বিশ্ববাজারে বিস্তার জোরদারে নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করল ‘টিপসই’
ক.বি.ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘টিপসই’ আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের লক্ষ্যকে সামনে রেখে নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করেছে। ইনোভেস টেকনোলজিসের তৈরি বাংলাদেশি এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিশ্বের ১১টি দেশে তাদের সেবা সম্প্রসারণ করেছে।
নতুন ব্র্যান্ড পরিচিতির অংশ হিসেবে ‘টিপসই’ তাদের লোগো সহ পুরো ব্র্যান্ড আইডেন্টিটি পুনর্গঠন করেছে। বাংলা ও ইংরেজি- দুই ভাষাতেই নতুন লোগো প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ভিজ্যুয়াল ডিজাইন, ব্র্যান্ড ভাষা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতায়ও পরিবর্তন আনা হয়েছে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সফটওয়্যার এবং হার্ডওয়্যার সেবায় একটি সমন্বিত ও অভিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করা যায়।
প্রতিষ্ঠানটির এআইচালিত সফটওয়্যার, বায়োমেট্রিক এবং অ্যাক্সেস কন্ট্রোল প্রযুক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের পাশাপাশি উৎপাদনশীলতা ও পরিচালনাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একদল প্রকৌশলীর প্রতিষ্ঠিত ‘টিপসই’ বর্তমানে ১০ হাজারের বেশি সক্রিয় ডিভাইসের মাধ্যমে ১ হাজার ২০০টিরও বেশি প্রতিষ্ঠান এবং ২ লাখ ৩৮ হাজারের বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, মালয়েশিয়া, তুরস্ক ও পাকিস্তান সহ বিশ্বের ১১টি দেশের বিভিন্ন বিমানবন্দর, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান, কারখানা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, এনজিও এবং শিল্পপ্রতিষ্ঠানে টিপসইয়ের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার আরও বিভিন্ন দেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, ২০২৫ সালে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রায় তিন গুণ প্রবৃদ্ধি অর্জনের পর নতুন ব্র্যান্ড পরিচিতি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। ২০২৬ সালেও সেই প্রবৃদ্ধির ধারা ধরে রেখে বৈশ্বিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরির লক্ষ্য নিয়েছে ‘টিপসই’। পাশাপাশি কর্মক্ষেত্রকে আরও নিরাপদ, দক্ষ ও উৎপাদনশীল করতে এআই প্রযুক্তি এবং স্মার্ট হার্ডওয়্যার গবেষণায় বিনিয়োগ অব্যাহত থাকবে।
‘টিপসই’-এর বিপণন বিভাগের প্রধান অর্ণব সিকদার বলেন, “ব্র্যান্ড সবসময় প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে বদলায়। আমাদের প্রযুক্তি এগিয়েছে, প্ল্যাটফর্ম বড় হয়েছে, স্বপ্নও বেড়েছে। তাই ব্র্যান্ডকেও সেই অগ্রগতির প্রতিফলন ঘটাতে হয়েছে। নতুন এই পরিচিতি আমাদের নতুন বাজারে প্রবেশ, নতুন পণ্য উন্মোচন এবং বাংলাদেশে তৈরি প্রযুক্তিকে বৈশ্বিক পরিসরে আরও কার্যকরভাবে তুলে ধরতে সহায়তা করবে।”
‘টিপসই’-এর বৈশ্বিক সম্প্রসারণে সহায়তা করছে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রতিষ্ঠান অ্যাক্সিলারেটিং এশিয়া এবং অরবিট ভেঞ্চারস। এ দুটি প্রতিষ্ঠান এশিয়ার সম্ভাবনাময় প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে তাদের সফটওয়্যার প্ল্যাটফর্ম, বায়োমেট্রিক ও অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং সব ধরনের গ্রাহক যোগাযোগমাধ্যমে ধাপে ধাপে নতুন ব্র্যান্ড পরিচিতি চালু করা হবে।





