নরওয়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরছে কাগজের বই, স্মার্ট চশমা নিয়েও বাড়ছে নিয়ন্ত্রণ
ক.বি.ডেস্ক: দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে নরওয়ে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছিল আইপ্যাড, ল্যাপটপ ও অন্যান্য ডিজিটাল ডিভাইস। কিন্তু শিক্ষার্থীদের পড়া ও লেখার দক্ষতায় অবনতি দেখা দেয়ায় এবার প্রযুক্তিনির্ভর শিক্ষা পদ্ধতি নিয়ে নতুন করে ভাবছে দেশটি। ডিজিটাল পর্দার পাশাপাশি কাগজের বই, খাতা ও কলমের ব্যবহার ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে নরওয়ে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং ক্যামেরাযুক্ত স্মার্ট চশমার ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়েও কঠোর অবস্থান নিচ্ছে দেশটির সরকার।
তিন বছর আগে নরওয়ের একটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আইপ্যাড সরিয়ে রেখে আবারও খাতা-কলমে পাঠদান শুরু করেছিলেন। এ সিদ্ধান্তের কারণে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তাকে লিখিত সতর্কবার্তাও পেতে হয়েছিল। অথচ সময়ের ব্যবধানে এখন সেই শিক্ষকের নেয়া উদ্যোগের প্রয়োজনীয়তাই উপলব্ধি করছে পুরো দেশ।
নরওয়ের রাজধানী অসলোসহ বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কমপিউটার ও ট্যাবলেটের ব্যবহার বাড়ানো হয়েছে। করোনাভাইরাস মহামারির সময় এ প্রবণতা আরও জোরালো হয়। ২০২৩ সাল থেকে অসলোতে প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে ডিজিটাল ডিভাইস নিশ্চিত করার পরিকল্পনাও নেয়া হয়েছিল।
তবে তৃতীয় শ্রেণির শিক্ষক পাল লুডভিগ ফিনস্টাড শিক্ষার্থীদের পড়া ও লেখার দুর্বলতা কাটাতে প্রচলিত পদ্ধতি থেকে সরে আসেন। তিনি কিছু সময়ের জন্য শ্রেণিকক্ষ থেকে ট্যাবলেট সরিয়ে খাতা ও কলমের মাধ্যমে পাঠদান শুরু করেন। তাঁর মতে, শিক্ষার্থীদের জন্য তখন নতুন শিক্ষাপদ্ধতি প্রয়োগ করা জরুরি হয়ে পড়েছিল। ২০২৪ সালে নরওয়ের সংবাদপত্র ক্লাসেকাম্পেনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। তবে সে সময় বিদ্যালয় প্রশাসন তাঁর সিদ্ধান্তের জন্য তাঁকে লিখিত সতর্কবার্তা দিয়েছিল।
পরিস্থিতির পরিবর্তনে এবার অসলো পৌর কর্তৃপক্ষও প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে ডিজিটাল ডিভাইস রাখার বাধ্যবাধকতা তুলে নিয়েছে। ফলে পাঠদানের উপকরণ নির্বাচনে বিদ্যালয়গুলো আগের তুলনায় বেশি স্বাধীনতা পাচ্ছে।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিলিয়ে ভিন বলেন, সমস্যাটি পর্দার উপস্থিতি নয়, বরং সেটি কীভাবে ব্যবহার করা হচ্ছে। যখন শিক্ষার মূল বিষয়বস্তুর চেয়ে প্রযুক্তির ব্যবহার বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখনই সমস্যা তৈরি হয়। বই যেমন প্রয়োজনীয় শিক্ষার উপকরণ, তেমনি আইপ্যাডও কাজে আসতে পারে। তবে একটি ব্যবহারের অর্থ অন্যটিকে বাদ দেয়া নয়।
নরওয়ে সরকার এখন বিদ্যালয়ে মুঠোফোনের ব্যবহার নিয়ন্ত্রণের সুপারিশ করেছে। পাশাপাশি শিক্ষাক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও ধীরে ধীরে চালুর পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য ছাপানো পাঠ্যবই ব্যবহারের সুযোগ আইনিভাবে নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে সরকার।২০২৪ সালে পর্দার ব্যবহার নিয়ে গঠিত একটি বিশেষজ্ঞ কমিশনের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ লেখা কাগজে পড়লে শিক্ষার্থীরা সাধারণত তা বেশি ভালোভাবে বুঝতে পারে।
শিক্ষার্থীদের দক্ষতা পরিমাপের আন্তর্জাতিক মূল্যায়ন কর্মসূচি পিসা ২০২৫-এর ফলাফলও নরওয়ের জন্য উদ্বেগের কারণ হয়ে ওঠেছে। ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত এ মূল্যায়নে পড়ার দক্ষতা, গণিত ও বিজ্ঞানে নরওয়ের শিক্ষার্থীরা অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাভুক্ত দেশগুলোর গড় ফলাফলের নিচে অবস্থান করেছে। ২০০৬ সালের পর এই প্রথম তিনটি বিষয়েই একসঙ্গে গড়ের নিচে নেমেছে দেশটি। শিক্ষার্থীদের মনোযোগে ডিজিটাল পর্দার অতিরিক্ত উপস্থিতি নেতিবাচক প্রভাব ফেলছে কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে।
শিক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতেও উদ্যোগ নিচ্ছে নরওয়ে। ২০২৪ সালেই শিশুদের সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা ঘোষণা করেছিল দেশটির সরকার। চলতি বছরের শেষ নাগাদ ১৬ বছরের কম বয়সীদের জন্য টিকটক, স্ন্যাপচ্যাট এবং রোবলক্সের মতো ক্ষতিকর হিসেবে বিবেচিত ডিজিটাল প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার প্রস্তাবসংবলিত একটি আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য শিশু-কিশোরদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দেয়া।
এ ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ক্যামেরাযুক্ত স্মার্ট চশমার ব্যবহারও সাময়িকভাবে নিয়ন্ত্রণ করতে চায় সরকার। পার্ক, সমুদ্রসৈকত ও বিদ্যালয়ের মতো কিছু জনসমাগমস্থলে এসব চশমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা রয়েছে।
নরওয়ের সমাজবিজ্ঞানী ও অসলো মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস্টার হিগেন মনে করেন, ডিজিটাল অবকাঠামোর উন্নয়নকে একসময় বিদ্যুৎ আবিষ্কারের মতোই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হতো। কিন্তু প্রযুক্তির দ্রুত প্রসারের প্রতিযোগিতায় এর ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়টি অনেকটা উপেক্ষিত থেকে গেছে। তাঁর মতে, রাজনৈতিক নেতৃত্ব প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারেনি। ফলে জটিল সমস্যার সমাধানে অনেক সময় তড়িঘড়ি করে নেওয়া পদক্ষেপের ওপর নির্ভর করতে হয়েছে।
হিগেন মনে করেন, এখন পর্যন্ত নেয়া পদক্ষেপগুলো সমস্যার গভীরতার তুলনায় যথেষ্ট নয়। ডিজিটাল সেবার আসক্তি তৈরির নকশা, শিশুদের লক্ষ্য করে প্রচারমূলক কার্যক্রম এবং তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মতো বিষয়গুলো আরও বড় পরিসরে মোকাবিলা করা প্রয়োজন। এসব সমস্যার স্থায়ী সমাধানে শুধু নরওয়ের একক উদ্যোগ যথেষ্ট হবে না। প্রয়োজন ইউরোপজুড়ে সমন্বিত নীতিমালা ও কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা।
প্রযুক্তির ব্যবহার বাড়ানোই যে সব সময় অগ্রগতির একমাত্র মাপকাঠি নয়, নরওয়ের সাম্প্রতিক উদ্যোগগুলো যেন সেই বাস্তবতাই সামনে নিয়ে আসছে। ডিজিটাল সুবিধার পাশাপাশি শিক্ষার মান, শিশুদের মানসিক বিকাশ, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করাই এখন দেশটির প্রযুক্তিনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচনা হয়ে ওঠছে।





