সবার জন্য ইন্টারনেট নিশ্চিতে কাজ করছে সরকার: মন্ত্রী ফকির মাহবুব আনাম
ক.বি.ডেস্ক: সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। সরকারের লক্ষ্য জনগণের দোরগোড়ায় প্রযুক্তি পৌঁছে দেয়া। এজন্য উপজেলা পর্যায় পর্যন্ত ইন্টারনেট বিস্তার, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাই।
আজ শনিবার (১১ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি) রেহান আসিফ আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজার জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নান। সভায় সুশীল সমাজ, বিভিন্ন স্টেক হোল্ডার, গণমাধ্যম কর্মী এবং দপ্তর সংস্থার প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘‘উপকূলীয় ও মৎস্য খাতের নিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে সমুদ্রে কর্মরত জেলেদের জন্য সাইক্লোন সতর্কতা, ডাকাতি প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর ওপর গুরুত্ব দিতে হবে। সরকার দেশের প্রতিটি অঞ্চলে, বিশেষ করে পর্যটননির্ভর এলাকা যেমন কক্সবাজারে, আধুনিক ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ করছে। ইতোমধ্যে বিমানবন্দর, রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।’’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘‘দেশের টেলিযোগাযোগ সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। বিটিসিএলের সেবা বিলম্ব সহ বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে পদক্ষেপ নেয়া হয়েছে। কক্সবাজারে ফ্রি ওয়াইফাই সম্প্রসারণ ও মোবাইল নেটওয়ার্ক উন্নয়নে কাজ চলবে। ধাপে ধাপে বিনিয়োগ ও পরিকল্পনার মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হবে।’’





