সাম্প্রতিক সংবাদ

২৪/৭ টেলিমেডিসিন থেকে এআই চ্যাটবট, স্বাস্থ্যসেবায় নতুন স্বীকৃতি গ্রামীণ হেলথটেকের

ক.বি.ডেস্ক: গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী ও ধারাবাহিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন) অ্যাওয়ার্ডে ‘ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে গ্রামীণ হেলথটেক লিমিটেড।

প্রতিষ্ঠানটির এআই-সক্ষম, রোগীকেন্দ্রিক ও আন্তঃসংযোগযোগ্য ডিজিটাল স্বাস্থ্যসেবা অ্যাপ্লিকেশন এবং কমিউনিটি-কেয়ার ইকোসিস্টেমের জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। ‘সুখী’ প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রামীণ ও ডিজিটাল স্বাস্থ্যসেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও ধারাবাহিক চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখছে গ্রামীণ হেলথটেক।

সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিআইআইএন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম-এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন গ্রামীণ হেলথটেকের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআইআইএন-এর চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীর।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ হেলথটেকের চিফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মোহাম্মদ আবুল হোসেন বঙ্গবাসী, চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক, অ্যাপ্লিকেশন টেক লিড মো. তানবীর হোসেন এবং চিফ অব রিসার্চ (অ্যানালাইটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স) ডা. হোসাইন মো. আল-আমিন।

পুরস্কার অর্জন প্রসঙ্গে গ্রামীণ হেলথটেকের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, “এই স্বীকৃতি আমাদের প্রতিটি লিংক ওয়ার্কার, চিকিৎসক ও সেবাগ্রহীতার, যাঁরা সুখীকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন। কে কোথায় থাকেন, তার ওপর স্বাস্থ্যসেবা নির্ভর করা উচিত নয়। এই পুরস্কার বাংলাদেশের প্রতিটি ঘরে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার প্রেরণা জোগাবে।”

‘সুখী’ মূলত গ্রামীণ, সুবিধাবঞ্চিত এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও ধারাবাহিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মটি রোগী, চিকিৎসক, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, পরিচর্যাকারী, সুখী সেবা কেন্দ্র এবং কমিউনিটিভিত্তিক সুখী লিংক ওয়ার্কারদের একটি সমন্বিত সেবাব্যবস্থার আওতায় যুক্ত করে।

এতে ২৪/৭ টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডিজিটাল প্রেসক্রিপশন, ওষুধ ডেলিভারি, হোম ডায়াগনস্টিকস, চিকিৎসা রেফারেল, মানসিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুস্বাস্থ্য এবং অসংক্রামক রোগ ব্যবস্থাপনার মতো সেবা রয়েছে। সমন্বিত ও আন্তঃসংযোগযোগ্য ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) ব্যবস্থার মাধ্যমে রোগীর চিকিৎসা-সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ফলোআপের ধারাবাহিকতা নিশ্চিত করা হয়।

‘সুখী’-এর স্বাস্থ্যসেবা ব্যবস্থায় এআই প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। এআই-সক্ষম হেলথকেয়ার চ্যাটবট ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা সংক্রান্ত নির্দেশনা, প্রাথমিক উপসর্গ গ্রহণ, স্বাস্থ্যশিক্ষা, অ্যাপয়েন্টমেন্ট সহায়তা এবং ওষুধ ও ফলোআপের রিমাইন্ডার দিতে পারে। প্রয়োজন অনুযায়ী এটি ব্যবহারকারীকে সংশ্লিষ্ট স্বাস্থ্যপেশাজীবীর কাছে পৌঁছাতেও সহায়তা করে।

এ ছাড়া ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম রোগীর কাঠামোবদ্ধ স্বাস্থ্য-ইতিহাস, ক্লিনিক্যাল পর্যবেক্ষণ এবং রিয়েল-টাইম ভাইটাল সাইন বিশ্লেষণে চিকিৎসকদের সহায়তা করে। এর মাধ্যমে ঝুঁকি শনাক্তকরণ, গাইডলাইনভিত্তিক পরামর্শ এবং প্রমাণনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা পাওয়া যায়।

ডোরস্টেপ লিংক ওয়ার্কার, সুখী সেবা কেন্দ্র এবং সংযুক্ত মেডিকেল ডিভাইসের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে গ্রামীণ হেলথটেক। এর মধ্যে ‘সুখী স্বাস্থ্য বন্ধু’ ৬-ইন-১ ডিভাইসের মাধ্যমে রিয়েল-টাইম স্বাস্থ্য পরীক্ষা করার সুবিধাও রয়েছে। এসব প্রযুক্তি ও কমিউনিটি-ভিত্তিক সেবার সমন্বয়ে দেশের গ্রামীণ পরিবারগুলোকে একটি সংযুক্ত ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার আওতায় নিয়ে আসা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *