আনুষাঙ্গিক মোবাইল

১৮ দিনের ব্যাটারি সুবিধায় শাওমির নতুন সাশ্রয়ী স্মার্টঘড়ি

ক.বি.ডেস্ক: শাওমি চীনের বাজারে উন্মোচন করেছে তাদের নতুন সাশ্রয়ী স্মার্টওয়াচ ‘রেডমি ওয়াচ ৬ অ্যাকটিভ’। আগের প্রজন্মের রেডমি ওয়াচ ৫ অ্যাকটিভের উত্তরসূরি হিসেবে আসা নতুন স্মার্টওয়াচটিতে উন্নত পর্দা, আরও পাতলা ও হালকা নকশা, সবসময় প্রদর্শন সুবিধা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধা রয়েছে। রয়েছে ১ দশমিক ৮৫ ইঞ্চির উন্নত রঙিন প্রদর্শনপর্দা। এর উজ্জ্বলতা সর্বোচ্চ ১২০০ নিট, ফলে উজ্জ্বল আলোতেও পর্দার তথ্য সহজে দেখা যাবে। পর্দার রেজ্যুলেশন ৪৫০×৩৯০ পিক্সেল। এতে সবসময় পর্দায় তথ্য দেখানোর সুবিধাও যুক্ত করা হয়েছে।

আগের মডেলের তুলনায় রেডমি ওয়াচ ৬ অ্যাকটিভ আরও পাতলা ও হালকা। স্মার্টওয়াচটির পুরুত্ব মাত্র ৯ দশমিক ৯ মিলিমিটার এবং ফিতা ছাড়া ওজন ২৬ গ্রাম। এটি ধুলা ও পানি প্রতিরোধী মানদণ্ডে সুরক্ষিত হওয়ায় সাঁতার সহ হালকা পানির ক্রীড়ার সময়ও ব্যবহার করা যাবে। রয়েছে ৪৭০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি। সবসময় পর্দা চালু থাকলে একবার চার্জে প্রায় ৬ দিন, সাধারণ ব্যবহারে প্রায় ১২ দিন এবং বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থায় সর্বোচ্চ ১৮ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

স্মার্টওয়াচটিতে ১৪০টি খেলাধুলা ও শরীরচর্চা পর্যবেক্ষণ সুবিধা রয়েছে। পাশাপাশি হৃদস্পন্দন, রক্তের অক্সিজেনের মাত্রা, ঘুম এবং মানসিক চাপের মাত্রা পর্যবেক্ষণ করা যাবে। এতে থাকা মাইক্রোফোন ও বেতার সংযোগের মাধ্যমে স্মার্টফোনের কল গ্রহণের সুবিধাও রয়েছে। এ ছাড়া দ্রুত অর্থ পরিশোধ, দূর থেকে ছবি তোলা, টর্চলাইট, ফোন খুঁজে বের করার সুবিধা এবং শাওমির স্বাস্থ্য পর্যবেক্ষণ সহায়ক অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে। স্মার্টওয়াচটি নির্দিষ্ট সংস্করণের আইফোন ও অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের সঙ্গে ব্যবহার করা যাবে।

গানমেটাল, কমলা ও রুপালি এই তিন রঙে পাওয়া যাবে রেডমি ওয়াচ ৬ অ্যাকটিভ। চীনের বাজারে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪৯ চীনা ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ হাজার টাকার কাছাকাছি। তবে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে বাংলাদেশে, স্মার্টঘড়িটি কবে পাওয়া যাবে সে বিষয়ে এখনও কোনও তথ্য জানায়নি শাওমি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *