সাম্প্রতিক সংবাদ

ফ্রিল্যান্সিংয়ে দক্ষ তরুণরাই বদলে দিতে পারে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি: প্রতিমন্ত্রী মীর হেলাল

ক.বি.ডেস্ক: তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তুলতে শুরু থেকেই সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এরই ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং খাতে দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের প্রণোদনা। ফ্রিল্যান্সারদের সুবিধার্থে ইতোমধ্যে একাধিক ই-পেমেন্ট গেটওয়ে চালু করা হয়েছে। পাশাপাশি কর ও ভ্যাট কমিয়ে লেনদেন প্রক্রিয়াও সহজ করা হয়েছে। এ খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব।

শুক্রবার (২০ নভেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত কর্মসূচির আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডল সহ পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “বড় বিনিয়োগের মাধ্যমে রাতারাতি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা চ্যালেঞ্জিং। ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনবল তৈরি করতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে। একটি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ১০০ জন বেকার তরুণ-তরুণী দক্ষ হয়ে ওঠলে তাদের ৯৫ শতাংশেরও বেশি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারবেন। পরবর্তী সময়ে তারা নিজেরাই নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন। এর ফলে বিদ্যমান অর্থনীতির পাশাপাশি নতুন একটি শক্তিশালী অর্থনৈতিক বলয় গড়ে ওঠবে।”

তিনি বলেন, “ইউরোপ, আমেরিকা ও সিঙ্গাপুরসহ উন্নত দেশগুলোর কল সেন্টারের বড় একটি অংশ পার্শ্ববর্তী দেশগুলোতে পরিচালিত হচ্ছে। এসব দেশ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করতে পেরেছে বলেই এ সুযোগ কাজে লাগাতে পারছে। বাংলাদেশের তরুণ-তরুণীরাও অত্যন্ত মেধাবী ও স্মার্ট। যথাযথ প্রশিক্ষণ পেলে তারা নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে দেশের জন্য বিশাল অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করতে পারবেন। এককভাবে প্রধানমন্ত্রী কিংবা কোনো একটি মন্ত্রণালয়ের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। তাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে মানুষকে স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ এগিয়ে নিতে হবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *