লিসা ও প্লেস্টেশন-এর নতুন চমক, আসছে লিমিটেড এডিশন ডুয়ালসেন্স
ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত কে-পপ তারকা লিসার সঙ্গে আবারও নতুন সহযোগিতায় যুক্ত হলো প্লেস্টেশন। গত বছর বিশ্বব্যাপী পিএস৫ প্রচারণায় একসঙ্গে কাজ করার পর এবার লিসাকে নিয়ে বিশেষ সংস্করণের ডুয়ালসেন্স ওয়্যারলেস কন্ট্রোলার এবং নতুন মার্চেন্ডাইজ কালেকশন উন্মোচন করেছে প্লেস্টেশন।
লিসা থাইল্যান্ডে নিজের শিকড় থেকে শুরু করে কোরিয়া ও বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজের অবস্থান তৈরি করেছেন। সংগীত, মঞ্চ পরিবেশনা ও ফ্যাশনে তার নিজস্ব স্টাইল তাকে বৈশ্বিক পপ সংস্কৃতির অন্যতম পরিচিত মুখে পরিণত করেছে। এবার সেই সৃজনশীলতার ছাপ দেখা যাবে প্লেস্টেশন-এর নতুন কালেকশনেও।
লিসা বলেন, অবসর সময়ে গেম খেলতে তিনি পছন্দ করেন। প্লেস্টেশন-এর সঙ্গে এই কালেকশন তৈরির সুযোগ তার কাছে বেশ আনন্দের ছিল। নিজের ভক্তরা যাতে ডিজাইনের ছোট ছোট বিষয়েও তাকে খুঁজে পান, সে বিষয়টি মাথায় রেখেই তিনি এতে বিভিন্ন ব্যক্তিগত উপাদান যুক্ত করেছেন। সংগীত ও ফ্যাশনের মাধ্যমে নিজেকে প্রকাশ করার পাশাপাশি এই সহযোগিতা তাকে সৃজনশীলতার নতুন একটি ক্ষেত্র দিয়েছে।
নতুন ডুয়ালসেন্স ওয়্যারলেস কন্ট্রোলার-লিসা লিমিটেড এডিশন এ লিসার ব্যক্তিগত স্টাইলকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কন্ট্রোলারের টাচপ্যাডে জায়গা পেয়েছে লিসার আইকনিক চোখ ও চুলের স্টাইল। এর সঙ্গে রয়েছে তার স্বাক্ষরধর্মী তারকা চিহ্ন এবং ‘এলএল’ লেটারিং। পুরো কন্ট্রোলারটি তৈরি করা হয়েছে ক্রোমা পার্ল রঙের থিমে। এটি লিসার ব্যক্তিগত পছন্দের রঙ বলেও জানিয়েছে প্লেস্টেশন।
সীমিত সংখ্যায় তৈরি এই বিশেষ সংস্করণের ডুয়ালসেন্স কন্ট্রোলারটি আগামী ৩০ অক্টোবর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্লেস্টেশন-এর সরাসরি বিক্রয় চ্যানেল ও নির্বাচিত খুচরা বিক্রেতাদের মাধ্যমে পাওয়া যাবে। এর প্রস্তাবিত খুচরা মূল্য ৮৪.৯৯ মার্কিন ডলার, ১২,৪৮০ জাপানি ইয়েন, ৮৪.৯৯ ইউরো এবং ৭৪.৯৯ ব্রিটিশ পাউন্ড। কন্ট্রোলারটির প্রি-অর্ডার শুরু হবে ২ অক্টোবর সকাল ১০টা থেকে, স্থানীয় সময় অনুযায়ী এবং স্টক থাকা পর্যন্ত।
শুধু গেমিং কন্ট্রোলারেই সীমাবদ্ধ থাকছে না এই সহযোগিতা। অক্টোবরেই যুক্তরাষ্ট্রে উন্মোচন করা হবে লিসাx প্লেস্টেশন মার্চেন্ডাইজ কালেকশন। এতে লিসার ডিজাইন ব্যবহার করে তৈরি বিভিন্ন পোশাক ও লাইফস্টাইল পণ্য থাকবে। কালেকশনে থাকছে অ্যাপারেল, হ্যাট, টোট ব্যাগ, কী-চেইন, স্টিকার, ডুয়ালসেন্স কন্ট্রোলার বহন করার কেস এবং আরও কিছু পণ্য। ফলে ভক্তরা দৈনন্দিন জীবনেও প্লেস্টেশন ও লিসার এই বিশেষ সহযোগিতার স্মারক ব্যবহার করতে পারবেন।
মার্চেন্ডাইজ কালেকশনটি সীমিত সংখ্যায় দুটি আলাদা অ্যাসোর্টমেন্টে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রে নির্বাচিত কিছু পণ্যের প্রি-অর্ডার শুরু হবে ২ অক্টোবর সকাল ১০টা ইটি-তে প্লেস্টেশনের সরাসরি বিক্রয় প্ল্যাটফর্মে। এসব পণ্যের আনুষ্ঠানিক বিক্রি শুরু হবে ৩০ অক্টোবর। এ ছাড়া আরও কিছু পণ্য ২৩ অক্টোবর থেকে লিসার অফিসিয়াল অ্যামজন স্টোর এবং অ্যামজন মিউজিক অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।
একই সময়ে আসছে লিসার নতুন ইপি। প্লেস্টেশনের সঙ্গে এই নতুন সহযোগিতার পাশাপাশি লিসার ভক্তদের জন্য রয়েছে আরও একটি বড় খবর। আগামী ২৩ অক্টোবর প্রকাশিত হবে তার নতুন ইপি ‘প্রেস প্লে’। অর্থাৎ অক্টোবর মাসেই লিসাকে ঘিরে থাকছে নতুন সংগীত, বিশেষ প্লেস্টেশন ডুয়ালসেন্স এবং একাধিক ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের সমন্বিত আয়োজন।
কোথায় ও কখন প্রি-অর্ডার
যুক্তরাষ্ট্রে ২ অক্টোবর সকাল ১০টা ইটি থেকে ডুয়ালসেন্স-লিসা লিমিটেড এডিশন এবং লিসাx প্লেস্টেশন মার্চেন্ডাইজ কালেকশন এর প্রি-অর্ডার করা যাবে প্লেস্টেশনরে সরাসরি বিক্রয় প্ল্যাটফর্মে। পণ্যগুলো সীমিত সংখ্যায় পাওয়া যাবে এবং স্টক শেষ হয়ে গেলে প্রি-অর্ডার বন্ধ হয়ে যাবে।
এ ছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, স্পেন, পর্তুগাল, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও লুক্সেমবার্গে ২ অক্টোবর সকাল ১০টা স্থানীয় সময় থেকে ডুয়ালসেন্স-লিসা লিমিটেড এডিশন এর প্রি-অর্ডার শুরু হবে প্লেস্টেশনের অনলাইন স্টোরে। ৩০ অক্টোবর থেকে এসব বাজারে সীমিত সংখ্যায় কন্ট্রোলারটি পাওয়া যাবে। লিসার নিজস্ব ডিজাইন ও প্লেস্টেশনের জনপ্রিয় ডুয়ালসেন্স প্রযুক্তির এই সমন্বয় তাই ভক্তদের জন্য বিশেষ একটি কালেক্টরস আইটেম হিসেবে সামনে আসছে।





