অফিস-যাতায়াত সহজ করতে একসঙ্গে কাজ করবে উপায় ও কমিউট
ক.বি.ডেস্ক: ইউসিবি-এর সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানির এমএফএস প্রতিষ্ঠান উপায় তাদের গ্রাহকদের দৈনন্দিন অফিস-যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতে কমিউট (বাংলাদেশ) লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে। এর ফলে গ্রাহকরা উপায় অ্যাপের মাধ্যমে কমিউটের প্রিমিয়াম অফিস-কমিউট সার্ভিস ব্যবহার করতে পারবেন এবং উপায় ওয়ালেটের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন। এ ছাড়া বিভিন্ন সময়ে গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইন, মূল্যছাড় ও প্রমোশনাল অফার থাকবে।
সম্প্রতি অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন উপায়-এর করপোরেট সেলস প্রধান সাজ্জাদ আলম এবং কমিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. আল আমিন সরকার। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাজ্জাদ আলম বলেন, ‘‘আর্থিক সেবার পাশাপাশি আমরা উপায়-এর মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজনের বিভিন্ন সুবিধা সহজলভ্য করতে কাজ করছি। কমিউটের সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে অফিস-যাতায়াতের সঙ্গে ডিজিটাল পেমেন্টকে যুক্ত করে আমরা তাদের আরও নির্বিঘ্ন অভিজ্ঞতা দিতে চাই।’’
মো. আল আমিন সরকার বলেন, ‘‘উপায়-এর সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমাদের প্রিমিয়াম পরিবহনসেবায় ডিজিটাল পেমেন্টের সুবিধা যুক্ত হচ্ছে। এতে গ্রাহকরা কমিউটের সেবা গ্রহণের পাশাপাশি ভাড়াও সহজে পরিশোধ করতে পারবেন।’’





