উদ্যোগ

সিসিপ-বেসিস’র পাইথন ও ইউআই/ইউএক্স ডিজাইন কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধন

ক.বি.ডেস্ক: সিসিপ’র উদ্যোগে ‘পাইথন প্রোগ্রামিং ও ইউআই/ইউএক্স ডিজাইন কোর্স’-এর ১ম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর কাওরান বাজারে অবস্থিত বেসিস অডিটোরিয়ামে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বেসিসের প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সিসিপ-বেসিস প্রোগ্রামের ফোকাল পারসন মো. রওশন কামাল জেমস। সম্মানিত অতিথি ছিলেন বেসিস ও সিসিপ’র প্রোগ্রাম স্ট্যান্ডিং কমিটির সদস্য বেলাল আহমেদ। সঞ্চালনা করেন সিসিপ’র চিফ কোঅর্ডিনেটর খালেদা বেগম।

বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান বলেন, ‘‘এ ধরনের প্রশিক্ষণকে শুধুমাত্র ‘ফ্রি কোর্স’ হিসেবে দেখার সুযোগ নেই। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা। এই প্রশিক্ষণ সেই লক্ষ্য অর্জনের একটি কার্যকর মাধ্যম। আইসিটি খাতে দক্ষতা অর্জনের ক্ষেত্রে সার্টিফিকেশনের গুরুত্ব অনেক। তবে কেবল সার্টিফিকেট অর্জনই যথেষ্ট নয়; নিয়মিত অনুশীলন ও বাস্তব কাজের অভিজ্ঞতার মাধ্যমে প্রকৃত দক্ষতা গড়ে তুলতে হবে। আইন, চিকিৎসা কিংবা তথ্যপ্রযুক্তি-সব ক্ষেত্রেই ব্যবহারিক অভিজ্ঞতা সাফল্যের মূল চাবিকাঠি।’’

মো. রওশন কামাল জেমস বলেন, ‘‘দেশের তথ্যপ্রযুক্তি খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দক্ষ জনবল তৈরির কোনও বিকল্প নেই। এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের কর্মমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি শিল্পের চাহিদার সঙ্গে নিজেদের উপযোগী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

বেলাল আহমেদ বলেন, ‘‘বেসিস তথ্যপ্রযুক্তি খাতে দিকনির্দেশকের কাজ করছে। এই খাতকে উন্নয়নের জন্য বেসিস সরকারের সঙ্গে সফলতার সঙ্গে কাজ করে আসছে। প্রশিক্ষণার্থীরা এই ৪ মাস মনোযোগ ও পরিশ্রমের মাধ্যমে যেন দক্ষতা অর্জন করেন এবং নিজের ও দেশের উন্নয়নে প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগান।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *