সাম্প্রতিক সংবাদ

প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা

ক.বি.ডেস্ক: ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৯.২ শতাংশ মার্জিন সহ ২৩২.৩ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা (পিএটি) অর্জন করেছে রবি আজিয়াটা। প্রথম প্রান্তিকে রবির মোট আয় হয়েছে ২,৫৩১.২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮.১ শতাংশ বেশি। শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ০.৪৪ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫.২ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক ও অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে ৩৪৯.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। কর, ভ্যাট ও ফি বাবদ সরকারি কোষাগারে ২,০৭৩.৬ কোটি টাকা জমা দিয়েছে।

প্রথম প্রান্তিক শেষে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৭৪ লাখ। ডেটা গ্রাহক ৪ কোটি ৪৫ লাখ এবং ফোরজি গ্রাহক ৪ কোটি ৩ লাখ। গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে রবির একজন ডেটা ব্যবহারকারী প্রতি মাসে গড়ে ৮.৯৫ জিবি ডেটা ব্যবহার করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫.৪ শতাংশ বেশি।

এই প্রান্তিকে রবির সুদ, আয়কর, অবচয় ও অ্যামর্টাইজেশন পূর্ববর্তী আয় (ইবিআইটিডিএ) ৫৩.৩ শতাংশ মার্জিন সহ ১,৩৫০.৩ কোটি টাকায় পৌঁছেছে। আগের বছরের একই সময়ের তুলনায় ইবিআইটিডিএ বেড়েছে ২১.৬ শতাংশ। নেটওয়ার্ক সম্প্রসারণে প্রথম প্রান্তিক শেষে রবির ফোরজি সাইট সংখ্যা ১৯,৩০০ ছাড়িয়েছে, যার মাধ্যমে ৯৮.৯৮ শতাংশ জনসংখ্যার কভারেজ নিশ্চিত হয়েছে। তবে রবি নেটওয়ার্কে ডেটা ব্যবহারকারী প্রতি গড় ডেটা ব্যবহারের হার আগের প্রান্তিকের তুলনায় ৬.১ শতাংশ বেড়েছে।

রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা বলেন,“মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক আর্থ-সামাজিক পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে ওঠার পরও আমরা ৮.১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। নেটওয়ার্ক উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ব্যক্তিকেন্দ্রিক পণ্য ও সেবা ইতিবাচক ফল দিচ্ছে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *