রাজশাহীতে ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’ চালু
ক.বি.ডেস্ক: রাজশাহী অঞ্চলের ইন্টারনেট সেবার মানোন্নয়ন ও ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে চালু হলো ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’। এ উদ্যোগের মাধ্যমে রাজশাহী বিভাগে ইন্টারনেটের গতি ও মান বাড়বে, কমবে বিদেশি ব্যান্ডউইডথের ওপর নির্ভরতা এবং স্থানীয় পর্যায়ে ডেটা আদান-প্রদান আরও দ্রুত ও সহজ হবে। এই আঞ্চলিক পপের মাধ্যমে প্রায় ৪০০ জিবিপিএস ট্রাফিক পরিচালনার সক্ষমতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে।
আজ শুক্রবার (১৫ মে) রাজশাহী নগরীর একটি স্থানীয় হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’-এর উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং বিটিআরসি’র মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শফিউল আলম পারভেজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া। বক্তব্য রাখেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএসপিএবি’র কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন আইএসপিএবি’র বিভাগীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আইএসপিএবি’র পরিচালক মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাশেদুর রহমান রাজন, রাইসুল ইসলাম তুহিন এবং মো. জুবায়ের ইসলাম।
মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, “রাজশাহীর উন্নয়নে আমাদের একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান রয়েছে। আইসিটি খাতে এই অঞ্চলকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। নিক্স আঞ্চলিক পপ চালুর মাধ্যমে রাজশাহীতে ডিজিটাল উন্নয়নের নতুন গতি সৃষ্টি হবে। ইন্টারনেট একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটি যেন কখনও বিচ্ছিন্ন না হয়, সে জন্য আমরা পরিকল্পিতভাবে কাজ করছি। অচিরেই আমরা রাজশাহীকে একটি পূর্ণাঙ্গ ‘ইন্টারনেট সিটি’ হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “রাজশাহীতে আধুনিক অবকাঠামোর পাশাপাশি ইন্টারনেট ক্যাবল স্থাপনের জন্যও সমন্বিত পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এখন দেশের ইন্টারনেট ট্রাফিক দেশের ভেতরেই বিনিময় করা সম্ভব হবে। এর ফলে বিদেশি নির্ভরতা কমবে, দেশের অর্থ দেশেই থাকবে। এটি প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। রাজশাহীতে ডেটা সেন্টার স্থাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় জায়গা পাওয়ার জন্য আবেদন করার আহ্বান জানাই। প্রযুক্তিনির্ভর এই উন্নয়ন রাজশাহীকে দেশের শীর্ষ প্রযুক্তিনগরীতে পরিণত করবে।”

প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন,“রাজশাহীকে আধুনিক, প্রযুক্তিবান্ধব ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পপ চালুর ফলে নগরবাসী আরও দ্রুতগতির ও মানসম্মত ইন্টারনেট সেবার সুফল পাবেন। শিক্ষা, ব্যবসা, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সেবার ক্ষেত্রে এটি নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।”
নাজমুল করিম ভূঁইয়া বলেন, “রাজশাহীর ঝুলন্ত তার আন্ডারগ্রাউন্ডে নেয়ার জন্য রাজধানীর ধানমন্ডির সমন্বিত সংযোগ মডেল বাস্তবায়নের আহ্বান জানাই। রাজশাহীতে একটি ডেটা সেন্টার স্থাপনের সুযোগ তৈরি হলে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও ভবিষ্যতে বিনিয়োগে আগ্রহী হবে।”
মইন উদ্দিন আহমেদ বলেন, “২০২২ সালে ৩৪ জিবিপিএস ব্যান্ডউইডথ নিয়ে যাত্রা করা আইএসপিএবি-নিক্স বর্তমানে ৪০০ জিবিপিএসে উন্নীত হয়েছে। বর্তমানে দেশের পাঁচটি বিভাগে এ নেটওয়ার্কের আঞ্চলিক পপ রয়েছে এবং শিগগিরই বরিশাল, সিলেট ও রংপুর বিভাগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে এর সম্প্রসারণ করা হবে। এর ফলে স্থানীয় পর্যায়েই ব্যবহারকারীরা দ্রুত ডেটা বিনিময়ের সুবিধা পাবেন এবং বর্তমানে ১৫২টি আইএসপি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে।”
রাজশাহীতে ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’ স্থাপনে অর্থায়ন করেছে ইন্টারনেট সোসাইটি ও ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন। এই আঞ্চলিক পপ চালুর ফলে রাজশাহী অঞ্চলে নিরবচ্ছিন্ন, দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত হবে। পাশাপাশি আইসিটি খাত, ফ্রিল্যান্সিং ও স্টার্টআপ কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়ে ডিজিটাল রুপান্তর বিনির্মাণে রাজশাহী আরও একধাপ এগিয়ে যাবে।





