গেমস

১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সর টেকনো

ক.বি.ডেস্ক: আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ-এর অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোন ব্র্যান্ড টেকনোকে টুর্নামেন্টের অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশেষ অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়। পাশাপাশি সাফ এবং আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের মধ্যে টাইটেল স্পন্সরশিপ চুক্তিও বিনিময় করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং টেকনো বাংলাদেশের যৌথ আয়োজনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লোগো উন্মোচন করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো টুর্নামেন্টের ক্ষণগণনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফ-এর সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, বাফুফে-এর সহসভাপতি ফাহাদ করিম, আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, বাংলাদেশ ফুটবল দলের কোচ টমাস ডুলি, জাতীয় দলের তারকা ফুটবলার তপু বর্মণ ও শেখ মোরছালিন সহ সার্কভুক্ত সাত সদস্য দেশের ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা এবং করপোরেট অংশীদার।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল টেকনোকে অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘দক্ষিণ এশিয়ার ফুটবলের বিকাশে শক্তিশালী অংশীদারত্ব সময়ের দাবি। টেকনোর সঙ্গে এই সহযোগিতা টুর্নামেন্টের প্রচার, দর্শক সম্পৃক্ততা এবং বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’’

রেজওয়ানুল হক বলেন, ‘‘সাফ চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সর হতে পেরে আনন্দিত। দীর্ঘদিন পর বাংলাদেশে আবারও সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। অতীতে বাংলাদেশ এই আসরে সাফল্য অর্জন করেছে এবং সেই গৌরব ফিরিয়ে আনার সুযোগ এবারও রয়েছে বলে আশাবাদী। এই টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে আরও গভীর আবেগ ও উদ্দীপনা সৃষ্টি করতে তারা কাজ করবেন। একই সঙ্গে সমর্থকদের আরও শক্তিশালীভাবে সম্পৃক্ত করে দেশের ফুটবলের প্রতি ইতিবাচক পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করছি।’’

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। এটি হবে চতুর্থবারের মতো বাংলাদেশের মাটিতে এই টুর্নামেন্টের আয়োজন। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। আগামী ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। সেখানেই নির্ধারণ হবে গ্রুপ পর্বে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ।

২০০৩ সালে ঘরের মাঠে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের ইতিহাসের একমাত্র সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এ ছাড়া ১৯৯৯ ও ২০০৫ সালে রানার্সআপ হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *