সাম্প্রতিক সংবাদ

ডিজিটাল সরকার ও নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইসিটি মন্ত্রীর

ক.বি.ডেস্ক: ডিজিটাল সরকারের কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এবং ডিজিটাল সেবা সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সমন্বয়, দক্ষ জনবল তৈরি এবং কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম।

‘স্থিতিশীল ডিজিটাল সরকারের জন্য সাইবার নিরাপত্তা: নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নেতৃত্বের কৌশলগত সচেতনতা’ প্রতিপাদ্যে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘ই-ফেক্টিভ গভর্ন্যান্স: বাংলাদেশে ই-গভর্ন্যান্স ও ডিজিটাল সরকারি সেবার ত্বরান্বিতকরণ’ প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি) রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিটি সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক। সূচনা বক্তব্য রাখেন এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং, মুঠোফোনভিত্তিক আর্থিক সেবা থেকে শুরু করে ‘এক নাগরিক, এক পরিচয়, এক ওয়ালেট’ সবকিছুই এখন ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভরশীল। এই অগ্রগতি নতুন সম্ভাবনা তৈরি করলেও একই সঙ্গে সাইবার হুমকির ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে।’’

সাইবার নিরাপত্তা নিশ্চিতে তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘‘দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে অবকাঠামো ও প্রযুক্তিব্যবস্থার নকশা প্রণয়নের শুরু থেকেই সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নিরাপত্তাকে পরবর্তী সময়ে যুক্ত করার কোনও বিষয় হিসেবে নয়, বরং অবকাঠামো উন্নয়নের মৌলিক অংশ হিসেবে বিবেচনা করতে হবে। নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করা ডিজিটাল রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শর্ত। এ জন্য কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি ডিজিটাল সেবার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করতে হবে।’’

সাইবার নিরাপত্তাকে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, নীতিনির্ধারণ ও বাজেটের অবিচ্ছেদ্য অংশ করার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘এ লক্ষ্য অর্জনে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে হবে। আমরা প্রতিক্রিয়াশীল মনোভাব থেকে বেরিয়ে এসে প্রতিরোধমূলক সাইবার সংস্কৃতি গড়ে তুলতে চাই। এস্তোনিয়ার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাব।’’

উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘‘ভৌগোলিক সীমানার মতোই ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা করাও বর্তমানে অপরিহার্য। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত প্রস্তুতি, নাগরিকের তথ্যের শতভাগ সুরক্ষা এবং তরুণ প্রজন্মের মেধার যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারের সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকিও প্রতিনিয়ত বাড়ছে। সাইবার অপরাধীদের মোকাবিলায় একই গতি ও আধুনিক প্রযুক্তি নিয়ে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনীয় প্রযুক্তি সরঞ্জাম ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মেধার যথাযথ ব্যবহার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মধ্য দিয়েই একটি সুরক্ষিত ও স্থিতিশীল ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।’’

দুই দিনব্যাপী এ সেমিনারে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, বাংলাদেশের সাইবার ঝুঁকির চিত্র, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এবং সিইআরটি/সিএসআইআরটি কার্যক্রম, সরকারি নেটওয়ার্কের সুরক্ষা, সাইবার হামলা মোকাবিলা, দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। এতে দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

এতে এস্তোনিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান তুলে ধরবেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা তদারকি, সাইবার কূটনীতি, ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং বাংলাদেশের সাইবার স্থিতিশীলতা জোরদারে করণীয় নিয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের আশা, এ সেমিনার নীতিনির্ধারক ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে কৌশলগত সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি ডিজিটাল সেবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় পর্যায়ে সাইবার ঝুঁকি মোকাবিলায় সমন্বিত সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *