১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিডিএআইও ২০২৬’-এর জাতীয় পর্ব
ক.বি.ডেস্ক: দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা বাড়াতে ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় ‘বাংলাদেশ এআই অলিম্পিয়াড (বিডিএআইও) ২০২৬’ এর জাতীয় পর্ব। রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে ‘বিডিএআইও ২০২৬’-এর জাতীয় পর্বের চূড়ান্ত আসর বসবে। আগ্রহী শিক্ষার্থীদের ২৮ এপ্রিল রাত ১০টা পর্যন্ত সরাসরি https://festive.rocks/e/bdaio2026 লিংকে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিস্তারিত তথ্য ও সিলেবাস পাওয়া যাবে bdaio.org ওয়েবসাইটে।
২ থেকে ১০ মে পর্যন্ত দেশের ৫টি বিভাগে আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। আঞ্চলিক ও ই-অলিম্পিয়াডের ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে ২ মে বিইউবিটি ক্যাম্পাসে। ৮ মে রংপুর, দিনাজপুর এবং নীলফামারী জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে রংপুর (সৈয়দপুর) আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে।
৯ মে রাজশাহী আঞ্চলিক পর্ব রাজশাহী কলেজে, চট্টগ্রাম আঞ্চলিক পর্ব চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-তে এবং খুলনা আঞ্চলিক পর্ব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। যেসব জেলার কাছাকাছি কোনও আঞ্চলিক ভেন্যু নেই, সেসব জেলার শিক্ষার্থীদের জন্য আগামী ১০ মে অনলাইনে ‘ই-অলিম্পিয়াড’ আয়োজন করা হবে।
‘বিডিএআইও ২০২৬’ প্রতিযোগিতাটি দুটি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত। ‘এআই চ্যালেঞ্জ’ ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে এইচএসসি ২০২৬, এ-লেভেল (এটু), আলিম এবং পলিটেকনিক ইনস্টিটিউটের (৪র্থ সেমিস্টার) ২০ বছরের কম বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এই ক্যাটাগরির প্রতিযোগিতাটি ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম ‘Kaggle’-এ অনুষ্ঠিত হবে এবং এর নিবন্ধন ফি মাত্র ১০০ টাকা।
৬ষ্ঠ থেকে এসএসসি ২০২৬ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘এআই কুইজ’, যাতে অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি। এআই কুইজ ক্যাটাগরিতে শিক্ষার্থীদের এআই-তে আগ্রহী করতে এআই বিষয়ে সাধারণ জ্ঞান ও গাণিতিক ও যুক্তিভিত্তিক দক্ষতা যাচাই করা হবে। আর এআই চ্যালেঞ্জ-এ পাইথন এবং মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্কসহ এআই-এর মূল বিষয়গুলোর সমস্যা সমাধান করতে দেয়া হবে।
‘বিডিএআইও ২০২৬’-এর আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। প্লাটিনাম স্পন্সর বিইউবিটি; পাওয়ার্ড বাই রিভ চ্যাট; গোল্ড স্পন্সর ব্রেইন স্টেশন ২৩; সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি; ব্রোঞ্জ স্পন্সর বিটনা এবং নলেজ পার্টনার ঢাবি আইআইটি। টিভি পার্টনার দীপ্ত টিভি এবং পার্টনার বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, রকমারি ডট কম ও জাদু পিসি।





