২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দল ঘোষণা
ক.বি.ডেস্ক: বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় আগামী ২ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৩তম ‘আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড’ (আইজেএসও ২০২৬)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ৬ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করা হয়েছে। সারাবিশ্বের মেধাবী কিশোর-কিশোরীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরির উদ্দেশ্য নিয়ে ২০০৪ সাল থেকে আয়োজিত হয়ে আসছে এই অলিম্পিয়াড। ২০১৫ সাল থেকে নিয়মিত এতে অংশ নিচ্ছে বাংলাদেশ।
এবারের ২৩তম ‘আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড’-এ বাংলাদেশ দলের সদস্যরা হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন পাঠান; সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আহমেদ সাদ ও মোহাম্মদ সাইফান হায়দার; এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী সুনেহরা ইসলাম সমৃদ্ধি ও মারজানা মানহা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাশওয়ান হক মাহির। ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৬)-এর মাধ্যমে বাছাই করা হয়েছে এই ৬ জনকে।
আইজেএসও-২০২৬ বাংলাদেশ দলের প্রধান দলনেতা হলেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হলেন বিডিজেএসও-র কো-অর্ডিনেটর মো. রেজাউল ইসলাম এবং বিডিজেএসও ২০২৬-এর একাডেমিক কো-অর্ডিনেটর ফারজানা আক্তার লিমা।
নির্বাচিত ৬ শিক্ষার্থীকে আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য প্রস্তুত করতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ধানমন্ডির মাকসুদুল আলম বিজ্ঞানাগারে (ম্যাসল্যাবে) শুরু হবে বিশেষ প্রস্তুতিমূলক ক্যাম্প ও ব্যবহারিক বিজ্ঞানের প্রশিক্ষণ। কারণ আইজেএসও-তে মোট নম্বরের ৪০% নির্ভর করে ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ওপর। প্রস্তুতি শেষে দলটি সোফিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে আগামী ১ ডিসেম্বর।





