ভূমিসেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেমের উদ্বোধন
ক.বি.ডেস্ক: ডিজিটাল ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব করতে ‘ভূমিসেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম’ উদ্বোধন করা হয়েছে। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের যেকোনও প্রান্তের নাগরিকরা ঘরে বসেই ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ দাখিল, অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ এবং কারিগরি সহায়তা গ্রহণ করতে পারবেন।
আজ মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী (১৯-২১ মে) ‘‘ভূমিসেবা মেলা-২০২৬’’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান এই সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং ভূমি সচিব এ এস এম সালেহ উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, সরকারি কর্মকর্তাবৃন্দ, আইসিটি বিশেষজ্ঞ, জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ বিভিন্ন পর্যায়ের খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘‘ডিজিটাল রুপান্তর বাস্তবায়নের ধারাবাহিকতায় ভূমি খাতের সেবাগুলোকে প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ই-নামজারি, অনলাইন খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদান সহ বিভিন্ন সেবা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। তবে নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং প্রযুক্তিগত সমস্যার সমাধানে একটি সমন্বিত প্ল্যাটফর্মের অভাব ছিল। নতুন এই ‘ভূমিসেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম’ সেই ঘাটতি পূরণ করবে বলে আশা করছি।’’
মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘‘সিস্টেমটির মাধ্যমে ব্যবহারকারীরা ভূমি অফিসের সেবা গ্রহণে হয়রানি, সেবার বিলম্ব, অনলাইন আবেদন জটিলতা, সার্ভার সমস্যা, তথ্য সংশোধন কিংবা অন্যান্য যেকোনও সমস্যা সম্পর্কে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জমা দেয়ার পর প্রতিটি অভিযোগের জন্য একটি ইউনিক ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে, যার মাধ্যমে নাগরিকরা অভিযোগের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন।’’
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘‘প্ল্যাটফর্মটিতে কারিগরি সহায়তা সেবা যুক্ত করা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা অনলাইন নামজারি আবেদন, খতিয়ান অনুসন্ধান, ভূমি উন্নয়ন কর প্রদান বা অন্যান্য ডিজিটাল সেবা ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে কল সেন্টার, ই-মেইল এবং লাইভ সাপোর্ট সুবিধাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।’’
সচিব এ এস এম সালেহ উদ্দিন বলেন, ‘‘ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগ ব্যবস্থাপনার প্রতিটি ধাপ ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। এতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং নাগরিক সেবার মান উন্নত হবে। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তির নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করায় সেবাগ্রহীতারা দ্রুত সমাধান পাবেন বলে আশা করছি।’’
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নতুন এই প্ল্যাটফর্ম দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে ধাপে ধাপে কার্যকর করা হবে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সেবা, স্বয়ংক্রিয় অভিযোগ বিশ্লেষণ এবং মোবাইল অ্যাপ সংযুক্তির উদ্যোগও নেয়া হবে। ‘ভূমিসেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম’ চালুর মাধ্যমে নাগরিকদের ভোগান্তি কমবে, ভূমিসেবার প্রতি আস্থা বৃদ্ধি পাবে এবং ডিজিটাল সেবার কার্যকারিতা আরও শক্তিশালী হবে।





