৮০০০ এমটি/এস গতির ডিডিআর৫ মেমোরি আনল টিমগ্রুপ
ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত মেমোরি নির্মাতা প্রতিষ্ঠান টিমগ্রুপ ইঙ্ক. এলিট প্লাস ডিডিআর৫ এবং এলিট ডিডিআর৫ ডেস্কটপ মেমোরি সিরিজে নতুন ৮০০০ এমটি/এস উচ্চগতির সংস্করণ উন্মোচন করেছে। নতুন এই মেমোরি মডিউলগুলো উচ্চ পারফরম্যান্স কম্পিউটিংয়ের চাহিদা পূরণে তৈরি করা হয়েছে এবং এতে জেইডিইসি মানসম্মত ১.১ ভোল্ট অপারেটিং ভোল্টেজের সঙ্গে সিএল৫৬-৫৬-১২৮ টাইমিং ব্যবহৃত হয়েছে। এর মাধ্যমে টিমগ্রুপ আবারও উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরি প্রযুক্তিতে নিজেদের সক্ষমতার প্রমাণ দিল।
নতুন এলিট প্লাস ডিডিআর৫ ৮০০০ এমটি/এস এবং এলিট ডিডিআর৫ ৮০০০ এমটি/এস মডিউলগুলো বিশেষভাবে উচ্চ ফ্রিকোয়েন্সি ও কম বিদ্যুৎ খরচ নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। আধুনিক ডেস্কটপ ব্যবহারে বিশেষ করে মাল্টিটাস্কিং, অনলাইন লার্নিং, বিনোদন ও উচ্চক্ষমতাসম্পন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রে এগুলো উন্নত পারফরম্যান্স দিতে সক্ষম হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মডিউলগুলোতে ডিডিআর৫ স্যাম-ব্যাংক রিফ্রেশ প্রযুক্তি এবং উন্নত আইসি আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, যা একাধিক কাজ একসঙ্গে চলাকালেও সিস্টেমকে স্থিতিশীল ও দ্রুত রাখবে। পাশাপাশি ১.১ ভোল্ট অপারেটিং ভোল্টেজ বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি কমপিউটারের দীর্ঘমেয়াদি স্থায়িত্বেও ইতিবাচক প্রভাব ফেলবে। ফলে গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং উচ্চক্ষমতার পিসি ব্যবহারকারীদের জন্য আরও শক্তিশালী ও দ্রুতগতির মেমোরি সমাধান উন্মুক্ত হলো।
টিমগ্রুপ জানায়, নতুন এই মেমোরি কিটগুলো প্রাথমিকভাবে ১৬ জিবি × ২ কনফিগারেশনে বাজারে আসবে। উত্তর আমেরিকার বাজারে আগামী জুন মাস থেকে অ্যামাজনে পাওয়া যাবে পণ্যগুলো। নতুন এই উন্মোচনের মাধ্যমে টিমগ্রুপ তাদের উচ্চগতির ডিডিআর৫ মেমোরি পোর্টফোলিও আরও বিস্তৃত করল।





