সাম্প্রতিক সংবাদ

শ্রেণিকক্ষে ডিজিটাল বিরতি আনছে অস্ট্রেলিয়া, ফিরছে খাতা-কলমে পড়াশোনা

ক.বি.ডেস্ক: শিক্ষার্থীদের পড়াশোনায় প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার কমিয়ে খাতা-কলমনির্ভর শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, মনোযোগ ও সমস্যা সমাধানের দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন উদ্বেগ থেকেই এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন পরিকল্পনায় বিদ্যালয়ে পর্দার সামনে শিক্ষার্থীদের সময় কমানো, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত করা এবং হাতে লেখা পরীক্ষার প্রচলন বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে শ্রেণিকক্ষে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার। দেশটির শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার এবিসি রেডিও ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আইপ্যাড পুরোপুরি বাদ দেয়ার পক্ষে তিনি নন। তবে শিক্ষার্থীদের জন্য প্রযুক্তির ব্যবহার কমিয়ে খাতা-কলমে পড়াশোনার সুযোগ বাড়ানোর যথেষ্ট যুক্তি রয়েছে।

এ অবস্থান অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থায় গত কয়েক দশক ধরে চলা প্রযুক্তিনির্ভরতার প্রবণতা থেকে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের শিক্ষামন্ত্রীরা বিদ্যালয়ে শিক্ষার্থীদের পর্দা ব্যবহারের সময়সীমা নির্ধারণের বিষয়টি বিবেচনায় নিতে সম্মত হয়েছেন। নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যে ইতোমধ্যে এ ধরনের সীমা নির্ধারণের প্রস্তাব এসেছে। পশ্চিম অস্ট্রেলিয়ায়ও শিগগিরই পরীক্ষামূলকভাবে এ উদ্যোগ চালুর পরিকল্পনা রয়েছে।

নতুন প্রতিবেদনে পঞ্চম শ্রেণির জাতীয় শিক্ষাগত মূল্যায়ন কর্মসূচি ন্যাপলানের কিছু পরীক্ষা আবারও হাতে লিখে নেয়ার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এসব পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিদ্যালয়ে প্রযুক্তির ব্যবহার কমানোর উপায় খতিয়ে দেখতে একটি বিশেষ কর্মীদল গঠন করা হবে। দলটি আগামী বছর শিক্ষামন্ত্রীদের কাছে তিন দফায় প্রতিবেদন দেবে। প্রাথমিক বিদ্যালয়ে সৃজনশীল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং মাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় এর প্রয়োগেও বিধিনিষেধের পরিকল্পনা রয়েছে।

সরকারের বক্তব্য, শিক্ষাপ্রযুক্তির কাজ হবে কার্যকর পাঠদানকে সহায়তা করা, শিক্ষকের বিকল্প হয়ে ওঠা নয়। প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শেখার অগ্রগতি ও সুস্থতায় সহায়ক না হলে তা সীমিত করা প্রয়োজন।

শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে প্রযুক্তির কতটুকু ব্যবহার উপযোগী, তা নিয়ে গবেষণায় এখনও একক কোনও সিদ্ধান্ত পাওয়া যায়নি। সাম্প্রতিক আন্তর্জাতিক মূল্যায়নে দেখা গেছে, ১৫ বছর বয়সী যেসব শিক্ষার্থী পড়াশোনার কাজে পরিমিত মাত্রায় ডিজিটাল যন্ত্র ব্যবহার করে, তাদের ফলাফল অতিরিক্ত ব্যবহারকারী ও একেবারেই ব্যবহার না করা শিক্ষার্থীদের তুলনায় ভালো।

২০১৫ সালে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার এক বিশ্লেষণে দেখা যায়, বিদ্যালয়ে কমপিউটার ব্যবহারে বিপুল বিনিয়োগ করেও বিভিন্ন দেশে শিক্ষার্থীদের পড়ার দক্ষতা, গণিত কিংবা বিজ্ঞানের ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

তবে নির্দিষ্ট উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহার করলে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি বাড়তে পারে। যেমন, ব্যক্তিভিত্তিক অনুশীলন এবং ভুলের বিষয়ে দ্রুত ও নির্ভুল মতামত দেয়ার ক্ষেত্রে প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে। সমস্যা হলো, বিদ্যালয়ে প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এসব উপকরণের কার্যকারিতার যথেষ্ট প্রমাণ চাওয়া হয় না।

সৃজনশীল কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের পর শিক্ষায় প্রযুক্তির প্রভাব নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। শিক্ষার্থীরা নিজেরা চিন্তা করে শেখার পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে কাজ সম্পন্ন করছে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে।

গবেষকদের আশঙ্কা, বারবার কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করলে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা, বিশ্লেষণ ও সমস্যা সমাধানের ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোও মনে করে, শেখার প্রকৃত প্রক্রিয়ায় চিন্তার পরিশ্রম, প্রশ্ন করা এবং সমস্যার সমাধান খোঁজার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ার এ উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় সব ধরনের প্রযুক্তি নিষিদ্ধ করার কথা বলা হয়নি। বরং কখন, কী উদ্দেশ্যে এবং কতটুকু প্রযুক্তি ব্যবহার করা উচিত, তা নির্ধারণের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ, বিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীরা ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন প্রযুক্তির মুখোমুখি হবে। তাই নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার পাশাপাশি নিজেরা চিন্তা ও বিশ্লেষণ করার দক্ষতা অর্জনও জরুরি।

সিঙ্গাপুর ও এস্তোনিয়ার মতো দেশের অভিজ্ঞতা দেখিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষাব্যবস্থাকে কার্যকর রাখতে শিক্ষকদের দক্ষতা বাড়ানো এবং শেখার উপযোগী প্রযুক্তিতে বিনিয়োগ করা প্রয়োজন। সব মিলিয়ে প্রযুক্তিকে পুরোপুরি বাদ না দিয়ে প্রচলিত শিক্ষাপদ্ধতির সঙ্গে এর ভারসাম্য তৈরি করাই অস্ট্রেলিয়ার নতুন উদ্যোগের মূল লক্ষ্য।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *