন্সর আরএইচ করপোরেশন, টেক্সকো টেক, মিলেনিয়াম অর্গানিকস ও ইনোভেটিভ প্রোডাক্ট নেটওয়ার্ক। বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় আইসিটি বিভাগ এবং আইসিটি অধিদপ্তর।
আইআরও-তে গত ৮টি আসরে বাংলাদেশ দল ১৫টি গোল্ড মেডেল সহ ৯৪টি পদক অর্জন করেছে। এ বছর বাংলাদেশ থেকে জাতীয় পর্বে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে পরবর্তী সময়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজন করা হবে। জাতীয় দল ২০২৭ সালের জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।





