সৌর বিদ্যুৎ খাতে সম্ভাবনা ও কৌশল নিয়ে এনার্জিপ্যাকের কর্মশালা
ক.বি.ডেস্ক: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন করেছে এনার্জিপ্যাক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। কর্মশালায় মূলত বাংলাদেশে সোলার প্রজেক্টের বাণিজ্যিক ও কারিগরি দিকগুলোর ওপর আলোকপাত করা হয়। প্রশিক্ষণ সেশনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভিন্ন বিজনেস ইউনিটের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ সেশনে সৌরশক্তি খাতের সুযোগ ও সম্ভাবনা, সোলার সিস্টেমের কার্যপ্রণালী, ইপিসি প্রজেক্টের টেকনিক্যাল ডিজাইন এবং সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের জন্য ‘সোলার অ্যাঙ্গেল অপ্টিমাইজেশন’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া প্রজেক্টের সঠিক মূল্য নির্ধারণ, খরচ কমানোর কৌশল, উন্নত সরঞ্জামের ব্যবহার এবং সৌর প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবনসমূহ অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা লংগি সোলার প্যানেলের বিভিন্ন ধরণ এবং ‘ব্যাক কন্টাক্ট টেকনোলজি’সম্পর্কে ধারণা লাভ করেন, যা সৌর প্যানেলের কার্যক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। সেশনটি পরিচালনা করেন লংগি গ্রিন এনার্জি টেকনোলজির সিনিয়র ম্যানেজার আহসান।
বাংলাদেশ বর্তমানে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে শক্তির উৎসে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে কারিগরি ও বাণিজ্যিক দক্ষতা বৃদ্ধিতে এ ধরণের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।





